Author: Habiganj News

  • উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে

    করাঙ্গীনিউজ: জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই এবার প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

    ২০১৪ সালের মতো এবারও ধাপে ধাপে এ নির্বাচন হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হবে একশোর কাছাকাছি উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

    ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আইনত নির্দলীয় হলেও আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।

    ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে, ওইসব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। আইন অনুযায়ী মেয়াদপূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

    প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

  • হবিগঞ্জে বই উৎসব

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে শুরু হয়েছে বই উৎসব। জেলার ৩শ’ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব শুরু হয়।

    মঙ্গলবার (০১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

    বক্তব্য রাখেন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্কিা উপস্থিত ছিলেন।

    হবিগঞ্জ জেলায় এ বছর ৩শ’ ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ’ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫৫টি বই বিতরণ করা হবে।

  • বিশ্বনাথের সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

    সিলেট প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়ক দূর্ঘটনায় ১ মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহত মাওলানা ফজলুর রহমান জুয়েল (৪৫)। তিনি সুুুুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তাহিদ মিয়ার পুত্র ও সিলেট উপশহর দারুল আজহার মডেল মাদরাসায় শিক্ষক।

    সোমবার দিবাগত রাত রাত ৮টার দিকে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

    আহতরা হলেন- সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার বাসিন্দা শায়েস্থা মিয়া, দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর গ্রামের রহমত আলী ও আবদুল খালিক মানিক, সিলেট জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের নুরুল মিয়া ও বিশ্বনাথ উপজেলার ইশবপুর গ্রামের আনহার আলীর পুত্র সিএনজি অটোরিকশার চালক কয়ছর আহমদ।

    পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে দ্রুতগামীর সুনামগঞ্জমুখী বিরতিহীন যাত্রীবাহি বাস সড়কের লামাকাজী মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার চালক সহ ৬ জন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত মাওলানা ফজলুর রহমান জুয়েলকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

    এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গেইটলক বিরতিহীন যাত্রীবাহি বাস (সিলেট-জ-১১-০৭২১) ও নম্বারবিহীন অনটেস্ট সিএনজি অটোরিকশা জব্দ করেছে।

  • হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের বিগত বার্ষিক সাধারণ সভায় এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক যুগান্তর, একুশে টিভি ও জাগোনিউজ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

    কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু সহ-সভাপতি, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন যুগ্ম সাধারণ সম্পাদক।

    কার্যকরী সদস্যরা হলেন- শামীম আহছান (সম্পাদক দৈনিক খোয়াই), অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ (আমাদের সময়), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মোঃ ফজলুর রহমান (সম্পাদক দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), আব্দুল মঈন চৌধুরী টিপু চৌধুরী (দৈনিক করতোয়া), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শফিকুল আলম চৌধুরী (ভোরের কাগজ), রাশেদ আহমদ খান (সময় টিভি) এবং পদাধিকার বলে সদস্য বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া (সম্পাদক প্রতিদিনের বাণী) ও রাসেল চৌধুরী (দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর টিভি)।

     

  • স্বাগতম ২০১৯, নতুন বছর নতুন স্বপ্ন

    করাঙ্গীনিউজ: মহাকালে মিলিয়ে গেল আরও একটি বছর। পুরনো বছরের সকল জরা-জীর্ণতাকে পেছনে ফেলে পশ্চিম আকাশে মিলে গেল বছরের শেষ সূর্য। সেইন্ট গ্রেগরি প্রবর্তিত ক্যালেন্ডারের হিসাবে ২০১৮ সাল শেষ হয়ে শুরু হলো ২০১৯ সাল। আজ নতুন বছরের প্রথম দিন। নতুন বছরে পা দিয়েছে সমগ্র বিশ্ব।

