Author: Habiganj News

  • সিলেট বিভাগে সর্বোচ্চ ভোট পেলেন মাহবুব আলী

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগে সবোর্চ্চ ভোটের ব্যবধানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দ্বিতীয়বারের এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাহবুব আলী।

    নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩ লাখ ৯ হাজার ৬৫৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ড.আহমদ আব্দুল কাদের ধানের শীষ প্রতীকে ৪৬ হাজার ৬০২ ভোট পেয়েছেন।

    মাধবপুর ও চুনারুঘাটবাসী এবার মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দেখতে চান এ্যাডভোকেট মাহবুব আলীকে।

  • প্রতিবন্ধীর ঘরে বিনা খরচে বিদ্যুতের আলো

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে আবেদনের ২ ঘন্টার মধ্যেই বিদ্যুত সংযোগ পেয়েছেন এক প্রতিবন্ধী পরিবার।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যেগে দ্রুত বিদ্যুত সংযোগ পেলেন ওই পরিবার।

    নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোশারফ হোসেন জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের অসহায় শাররিক প্রতিবন্ধী ফরিদ মিয়া বুধবার সকালে নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুতের আবেদন করেন।

    বিষয়টি মানবিক বিবেচনা করে আবেদনের সাথে সাথেই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বিদ্যুত সংযোগ দেওয়া হয়। বিদ্যুত পেয়ে ফরিদ মিয়া বলেন এত তাড়াতাড়ি সম্পূর্ন বিনা খরচে বিদ্যুত পাব আমি কল্পনাও করিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যেগে শতভাগ বিদ্যুত সংযোগের কাজ শেষ পর্যায়ে। কোন প্রতিবন্ধী,অটিজম, অসহায় পরিবার টাকার অভাবে বিদ্যুত নিতে না পারলে পল্লী বিদ্যুতের সহযোগীতায় তাদের বিদ্যুত সংযোগ দেওয়া হচ্ছে।

  • উপজেলা নির্বাচন মার্চে

    সারাদেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন আগামী মার্চ মাসে করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    আজ বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

    তিনি বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে সময় আছে কেবল মার্চ মাস। তাই এ সময়টাই উপজেলা নির্বাচনের জন্য বেছে নিতে চায় কমিশন। মার্চে নির্বাচন করতে হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকেই তফসিল ঘোষণা করতে হবে।

    এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপেজলায় সড়ক দূর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় সাথে থাকা তা সহপাঠী মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুল ছাত্র গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত স্কুলছাত্র উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর একমাত্র পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে বুধবার সকালে হাবিবুর রহমান বন্ধু মোঘল চাঁদ কে সাথে করে ঘুড়তে তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে কামাইছড়া চা-বাগানের উদ্যেশে বাহির হয়। শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার চক্রামপুর প্রাইমারি স্কুলের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে হাবিবুর রহমান ও মোঘল চাঁদ গুরুতর আহত হয়।

    তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক হাবিবুর রহমান কে মৃত ঘোষণা করেন এবং মোঘল চাঁদ কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা নির্দেশ দেন।

    আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

    কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম হোসেন জানান, শুনেছি একজন মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা রক্ত ছাড়া কোন গাড়ির সন্ধান পাইনি।

  • হবিগঞ্জে দুই এমপির হ্যাটট্রিক!

    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। এখন চলছে জয়-পরাজয়ের নানামুখী বিশ্লেষণ। এই বিশ্লেষণে দেখা যাচ্ছে, হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা জাতীয় সংসদের সদস্য হিসেবে হ্যাটট্রিক করেছেন।

    এই দুই নেতা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান। তাঁরা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই নেতাই জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে টানা তিনটি জাতীয় নির্বাচনে জয় পেলেন তাঁরা।

    মোঃ আবু জাহির ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ী হন।

    এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না থাকলেও জাপার প্রার্থী আতিকুর রহমান আতিকের সাথে নির্বাচন করে জয়ী হন। এবার প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে বিএনপি নেতা জি.কে গউছকে হারিয়ে আবারও সাংসদ নির্বাচিত হয়েছেন জাহির।

    আব্দুল মজিদ খান ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজরিমগঞ্জ) আসনে বিজয়ী হন।

    এর আগে ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে জাপা প্রার্থী শংকর পালকে হারিয়ে সাংসদ হন তিনি। এবার একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী (খেলাফত মজলিশ) মাওলানা আব্দুল বাছিত আজাদকে হারিয়ে ফের সাংসদ হয়েছেন আব্দুল মজিদ।

  • শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

    করাঙ্গীনিউজ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বুধবার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    গত ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ জয়ে টানা তিনবারের মতো সরকার গঠন ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

  • হবিগঞ্জে আহত ১৮ পুলিশকে সহায়তা

    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হবিগঞ্জে আহত ১৮ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (০১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা তার নিজ তহবিল থেকে এ সহায়তা দেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম বজলুর রহমান, রবিউল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হবিগঞ্জে ১৮ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে রয়েছেন- ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল।

    পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

    তবে কি পরিমাণ সহায়তা দেওয়া হয়েছে তা জানানো হয়নি।