Author: Habiganj News

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আবু জাহিরের শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

    শুক্রবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্য সংসদ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত- ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন এডভোকেট মোঃ আবু জাহির।

    এরপর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এমপি আবু জাহির গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

  • ঢাকা-মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ

    নির্মাণাধীন ব্রিজের পাশের ডাইভারসন রোডে ক্রেনবাহী একটি লরির চাকা দেবে গিয়ে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

    বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে ব্রিজের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷

    জানা যায়, সাতগাঁও চা ফ্যাক্টরির সামনের সড়কে নতুন ব্রিজ তৈরির কাজ চলমান থাকায় ব্রিজের পাশ দিয়ে করা বাইপাস ডাইভারশন রোডে শ্যামলিমা কোম্পানির একটি লরি ক্রেনসহ ডেবে যায়। এরপর থেকে সড়কটিতে দূরপাল্লার গাড়িসহ সব প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ নান্নু মণ্ডল জানান, সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন উদ্ধারের জন্য এসেছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।

  • সৈয়দ আশরাফ আর নেই

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

    ব্যাংককের স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ব্যাংকক সময় রাত সাড়ে ৯টায় আমাদের দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম মারা যান। শনিবার (০৫ জানুয়ারি) তার মরদেহ দেশে আনা হবে বলে জানান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

    হাসপাতালে তার শয্যা পাশে সৈয়দ আশরাফের দুই বোন ও ভাই ছিলেন বলে জানান তিনি।

    জানা যায়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

    দেশে না থেকেও গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নৌকা প্রতীকে জয়ী হন। গত ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে উপস্থিত হতে পারেননি ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ। শপথের জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন তিনি।

    বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে ওই দায়িত্ব পালনের পর এখন তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য।

    জাতীয় চার নেতা ১৯৭৫ সালে কারাগারে নিহত হওয়ার পর যুক্তরাজ্যে চলে যান সৈয়দ আশরাফ। দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জয়ী হন তিনি।

    ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা কারাবন্দি হলে আওয়ামী লীগের যে কয়জন নেতা দলের হাল ধরেছিলেন, তাদের অন্যতম সৈয়দ আশরাফ।

  • নবীগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

    জসিম তালুকদার, নবীগঞ্জ(হবিগঞ্জ): নবীগঞ্জ পুলিশের অভিযানে ২ ওয়ারেন্টভুক্ত আসামী ও ২ মাধদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট ভাকৈর গ্রামের মৃত কয়ছর মিয়া’র পুত্র আঃ হান্নান (২৮), নবীগঞ্জ পৌর এলাকা রাজনগর গামের মৃত আক্কাছ আলীর পুত্র সুরুজ আলী(২৫), গোপলার বাজারের আলমগীর মিয়া(৩৪) ও শাহিন মিয়াকে (৩৫) গ্রেফতার করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • নবীগঞ্জে জাপা নেতা মুরাদের জামিন

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: জামিনে মুক্তিলাভ করেছেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ।

    বৃহস্পতিবার সকালে জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।

    এ আগে গত বুধবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তার আইনজীবী জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

    এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মুরাদ আহমদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

  • শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সোহেল মিয়া (২২) নামের এক যুবকের দু’পা ট্রেনে কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালের দিকে লাউয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছে বলেন- পা হারানো যুবকের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।

    স্থানীয়রা জানান, সকালের দিকে ট্রেন থেকে এক যাত্রী পড়ে যায়। স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান ট্রেনে যুবকের দুই পা কেটে গেছে। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

    ওসি মো. আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনযোগে তার বাড়ি যাচ্ছিলেন। পথে লাউয়াছড়ায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি ট্রেন থেকে পড়ে যান। তার দুই পা ট্রেনের চাকার নিচে পড়ে কেটে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলেছে দিয়েছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।

  • শপথ নিলেন হবিগঞ্জের চার এমপি

    হবিগঞ্জ প্রতিনিধি: শপথ নিয়েছেন একাদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত হবিগঞ্জের চার সংসদ সদস্য।

    বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠন করান।

    জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী শপথ গ্রহণ করেন।

    শপথ শেষে তাঁরা আওয়ামী লীগে পার্লামেন্টারী বৈঠকে অংশগ্রহণ করছেন। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন।

    এর আগে শপথ নিতে বুধবার ঢাকায় যান হবিগঞ্জের চারটি আসনে নবনির্বাচিত এমপিরা। এ সময় তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকা যান।

    প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করে।