Author: Habiganj News

  • সংসদ সদস্যদের শপথ আজ

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত রোববার (৩০ ডিসেম্বর)। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে বেলা ১১টায় শপথ বাক্য পাঠ করবেন নবনির্বাচিত এমপিরা।

    জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সেজেছে সংসদ ভবন। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রস্তুত করা রয়েছে। সংসদ সচিবালয় ইতোমধ্যেই সংসদ সদস্যদের পরিচত্রপত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

    ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ৮ জানুয়ারি গেজেট প্রকাশ হয়। এর পরদিন ৯ জানুয়ারি শপথ গ্রহণ করে নির্বাচিতরা। আর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ২৯ জানুয়ারি।

    এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৯টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২০, বিএনপি ধানের শীষ প্রতীকে ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

  • নবীগঞ্জে ১৩ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট সোপর্দ করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছেন।

    উপজেলার গোপলার বাজার ফাঁড়ির এসআই কাওছার মাহমুদ তোরন জানান- মঙ্গঁলবার সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পান উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের লামরোহ গ্রামের একটি দোকানের পেছনে একদল যুবক জুয়া খেলছে।

    তাৎক্ষনিক তিনি একদল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করেন তারা হল-স্থানীয় লামরোহ গ্রামের মৃত ছাও মিয়ার পুত্র আব্দুল সালাম (৩০) ওয়াহিদ উল্লার পুত্র সুহেল আহমেদ (২৮) মৃত লেবু মিয়ার পুত্র বাবুল মিয়া (৩০) মৃত মছদ্দর আলীর পুত্র রুহেল মিয়া (৩৬)। এ সময় অপর স্থান থেকে রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদ আসে যে একই ইউনিনের শতক গ্রামের রাস্তার পার্শ্বে আরেকটি জুয়ার আসর বসছে। তড়িঘড়ি করে সেখানে গিয়ে আরো ৯ জনকে গ্রেফতার করেন-তারা হল শতক গ্রামের নছর মিয়ার পুত্র কাউছ মিয়া (২৫) আব্দুল করিম মিয়ার পুত্র মহসিন মিয়া (৩৫) শতক (বড়ইতলা) গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩২) আমজাদ মিয়ার পুত্র মিলন মিয়া (৩৫) মুজিব আলীর পুত্র মোশাররফ (৩০) সালামত মিয়ার পুত্র হামিদ মিয়া (৩৫) ছনাওর উল্লার পুত্র আতাউর রহমান (৩৬) আনোয়ার মিয়ার পুত্র ইকবাল হোসেন (২৭) আমির উল্লার পুত্র আনোয়ার মিয়া (৩৭)। পরে তাদেরকে গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসানের কাছে সোপর্দ করলে তিনি ভ্রাম্য আদালতের মাধ্যমে ১১ জনকে জনপ্রতি ১শ টাকা জরিমানা ও সুহেল আহমেদকে এক মাসের সাঁজা ও আব্দুল সালামকে সাত দিনের সাজাঁ প্রদান করেছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোপলার বাজার ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম।

  • হবিগঞ্জে গউছসহ ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি’র প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে প্রধান আসামী করে প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় পৃথক সময়ে মামলাগুলো দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার তৈয়ব আলী, শহরের শায়েস্তানগর এলাকার আওয়ামীলীগ কর্মী মোঃ আশরাফ আহমেদ হারুন ও শহরের যশেরআব্দা এলাকার জনাব আলী।

    মামলার বিবরণে প্রকাশ, গত রোববার নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিকেলের দিকে শহরের জে কে এন্ড এইচ কে স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি’র প্রার্থী আলহাজ্ব জি কে গউছ তার সমর্থকদের নিয়ে হামলা চালান। এ সময় জি কে গউছ আওয়ামী লীগ কর্মীদের মারপিট করে ব্যালট বাক্স ছিনতাইয়ের জন্য তাঁর কর্মীদের নির্দেশ দেন। তার নির্দেশ পেয়ে বিএনপি কর্মীরা কেন্দ্র হামলা চালায় এবং ককটেল বিষ্ফোরণ করে। শুধু তাই নয়, ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

    পরে বিকেল ৩টার দিকে আবার গোপায়া ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুর দেড়টার দিকে শহরের যশেরআব্দা এলাকার সওদার কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা।

    হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মামলার সত্যতা স্বীকার করেছেন।