    আমাদের দেশে ইংরেজি নতুন বছর মানেই শীতের কুয়াশা ভেদ করে আসা নতুন সূর্যকে বরণ করে নেওয়া। উঠোনে বসে নতুন আসা নরম রোদকে সঙ্গী করে পিঠা উৎসবে মেতে ওঠা। নতুন বছর মানেই সবার কাছে নতুন দিনের প্রেরণা, নতুনভাবে জেগে ওঠার মিছিলে শামিল হওয়া, অনিষ্টের বিরুদ্ধে নতুন করে লড়াই করার স্বপ্ন দেখা। তাই পুরনো দিনের গ্লানি ভুলে নতুন বছরে নতুনভাবে অগ্রসর হওয়ার তাগিদেই নতুন সূর্যকে আপন করে নেওয়া প্রয়োজন।

    বছরের শেষ দিনগুলো নির্বাচনী উত্তাপে পার করেছে বাংলাদেশ। এদিকে এবারের ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়তি আনন্দে ভাসবে গোটা দেশ। ইংরেজি নতুন বছর হওয়ায় তুলনামূলক নগরেই আনন্দের রেশটা বেশি।

    ঘড়ির কাঁটায় রাত ১১টা ৫৯ মিনিটের আগেই নতুন বছরকে স্বাগত জানাতে মেতেছে গোটা বিশ্ব। বাংলাদেশের তরুণ-যুবকেরা মেতেছে উৎসবে। থার্টি ফার্স্ট উদযাপনে কড়াকড়ি থাকলেও বাধা মানতে নারাজ নগরবাসী। সন্ধ্যার পর থেকে থেমে থেমে পটকা-আতশবাজি কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশকে করে তুলেছে মোহনীয়। আর তার আগেই ভার্চুয়াল জগৎ ছাড়াও কার্ড, মোবাইলে এসএমএসে শুভেচ্ছা বিনিময়ে প্রিয়জনদের কাছে নতুন বছরের বার্তা পাঠাচ্ছেন সবাই।

  • চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা

    করাঙ্গীনিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ চাইলে একাই সরকার গঠন করতে পারবে।আবার চাইলে ঐক্যমত্যের সরকার গঠন করতে পারবে জোট শরিকদের সঙ্গে নিয়ে।

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার হোক আর মহাজোট সরকার হোক ইতিমধ্যে শপথ নেয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে।নির্বাচন কমিশন ভোটের গেজেট প্রকাশের পরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।আর মন্ত্রিসভা গঠিত হবে চলতি সপ্তাহেই।নতুন মন্ত্রিসভা গঠনের অনানুষ্ঠানিক কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।

    গেজেট প্রকাশের পরই মূলত আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন।

    মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে মন্ত্রিসভা গঠনের দাফতরিক কাজগুলো মন্ত্রিপরিষদ বিভাগ করে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (বিধি ও সেবা) শফিউল আজিম সোমবার যুগান্তরকে বলেন, ‘আমাদের এ সংক্রান্ত ফাইল প্রস্তুত করাই রয়েছে। নির্বাচনের ফলাফলের গেজেট জারি হলে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে।’ যখন নতুনরা শপথ নেবেন তখন অটোমেটিক্যালি বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে বলেও জানান তিনি।

    নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট জারির পর তাদের শপথ পড়ানো হবে। এরপর সংসদ সদস্যরা বৈঠক করে সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। রাষ্ট্রপতি সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো হবে। এরপর সংসদ সদস্যদের ভেতর থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন।

    বঙ্গভবনে রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। এরপর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দফতর বণ্টন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ দফতর বণ্টনের আদেশ জারি করবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়লাভ করেছে। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ আসন। গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২৮৮টি আসনে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে।

    বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ১ ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ১) আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছে ৩টি আসনে।

    এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। ১২ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা।তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওই সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রী ছিলেন। এরা ছাড়াও মন্ত্রীর মর্যাদায় বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন দশম সরকারের ক্যাবিনেটে।

    পরে কয়েক দফা মন্ত্রিসভায় রদবদল আনা হলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৫২ সদস্যের। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছে এটা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার।

    তিনি যাদের চাইবেন তাদেরই জায়গা হবে নতুন মন্ত্রিসভায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য শপথ নিতে আমন্ত্রণ জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে নতুন সদস্যদের জন্য গাড়িও প্রস্তুত রাখবে সরকারি যানবাহন অধিদফতর (পরিবহন পুল)।

    শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।