Author: Habiganj News

  • মাধবপুরের মাহবুব আলী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য মাহবুব আলী।

    তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

    রবিবার মন্ত্রিসভায় স্থান পাওয়া সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

    মাহবুব আলীসহ সিলেট বিভাগ থেকে এবার পাঁচজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

  • বাদ পড়লেন সিলেটের দুই মন্ত্রী

    সিলেট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামী মেয়াদের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে এই মন্ত্রিসভায় স্থান পাওয়াদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব।

    নতুন মন্ত্রিসভা থেকে সিলেটের দুই মন্ত্রী বাদ পড়েছেন। তাঁরা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি।

    আবুল মাল আব্দুল মুহিত গত দুই মেয়াদের আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। এবার তাঁর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন সিলেট-১ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

    অন্যদিকে, নুরুল ইসলাম নাহিদও গত দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তিনি।

  • সিলেটের ইমরান আহমদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

    সিলেট প্রতিনিধি: সিলেট-৪ আসনের ৬ বারের নির্বাচিত এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত এমপি ইমরান আহমদ নতুন মন্ত্রিপরিষদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

    এ কারণে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা) আসনে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং সর্বস্তরের মানুষজন উল্লাসে ফেটে পড়েন।

    এব্যাপারে আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লেবু জানান, পরিচ্ছন্ন ইমেজ ও সততার কারণে সিলেট-৪ আসনের সুযোগ্য সংসদ সদস্য ইমরান আহমদকে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সরকার।

    ইমরান আহমদ ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায়ে জন্মগ্রহণ করেন। তার বাবার মরহুম ক্যাপ্টেন রশিদ আহমদ এবং মা মরহুমা কামরুন নেছা।

    ইমরান আহমদ ১৯৬৪ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, একই স্কুল থেকে ১৯৬৬ সালে তিনি উচ্চ মাধ্যামিক সার্টিফিকেট এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

    তিনি ১৯৭০ সালে জেমস ফিনলে চা বাগানে তার কর্ম জীবন শুরু করেন। বর্তমানে তিনি নিজের শ্রীপুর চা বাগানে পরিচালনা করছেন। তিনি ১৯৮৬ সালে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

    ইমরান আহমদ ১৯৮৬. ১৯৯১, ১৯৯৬. ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

    এছাড়াও তিনি সপ্তম জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কীয় কমটির সদস্য ছিলেন।

    ইমরান আহমদ বাংলার পাশাপাশি ইংরেজী এবং উর্দূ ভাষায় অত্যান্ত দক্ষ। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে তিনি দক্ষিণ কোরিয়া এবং কাতার সফর করেন।

    তাছাড়া সরকারিভাবে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চিন, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ত্রিনিদাদ, যুক্তরাজ্য, আজারবাইজান, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ক্যামেরুন, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং হল্যান্ড সফর করেন।
    বর্ষিয়ান রাজনীতিবিদ ইমরান আহমদ ব্যাক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ড. নাসরিন আহমদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বর্তমানে তিনি ঢাবির উপ-উপাচার্য্য (একাডেমিক) হিসাবে নিয়োজিত আছেন।

  • কে কোন মন্ত্রণালয় পেলেন

    একাদশ জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

    আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

    ৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন-

    পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি)

    প্রতিমন্ত্রী: শাহরিয়ার আলম (পররাষ্ট্র), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), কামাল আহমেদ মজুমদার (শিল্প), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), মাহবুব আলী (বিমান), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), জাহিদ ফারুক (পানিসম্পদ), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)।

    উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন), এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা)।

    প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

    মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।

    একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

    সূত্র : যুগান্তর

  • অন্যরকম ডলি

    বিনোদন ডেস্ক: স্টেজ শো নিয়ে গত বছর ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনি। নতুন গানে খুব বেশি একটা দেখা যায়নি তাকে। তবে, চলতি বছর অন্যরকম এক ডলিকে আবিষ্কার করতে পারবেন শ্রোতা-দর্শক। কারণ গত বছরের শেষেই তিনি ব্যস্ত হওয়া শুরু করেছিলেন বিভিন্ন ধরনের গানের কাজে। এ বছরজুড়েই গানে ব্যস্ত থাকতে দেখা যাবে ডলিকে। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন এ শিল্পী। এরইমধ্যে নতুন কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এসবের মধ্যে কয়েকটি রয়েছে একক কণ্ঠে।

    আর আসিফ আকবরের সঙ্গেও একটি দ্বৈত গানে কাজ করেছেন তিনি। সামনে এ শিল্পীর সঙ্গে আরো কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। এ বিষয়ে ডলি সায়ন্তনি বলেন, আমি এ বছরটাকে একটু অন্যরকম করতে চাই। সে লক্ষে নতুন বেশ কিছু গান করেছি। এখনো করছি। এগুলো নতুন বছরের শুরুতেই হয়তো প্রকাশ হবে।

    শ্রোতারা আমার নতুন গানের কথা প্রায়ই বলেন। তাদের জন্যই এ গানগুলো করেছি। এরমধ্যে একটি গান করেছি আসিফ আকবরের সঙ্গে। কয়েকটি একক গানও করেছি। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার। এদিকে, মৌলিক এ নতুন গানের বাইরেও আরো একটি প্রজেক্ট হাতে নিয়েছেন ডলি।

    এরমধ্যে নিজের জনপ্রিয় ১০টি গান নিয়ে একটি অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন। এগুলো নতুন সংগীতায়োজনে গাইছেন এ শিল্পী। তাছাড়া এগুলোর ভিডিও তৈরিতেও মনোযোগী হয়েছেন ডলি। এ প্রজেক্টও নতুন বছরে প্রকাশ করবেন তিনি।

