Author: Habiganj News

  • চলতি বছর সরকারি ছুটি ২২ দিন

    করাঙ্গীনিউজ: মন্ত্রিসভা ২০১৯ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২দিন ছুটি থাকবে। এরমধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। কোনও শুক্র-শনিবার এই ছুটি পড়েনি।
    এর বাইরে খসড়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জন্য ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে।

    শফিউল আলম আরও বলেন, চলতি বছরও ২২ দিন সরকারি ছুটি ছিল। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তাই এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেশিদিন ছুটি ভোগ করতে পারবেন।

    সাধারণ ছুটি
    সাধারণ ছুটির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস, ১৮ মে বুদ্ধপূর্ণিমা, ৩১ মে জুমাতুল বিদা, ৫ জুন ঈদ-উল-ফিতর, ১২ আগস্ট ঈদ-উল-আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৩ আগস্ট শুভ জন্মাষ্টমী, ৮ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

    নির্বাহী আদেশে ছুটি
    ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২১ এপ্রিল শবেবরাত, ২ জুন শবেকদর, ৪ ও ৬ জুন ঈদ-উল-ফিতরের আগে ও পরের দিন, ১১ ও ১৩ আগস্ট ঈদ-উল-আজহার আগে ও পরের দিন এবং ১০ সেপ্টেম্বর আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

    ঐচ্ছিক ছুটি
    ঐচ্ছিক ছুটি, মুসলিম পর্ব: ৪ এপ্রিল শবে মেরাজ, ৭ জুন ঈদ-উল ফিতরের তৃতীয় দিন, ১৪ আগস্ট ঈদ-উল-আজহার তৃতীয় দিন, ২৩ অক্টোবর আখেরি চাহার সোম্বা এবং ৯ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।

    হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি: ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৪ মার্চ শিবরাত্রি ব্রত, ২১ মার্চ দোলযাত্রা, ৩ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২৮ সেপ্টেম্বর মহালয়া, ৭ অক্টোবর দুর্গাপূজা (নবমী), ১৩ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৭ অক্টোবর শ্যামাপূজা।

    খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৬ মার্চ ভস্ম বুধবার, ১৮ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার, ১৯ এপ্রিল পুণ্য শুক্রবার, ২০ এপ্রিল পুণ্য শনিবার, ২১ এপ্রিল ইস্টারসানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

    ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ পর্ব: ১৯ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১৬ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৩ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৩ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

    এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

  • হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্লাব মিলনায়তনে বিদায়ী সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী নবাগত সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক নূরুজ্জামান ভূঁইয়া মামুন, বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদস্য টিপু চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, রাশেদ আহমদ খান, জিয়া উদ্দিন দুলাল, আব্দুল হালিম, মো. ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, নূরুল হক কবির প্রমূখ।

    পরে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্য যায়যায় দিন প্রতিনিধি নূরুল হক কবির।

  • সিলেটে ৭২ ঘন্টায় তিন খুন

    সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগে গত ৭২ ঘন্টায় নির্বাচনী সহিংসতা ও জমি নিয়ে সংঘর্ষে অন্তত ৩ জন খুন হয়েছেন। এর মধ্যে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে এক ছাত্রদল নেতা এবং নতুন বছরের প্রথম দিনেই জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে খুন হয়েছেন আরো দুইজন। স্বল্প সময়ে তিন খুনে সিলেটে চলছে তোলপাড়।

    গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন।

    মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গহরপুর নলজুর গ্রামে সুহেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এদিকে, নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলের দাফন সম্পন্ন হতে না হতেই বছরের প্রথমদিনেই সিলেটের জুড়ী উপজেলায় আরো একটি খুনের খবর আসে। মৌলভীবাজারের জুড়ীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী (৫৫) খুন হন।

    ঘটনাটি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মৌজার হাকালুকি হাওরে ঘটে। এ ঘটনায় আহত হয় উভয়পক্ষের আরো অন্তত ১৫ জন। পুলিশ দুপক্ষের নয়জনকে আটক করেছে বলেও জানা গেছে।

