Author: Habiganj News

  • অর্থ-শিক্ষা হারিয়ে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী সিলেটে

    করাঙ্গী নিউজ : অর্থ নেই, শিক্ষাও নেই। নেই রেল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও। এই চার মন্ত্রণালয় সিলেটীদের হাতছাড়া হলেও দেড় যুগ পর মিলেছে পররাষ্ট্র এবং একযুগ পর পরিকল্পনা মন্ত্রণালয়।

    পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত ড. একে আব্দুল মোমেন। জাতিসংঘের সাবেক এ স্থায়ী প্রতিনিধি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সহোদর।
    পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। সাবেক এ আমলা সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

    আর নতুন করে প্রথমবারের মতো সিলেটের ঝুলিতে এসেছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহাব উদ্দিন পাচ্ছেন এ মন্ত্রণালয়। তিনি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেছেন।

    নতুন মুখ হিসেবে প্রথম প্রতিমন্ত্রীর স্বাদ পেতে যাচ্ছেন আরও দুই সিলেটী। তাদের একজন হলেন সিলেট-৪ আসন থেকে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ। তিনি পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অপরজন হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মাহবুব আলী। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি।

    আর দীর্ঘ প্রায় ৩ দশক পর সিলেটের হাত ছাড়া হলো অর্থমন্ত্রণালয়। সরকারের গত দুই মেয়াদে এই মন্ত্রণালয়ের টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত।

    এছাড়া তিন মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী কমিটির সদস্য সিলেট-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয়ে তার স্থলাভিষিক্ত করা হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনিকে।

    অর্থমন্ত্রী আগেই রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও নাহিদ অনুসারীরা এখনো আশার বুক বেঁধে রয়েছেন তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে। নাহিদের পক্ষে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশার সুর ভাসাচ্ছেন।

    এছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনের পর রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত। আর গেলো সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মোহাম্মদ মহসীন আলী।

    তার মৃত্যুর পর এই মন্ত্রণালয়টিও সিলেটের হাত ছাড়া হয়। ফলে এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ ও শিক্ষা হারালেও পূর্ণ তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মাধ্যমে দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন বৃহত্তর সিলেটবাসী।

  • সিলেটের চা বাগানে চলছে ‘বিকল্প ছুটি’

    করাঙ্গী নিউজ : সিলেট বিভাগের বালিশিরা ভ্যালির ৬৩টি চা বাগানে চলছে শ্রমিকদের ‘বিকল্প ছুটি’। চা বাগান মালিকপক্ষ গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের বিকল্প ছুটি বাতিল ঘোষণার প্রতিবাদে সোমবার (৭ জানুয়ারি) ৬৩টি চা বাগানে ‘বিকল্প ছুটি’ অনুষ্ঠিত হচ্ছে।

    চা বাগান সূত্র জানায়, চা বাগানগুলোর সাপ্তাহিক ছুটি প্রতি রোববার। কোনো কারণে যদি রোববার জাতীয় ছুটি পড়ে তাহলে পরেরদিন সোমবার সেই ছুটিটি শ্রমিকরা মজুরিসহ ভোগ করেন। কিন্তু এক্ষেত্রে মালিকপক্ষ জাতীয় নির্বাচনের বিকল্প ছুটিটি মঞ্জুর করেনি।

    তবে হোসেনাবাদ চা বাগান, এমআর খান চা বাগান, নন্দরানী চা বাগানসহ কয়েকটি চা বাগানে শ্রমিকরা জাতীয় নির্বাচনের বিকল্প ছুটিটি মজুরিসহ ভোগ করে সোমবার যথারীতি কাজ করছেন।

    ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন সরকারি ছুটি ঘোষণা করায় চা বাগানগুলোর শ্রমিকরা ওই দিনের সাপ্তাহিক ছুটিটি সোমবার (৭ জানুয়ারি) মজুরিসহ বিকল্প ছুটি হিসেবে কাটাচ্ছেন।