    এ বিষয়ে ডলি বলেন, আমার জনপ্রিয় গানগুলো নিয়ে কাজ করার চিন্তাটা অনেক আগের। এখন এর বাস্তব রূপ দেয়ার চেষ্টা করছি। এরইমধ্যে অডিও এবং ভিডিওর কাজ দ্রুত এগিয়ে চলছে। এটা ভক্ত-শ্রোতাদের জন্য অন্যরকম চমক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।

  • ভুল থেকেই অভিজ্ঞতা নিতে চান মিরাজ

    ক্রীড়া ডেস্ক : প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করলেও সিনিয়র ক্রিকেটারদের সামলানোর অভিজ্ঞতা এবারই প্রথম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পাওয়া মেহেদি হাসান মিরাজের প্রথম ম্যাচেও দেখা গেলো কিছু অপরিপক্ক সিদ্ধান্ত।

    বিপিএলের এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের ভুলগুলো থেকেই আরও অভিজ্ঞতা নিতে চান মিরাজ।

    শনিবার (৫ জানুয়ারি) সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে ৮৩ রানের বড় ব্যবধানে হারে মিরাজের রাজশাহী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চের পাশেই দেখা যায় দুই অধিনায়ক আলাপচারিতায় মগ্ন। হয়তো অধিনায়ক হিসেবে নিজের ভুলগুলো নিয়েই অভিজ্ঞ অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা সেরে নেন মিরাজ। যা চলে আসে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও।

    ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বভাবতই আসে নতুন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন। মিরাজও নিজের ভুলগুলো নিয়ে স্পষ্ট বাক্যেই কথা বলেছেন।

    অধিনায়ক মিরাজ নিজের ভুল স্বীকার করে বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য বড় মঞ্চ, ফার্স্ট টাইম এমন বড় জায়গায় অধিনায়কত্ব করেছি। অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছি একটা ম্যাচ থেকে। আমার কোন কোন জায়গায় ল্যাকিংস ছিল, ভুল ছিল; আসলে কিভাবে করতে হবে এটা মাথায় আরও ক্লিয়ার হয়েছে। আপনারা জানেন, আমি আরও দুই আড়াই বছর আগে অধিনায়কত্ব করেছি। অনেক দিন পর এমন চিন্তা-ভাবনা করছি।

    মিরাজ আরো বলেন, ‘আমার যে জায়গায় ল্যাকিংস ছিল সেই জায়গা নিয়ে আমার টিমমেট, কোচ আলোচনা করবেন। অবশ্যই শেখার কোনো শেষ নেই। এটা আমার জন্য বড় মঞ্চ, আমি এখান থেকে নিজেকে কতোটা ম্যাচিউর করতে পারি, এটাই আসলে অনেক বড় ব্যাপার।’

    ‘আমার মনে হয়, আমরা ৩০ রান বেশি দিয়েছি। এই উইকেটে ১৯০ রান তাড়া করা অনেক কঠিন। বল নিচু হচ্ছিল, গ্রিপ করছিল। আমরা যদি ১৬০/১৭০ রানের মধ্যে রাখতে পারতাম আমাদের জন্য সুযোগ থাকতো। আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো করতো তাহলে হয়তো আমরা ভালো একটা স্কোর করতে পারতাম। হয়তো লড়াই করা যেত। ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত খেলতে পারলে এই স্কোরেও হয়তো ফল আমাদের পক্ষে আসতে পারতো’, যোগ করেন রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ।

  • সামরিক হাসপাতালের হিমঘরে সৈয়দ আশরাফের মরদেহ

    রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে নেওয়া হয়েছে।

    শনিবার (০৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ২১ নং বেইলি রোডের বাসভবন থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় সিএমএইচের দিকে।

    এর আগে সন্ধ্যা ৭ থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা সৈয়দ আশরাফের মরদেহ তার বাসায় সব শ্রেণি-পেশার পেশার মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়।

    এ সময় শ্রদ্ধা জানাতে সৈয়দ আশরাফের নিকট আত্মীয় ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাড়াও সরকারি পদস্থ কর্মকর্তারা ছুটে আসেন বেইলি রোডের ওই বাসায়।

    পড়ুন>>শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত সৈয়দ আশরাফ

    শ্রদ্ধা জানাতে সেখানে জমায়েত হন কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার আওয়ামী লীগ নেতা ও সাধারণ মানুষ; যেখানে কেটেছে সৈয়দ আশরাফের শৈশব ও যৌবনের দিনগুলো।

    এ সময় সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পরাজিত হওয়া বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম চুন্নুকেও সেখানে দেখা যায়।

    এর আগে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বেইলি রোডের সরকারি বাসায় তার মরদেহ আনা হয়। তবে এর আগে থেকেই সেখানে ভিড় করেন আওয়ামী নেতা-কর্মী ও তার শুভ্যানুধ্যায়ীরা।

    আওয়ামী লীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা হবে।

    সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও অংশ নেবেন।

    সৈয়দ আশরাফের চাচাতো ভাই সৈয়দ আশফাক টিটু জানান, সংসদ ভবন চত্বরে জানাজা থেকে রোববার দুপুর ১২টায় তার নিজ জেলা কিশোরগঞ্জে নেওয়া হবে। শোলাকিয়া ঈদগাহে দ্বিতীয় জানাজা হবে।

    এরপর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে ময়মনসিংহে; সেখানকার আঞ্জুমান ঈদগাঁহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর রাজধানীর ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।

    সৈয়দ আশফাক টিটু সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বেইলি রোডে তার প্রয়াত বড় ভাইয়ের সরকারি বাসভবনে বাদ আসর কুলখানি ও দোয়া মাহফিল হবে।