Author: Habiganj News

  • ফেলানী হত্যার আট বছর আজ

    করাঙ্গীনিউজ: কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার আট বছর আজ।

    ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে তাকে নির্মমভাবে খুন করা হয়।

    ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ জওয়ান অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী।

    কাঁটাতারে ফেলানীর লাশ ঝুলে থাকার দৃশ্য দেশ-বিদেশের গণমাধ্যমে উঠে এলে সমালোচনার ঝড় ওঠে।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবির মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়।

    ওই বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত।

    বিএসএফের বিশেষ আদালতে মেয়ে হত্যার ন্যায়বিচার না পেয়ে ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন বাবা নুরুল ইসলাম। এখনো মামলাটি বিচারাধীন।

  • উপজেলা নির্বাচনের প্রথম ধাপ মার্চে

    করাঙ্গীনিউজ: এবারও উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। পরিকল্পনা অনুযায়ী, ছয় বা সাত ধাপে ৪৯০ উপজেলায় ভোটগ্রহণ হতে পারে।

    আগামী মার্চে প্রথম ধাপের ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে ইসির। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর ইসি উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

    পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা রয়েছে ইসির।

    উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দেশের সব উপজেলা পরিষদের সর্বশেষ তথ্য ইসিকে জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

    এতে উপজেলার নাম উল্লেখ করে সর্বশেষ নির্বাচনের তারিখ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ এবং প্রথম বৈঠকের তথ্য জানাতে বলা হয়েছে।

    প্রায় একই ধরনের তথ্য দিতে ১০ আঞ্চলিক কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।

    এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে এসএসসি, এপ্রিলে এইচএসসি ও জুনে পবিত্র রমজান বিবেচনায় মার্চ ও মে মাস ভোটগ্রহণের জন্য সুবিধাজনক সময়। তবে এখনও বিষয়টি নিয়ে ইসির সভায় আলোচনা হয়নি।

    তিনি বলেন, কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

    ইসির এক যুগ্ম সচিব জানান, উপজেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

    সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ৯৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই বছরের জুন-জুলাইয়ে সাত ধাপে বাকি উপজেলা পরিষদে নির্বাচন হয়।

  • দীর্ঘ যুগ পর অর্থমন্ত্রীবিহীন সিলেট

    হবিগঞ্জ  নিউজ: যেকোন সরকারেরই উন্নয়নের অন্যতম চালিকা শক্তি অর্থমন্ত্রণালয়। আর গত ১০ বছর সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সিলেটের সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা ১০ বছর তিনি দায়িত্ব পালনকালে সিলেটের উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নকেও অবিশ্বাস্য মাত্রায় নিয়ে যান।

    গত ২৮ বছর ধরে সকল সরকারের আমলেই অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ‘সিলেটী’রা। দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় অন্ত্রমন্ত্রনালয় মানেই সিলেট- এমন ধারণাও তৈরি হয়েছিলো রাজনীতিতে। তবে ২৮ বছর পর এবার এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।

    সোমবার শপথ নিতে যাওয়া মন্ত্রীপরিষদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ আ হ ম মোস্তফা কামাল। ফলে সিলেট থেকে কুমিল্লায় যাচ্ছে অর্থমন্ত্রণালয়।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব নিয়ে সিলেটবাসীর জল্পনার অন্ত ছিল না। অর্থমন্ত্রী নিজেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী চাইলে তিনি আরো কিছু দিন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন। তবে তিনি নিজ থেকে এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
    সিলেট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সিলেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রেখে অবস্থান সুসংহত করে রেখেছেন। এ কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটের মন্ত্রীরা নিজ নিজ অবস্থানে থেকে যেতে পারেন।
    তবে-এবার চমক দেখিয়েছেন জাতিসংঘ মিশনে দীর্ঘদিন দায়িত্বপালনকারী সদ্য নির্বাচিত ড. একে আবদুল মোমেন। তাকে এবার পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে এমন গুঞ্জন ছিল। আর সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। এর কারণ- ড. একে আবদুল মোমেন দেশ-বিদেশে এতদিন বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করেছেন। ফলে তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবেন।

    সব মিলিয়ে ১১টি বাজেট পেশ করেছেন আবুল মাল আবদুল মুহিত। তার চেয়ে বেশি বাজেট বাংলাদেশে একজনই দিয়েছেন। তিনি হলেন বিএনপির অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি দিয়েছেন ১২টি বাজেট।
    গত ১০ বছর ধরে বাজেট দিয়ে আসছেন মুহিত। সর্বোচ্চ সংখ্যক বাজেটের রেকর্ড সাইফুরের থাকলেও টানা বাজেট দেয়ার রেকর্ড কিন্তু মুহিতেরই।
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অর্থমন্ত্রীর জন্মদিনের এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা অর্থমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। আশা করি তিনি হবেন বাংলাদেশের সর্বোচ্চ বাজেট পেশকারী অর্থমন্ত্রী।’
    মুহিত প্রথম বাজেট ঘোষণা করেন ১৯৮২ সালে, হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে। পরের বছরও তিনিই ঘোষণা করেন সরকারের বার্ষিক আয় ব্যয়ের হিসাব।
    ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা ১০ বছর বাজেট ঘোষণা করেন মুহিত।
    জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ১৯৮০ ও ১৯৮১ সালের বাজেট ঘোষণা করেছিলেন বিএনপির প্রয়াত নেতা সাইফুর রহমান। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা পাঁচটি এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবারও টানা পাঁচটি বাজেট ঘোষণা করেন তিনি।