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শ্রমিক নেতা রামভজন কৈরী বলেন, আমরা বছরে ছুটি পায় মাত্র ১৪টি। আমাদের চা বাগানের শত বছরের রেওয়াজ হলো রোববার যদি কোনো ছুটি পড়ে যায়, তবে সেই সাপ্তাহিক ছুটির বিকল্প ছুটির পরেরদিন সোমবার ভোগ করেন শ্রমিকরা। এ প্রথাটিই চলে আসছে যুগ যুগ ধরে এবং এটি আমাদের শ্রম আইনেও স্বীকৃত।

    রামভজন কৈরী আরও বলেন, এছাড়া আমাদের দ্বিপাক্ষিক চুক্তিতেও উল্লেখ আছে যে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে শ্রমিকরা মজুরিসহ ছুটি ভোগ করবেন। জাতীয় নির্বাচন যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধের দিন অর্থাৎ রোববার অনুষ্ঠিত হয়েছে, তাই পরেরদিন সোমবার চুক্তি অনুযায়ী আমাদের চা শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। এরই প্রতিবাদে সোমবার (৭ জানুয়ারি) ৬৩টি চা বাগানে ছুটি নিয়েছেন শ্রমিকরা।

    এর আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি রোববার হওয়ায় আমরা পরেরদিন সোমবার সেই বিকল্প ছুটিটি মজুরিসহ ভোগ করি বলে জানান রামভজন কৈরী।

    কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিচালক (ডিআইজি) আবু ইউসুফ জানান, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন সরকারি ছুটি যেহেতু রোববার পড়েছে তাই তারা হয়তো সেদিনের সাপ্তাহিক ছুটির বিকল্প ছুটিটা পাবেন না। কয়েকজন শ্রমিক ছুটির ব্যাপারে আমার কাছে আবেদন করেছেন। ওই আবেদনটা যাচাই-বাছাইয়ের জন্য শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

    মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিআইজি আবু ইউসুফ।

  • হবিগঞ্জে যুবদল-ছাত্রদলের ১০ জনকে শোনএ্যারেষ্ট

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি- সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলায় শোনএ্যারেস্ট দেখানো হয়েছে।

    সোমবার দুপুরে যুবদলের সভাপতি ও রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীসহ ১০ নেতাকর্মীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের আদালতে হাজির করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক মামলায় শোন এ্যারেস্টেও আবেদন করলে দীর্ঘ একঘন্টা শুনানী শেষে বিচারক তাদেরকে ওই মামলায় শোন এ্যারেস্ট দেখায়।

    আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট আলহাজ্ব সালেহ আহমেদ, আব্দুল হাই, আব্দুল আজিজ, কামাল উদ্দিন সেলিম ও মোজাম্মেল হক ফয়সলসহ ২০ জন আইনজীবি শুনানীতে অংশ নেন। রাষ্ট্রপক্ষের সিএসআই বিরোধীতা করেন।

  • চুনারুঘাটে গাঁজাসহ আটক ১

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান থেকে স্বর্ণ বুনার্জি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    এ সময় তার কাছ থেকে এক গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রাখাল বুনার্জির পুত্র।

    সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

    এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • চুনারুঘাট-মাধবপুরবাসী এ পর্যন্ত মন্ত্রী পেল ৪ জন

    ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট (হবিগঞ্জ): চা-বাগান ও পাহাড় অধ্যুষিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনটি বরাবরের মতো এবারো মন্ত্রীর মর্যাদায় আসিন হলো। ইতিপূর্বে এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর ৩ জন মন্ত্রীর পর ২০১৯ সালের আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটে নির্বাচিত এ্যাডভোকেট মাহবুব আলী। তাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

    এতে চুনারুঘাট-মাধবপুর তথা হবিগঞ্জবাসী মহাখুশি। একজন প্রতিমন্ত্রী হিসেবে এ্যাডভোকেট মাহবুব আলী সোমবার যথারীতি শপথ নিয়েছেন।

    এপর্যন্ত চুনারুঘাট-মাধবপুর আসনে ৪ জন মন্ত্রী হলেন।

    উল্লেখ্য যে, ১৯৮১সালে জিয়াউর রহমান ও আব্দুস ছাত্তার শাসিত সরকারের আমলে এ আসন থেকে জনশক্তি ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মরহুম সৈয়দ মহিবুল হাসান। পরে তাকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তিনি চুনারুঘাট সদর ইউপির নরপতি হাবিলির বাসিন্দা।