    এ ব্যাপারে গউছ বলেন- ভোটের দিন প্রশাসন কর্তৃক নিয়োজিত পুলিশের একটি টিম সার্বক্ষনিক আমার সাথে ছিল। আমি পুলিশ টিম ছাড়া এক সেকেন্ডের জন্যও কোথাও যাইনি। তেতৈয়া ভোট সেন্টারে আমি যাইনি, শহরের জেকে এন্ড এইচ কে হাইস্কুলের ভোট সেন্টারের ঘটনার সময় আমি ছিলাম পইল এলাকায়। মামলার ঘটনার সাথে কোন অবস্থাতেই আমি সম্পৃক্ত নই। ভোটের দিন আওয়ামীলীগ যে অপকর্ম করেছে মানুষ তা ঘৃনাভরে প্রত্যাক্ষাণ করেছে। শুধুমাত্র মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফিরানোর জন্যই আমার বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দেয়া হয়েছে।

    তিনি বলেন- আমার উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে তার বিচার আমি হবিগঞ্জবাসীর নিকট দিলাম। আমি আপনাদের কাছে এই অন্যায়ের বিচার চাই। ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় আইনী প্রক্রিয়ার মাধ্যমেই সকল মামলা থেকে আমি মুক্ত হবো।

  • লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

    জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: লাখাই উপজেলার করাব গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এসময় বিপুল পরিমান রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

    সূত্র জানায়, উপজেলার করাব গ্রামের নোয়াহাটি ও মোল্লা বাড়ির দুই গোষ্ঠীর মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংঘর্ষ হয়। এ সময় লাখাই-হবিগঞ্জ সড়কে যানবাহন চলাচাল বন্ধ হয়ে যায়।

    খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হবিগঞ্জ থানার পুলিশ যায়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ৯ পুলিশ সদস্য আহত হয়।

    এছাড়া সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম, লিলু মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, মশিদুল, সুজন মিয়া, নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়। তবে পুলিশের ভয়ে সন্ধ্যার দিকে তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এছাড়াও বাকিদেরকে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

    লাখাই থানার ওসি জানান, ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • ২০১৮ সালে সারা বিশ্বে ৯৪ সাংবাদিক নিহত

    সারা বিশ্বে সাংবাদিকদের জন্য একটি ভয়ংকর বছর ছিল ২০১৮ সাল। কেননা, এ বছরটিতে কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনা আগের কয়েক বছরের তুলনায় বেড়েছে। সারা বছর নিহত হয়েছেন ৯৪ জন সাংবাদিক। এ সংখ্যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

    ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) হিসাবে এ তথ্য ওঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালে ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছর ছিল ৮২ জন। তবে ২০১২ সালে সারা বিশ্বে নিহত হয়েছিল ১২১ জন সাংবাদিক।

    আইএফজে জানায়, চলতি বছরে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক। চলতি বছরে যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক।

    একই সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন সোমালিয়া এবং পাকিস্তানে। সংস্থাটির সভাপতি ফিলিপ লারুথ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘সাংবাদিকদের হত্যা করা হয় কারণ তারা ঘটনার সাক্ষী হিসেবে থাকেন।’

    এ বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    তবে এ হত্যার পেছনে যুবরাজের সম্পৃক্ততা অস্বীকার করেছে দেশটির সরকার। এ বিষয়ে ফিলিপ লারুথের মন্তব্য, ‘জামাল খাসোগি একজন সুপরিচিত সাংবাদিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বে এ রকম ১০টি হত্যাকাণ্ডের নয়টির কোনো বিচার হয়নি।’

    সূত্র: ইন্টারনেট

  • মাহবুব আলীকে চুনারুঘাট প্রেসক্লাবের শুভেচ্ছা

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এমপি নির্বাচিত হওয়ায় এডভোকেট মাহবুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান চুনারুঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তাহেরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

  • কানাইঘাটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

    সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার মোশাহিদ সেতুর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হালিম মিয়া (২০) নামে চলকের বাড়ি ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার তাজপুর গ্রামে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত হালিম উপজেলার নিজ গোবিন্দপুর গ্রামের সফিকুর রহমানের ট্রাক্টরের চালক হিসেবে মাসখানেক থেকে কাজ করছিলো।

    বুধবার মাটি কাটার জন্য ট্রাক্টর নিয়ে বের হলে মোশাহিদ সেতুর পশ্চিম পাশে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ছিটকে পাশের জমিনে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়।