    আবুল মাল আবদুল মুহিত
    সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আব্দুল হাফিজের দ্বিতীয় ছেলে মুহিত ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর অক্সফোর্ড ও হার্ভার্ডে উচ্চ শিক্ষা নেন। ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তিনি।
    ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন মুহিত।
    ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেয়ার কারণে কারাভোগ করা মুহিত ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরুর সময় ছিলেন পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসে কূটনৈতিক দায়িত্বে। জুন মাসে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন তিনি।
    মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালে পরিকল্পনা সচিবের দায়িত্ব পালনের পর ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগে সচিবের হন মুহিত। ১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গিয়ে ‘অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ’ হিসেবে কাজ শুরু করেন ফোর্ড ফাউন্ডেশন ও আইএফএডি-তে।
    দীর্ঘদিন বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করার পর দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন মুহিত।
    মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক উন্নয়ন, ইতিহাস, জনপ্রশাসন রাজনীতি এবং স্মৃতিকথা নিয়ে ২৩টি বই ইতোমধ্যে লিখেছেন মুহিত।

    এম সাইফুর রহমান
    বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী হলেন সাইফুর রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন যিনি সর্বোচ্চ সময়কালীন বাংলাদেশের অর্থমন্ত্রী। তিনি ১৯৮০-৮১, ১৯৯১-১৯৯৫ এবং ২০০২-২০০৬ সালে দীর্ঘ মন্ত্রীজীবনে ডিসেম্বর, ১৯৭৬ থেকে অক্টোবর, ২০০৬ পর্যন্ত তিনটি সরকারের আমলে ১২টি জাতীয় বাজেট পেশ করেছেন। মন্ত্রিত্বের প্রথম তিন বছরে তিনি ব্যবসায় এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন, এবং পরবর্তী ১২ বছর তিনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে, তিনি স্পেনের মাদ্রিদে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুবর্ণ জয়ন্তী সম্মেলনের গভর্ণর নির্বাচিত হন।
    ২০০৫ সালে, রহমানকে একুশে পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়। সাইফুর রহমান ৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় তৎক্ষণাৎ মারা যান।

    শাহ এ এম এস কিবরিয়া
    ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তানের বৈদেশিক বিভাগে যোগদান করে কিবরিয়া পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হয়েছিলেন। ১৯৮১-১৯৯২ সালের মধ্যেকার সময়ে তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন (এসকাপ)-এর প্রধান নির্বাহী ছিলেন। এছাড়াও, অর্থমন্ত্রী হিসেবে কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে এম.পি বা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
    শাহ কিবরিয়া জানুয়ারি ২৭, ২০০৫ তারিখে তার নির্বাচনী এলাকা সিলেটের হবিগঞ্জে গ্রেনেড হামলায় মর্মান্তিকভাবে নিহত হন।
    এবার অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে আ হ ম মোস্তফা কামালের নাম। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ যুগের অবসান ঘটলো বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। সিলেটের বাইরে থেকে অর্থমন্ত্রী পেল দেশ। অবসান হলো এক দীর্ঘ যুগেরও বেশি সময়। আবার অন্য ভাবে বলা যায়, বাংলাদেশকে শক্ত ভিতের ওপর দাড় করিয়ে দিয়েছেন সিলেটের কৃতি সন্তানরা। এবার বাংলাদেশের বিশ্ব জয়ের প্রহর।

  • হবিগঞ্জে কৃষকের বাড়ীতে অগ্নিকান্ড

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামে আব্দুল করিম নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বসতভিটা অল্পের জন্য রক্ষা পেলেও বনের লাছ পুড়ে ছাই হয়ে গেছে।

    রবিবার রাত ৯টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।

    জানা যায়,ওই গ্রামের আব্দুল করিমের বাড়ির আগুন নিভাতে গিয়ে দুই পক্ষের মাঝে
    সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

  • কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করায় আটক ১

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ কুশিয়ারা নদী থেকে রোববার দুপুরে অবৈধভাবে বালু তোলা দুই নৌকাসহ একজনকে আটক করা হয়েছে।

    নবীগঞ্জ ইউএনওতৌহিদ-বিন-হাসান অভিযান চালিয়ে নৌকা ও শ্রমিককে আটক করেন। এ সময় বালু শ্রমিককে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে।

    সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার বলেন, অবৈধ বালু তোলায় তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। কয়েক বছরে প্রায় বিশটি ঘর-বাড়ি ও অর্ধশতাধিক একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

  • ছয় মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী

    হবিগঞ্জ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এ মন্ত্রিসভায় ছয় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

    মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণা অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে সোমবার (৭ জানুয়ারি)। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

  • চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ

    চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইসলাম।

    রোববার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

    এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    এরপর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তার লাশ হেলিকপ্টারে করে ফের ঢাকায় আনা হয়।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় তার লাশ দেশে আনা হয়।