    সুহেলের দাফন আর জুড়ীর খুনের ঘটনায় যখন সিলেটবাসীর মনে উৎকণ্ঠা বিরাজ করছিলো সেখানে ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আসে আরেকটি দুঃসংবাদ। আরো একটি অকাল তরতাজা প্রাণের ঝরে পড়ার খবর। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে চাচা আফতাব মিয়ার হাতে ভাতিজা আনোয়ার মিয়া (৪৫) নিহত হন। আহত হন আরো অন্তত ছয়জন।

    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে ঘটনাটি ঘটে।

    সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর উপজেলার দুটি খুন ছাড়াও ৩০ ডিসেম্বরের ঘটনায় নিহত সুহেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এ বছরের প্রথম দিনেই। এছাড়াও নির্বাচনের ৩দিন আগে গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নির্বাচনী সহিংসতায় খুন হন কান্দিগাও ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে আওয়ামী সমর্থক কুয়েত প্রবাসী কয়সর (৩৫)।

  • চুনারুঘাটে বই উৎসব

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪শ শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামুলে বই বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল উপজেলার শিশু নিকেতন, চুনারুঘাট সদর, চান্দপুর বস্তি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিসিপি হাই স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয় ও তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, উপজেলা আওযামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ,শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ সামাদ, প্রধান শিক্ষক আঃ মতিন, সত্যেন্দ্র দেব, পংকজ নাহা, আব্দুর রহিম, আমিনুল হক, লক্ষী রানী দেব, শেফালী দাশ, ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, আবুল খয়ের, আঃ আউয়াল, মহরম আলী, সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক মিয়া,খুরশেদ আলম ইন্সট্রাক্টর আবুল খায়ের মোল্লা, আবিদা খাতুন, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সাইফুল আলম রুবেল, মতিউর রহমানসহ দলীয় নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বই বিতরণ শেষে প্রতিটি বিদ্যালয়ে নববর্ষের প্রথম দিনে পিঠা উৎসব ছিল আকর্ষনীয়। নানা জাতের পিঠা আর চায়ের আপ্যায়ন ছিল যেন প্রতিযোগিতা।

  • শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ রুমেল মিয়া(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে বাগুনিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী পালিয়ে গেছে।

    পুলিশকে জানায়, সে দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিুছর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

  • কানাইঘাটে মাটির দেয়ালের চাপায় মহিলা নিহত

    কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: কানাইঘাটে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৫২) নামে এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অানুমানিক ১১ টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে।

    নিহত সাহিদা বেগম ওই গ্রামের অাব্দুল মুসব্বিরের স্ত্রী ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাহিদা বেগম নিজ বাড়ির ঘরের পাশে গর্ত খোড়ার সময় ঘরের মাটির দেয়াল ধ্বসে পড়ে গুরুতর অাহত হন। পরে তাকে কানাইঘাট হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

  • নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার পা দ্বি-খন্ডিত

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পা হারালেন বৃদ্ধা সবজান বিবি (৭০)।

    মঙ্গঁলবার বিকেল ৪ টায় উপজেলার নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের আক্রমপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।

    সুত্রে প্রকাশ, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের এরশাদ উল্লার স্ত্রী সবজান বিবি (৭০) ওই সময় সেখানে রাস্তা পারাপার করতে চাচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ শহরতলীর মধ্যবাজারে অবস্থিত সাহেদ ক্লথ ষ্টোরের মালিকের পুত্র মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল।

    বৃদ্ধা সবজান যখন রাস্তা পারাপার করতে চাচ্ছিলেন এ সময়ই মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দেয়। এতে সবজান বিবির ডান পা দ্বি-খন্ডিত হয়।

    আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে সেখানে চিকিৎসার ব্যবস্থা না করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।