    ১৯৮৮সালে এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া (ইটাখোলার) বাসিন্দা সৈয়দ মোঃ কায়সার। তিনি বর্তমানে মানবতা বিরোধী অপরাধে কারান্তরিন আছেন।

    ২০০৯সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন পান চুনারুঘাটের উবাহাটা ইউপির কুটিরগাঁও গ্রামের মরহুম এনামুল হক মোস্তফা শহীদ। তিনি এ আসন থেকে ৬ বার এমপি নির্বাচিত হয়েছিলেন।

    একইভাবে আওয়ামী লীগ সরকারের দু’বারের এমপি এ্যাডভোকেট মাহবুব আলী ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা।

    বর্তমানে মাধবপুর উপজেলা সদরে বসবাস করছেন। এক কথায় এ আসনবাসী ৩ জন প্রতিমন্ত্রী ও ১ জন পূর্ণমন্ত্রী পাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২ জন মাধবপুরের ও ২ জন চুনারুঘাটের।

  • হবিগঞ্জে ‘প্রাইমফুড’দোকানে এসি বিস্ফোরণ

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণ হয়ে ঝন্টু দাস (৩৫) নামের এক মিষ্টি কারগির দগ্ধ হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের আরডি হল রোডে ‘প্রাইমফুড’ ব্যবসা প্রতিষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে।

    হবিগঞ্জ দমকল বাহিনীর টিমলিডার আব্দুল হাই জানান, ‘প্রাইমফুড’ ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বিকট শব্দে একটি এসি বিস্ফোরিত হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে থাকা কর্মচারী ঝন্টু দাস দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    তিনি আরও জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কি কারণে এসিটি বিস্ফোরিত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তের পর জানা যাবে।

  • আইনজীবি থেকে মন্ত্রী মাহবুব আলী

    নিজস্ব প্রতিনিধি: মাহবুব আলী ১৯৬১ সালে ১৭ জানুয়ারি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম মৌলানা আসাদ আলীও ছিলেন একজন জন প্রতিনিধি।

    আসাদ আলী ১৯৭০ সালে আওয়ামীলীগ মনোনীত প্রাদেশিক পরিষদের মাধবপুর এলাকার সদস্য হিসেবে নির্বাচিত হন।

    স্বাধীনতার পর জাতীয় ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে গঠিত কনষ্টিটুয়েন্টসি এসেমব্রির মেম্বার (এমসিএ) হিসেবে প্রতিনিধিত্ব করেন।

    ব্যক্তিজীবনে ৫ ভাই ২ বোনের মধ্যে মাহবুব আলী ৪র্থ। তিনি স্থানীয় উম্মেতুন্নেছা হাইস্কুল থেকে এসএসসি পাশ করার পর ব্রাক্ষনবাড়িয়া সরকারি কলেজ থেকে ইন্টারমেডিট ও বিএ পাশ করেন। তিনি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্ধিতা করেন।

    এলএলবি পাশ করার পর তিনি ১৯৯৬ সালে হাইকোর্টে আইন পেশায় যোগ দেন।

    ২০০৩ সালে তিনি সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত হন। মাহবুব আলী সহকারি এর্টনী জেনারেলের দায়িত্বও পালন করেছেন ১৯৯৬ সালে।

    বর্তমানে তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক।তাঁর বড় ভাই এডভোকেট ফজলে আলী হবিগঞ্জের একজন সিনিয়র আইনজীবি। তিনি বার এসোসিয়েসশনের সাবেক সভাপতি ও সাবেক পিপি।

    মাহবুব আলী ২ কন্যার জনক। স্ত্রী শামীম জাফরিন গৃহিনী। বড় মেয়ে তানজি রাহবার অষ্ট্রেলিয়ায় আন্তজার্তিক সম্পর্ক বিষয়ে পড়াশুনা করছেন। ছোট মেয়ে তাহরিনা জাফরিন আইনের ছাত্রী।

    একাদশ সংসদ নির্বাচনের পর হবিগঞ্জ জেলার ৪টি আসনের নির্বাচিত সাংসদ এডভোকেট মোঃ মাহবুব আলীকে মন্ত্রী করার দাবি করেছিলেন সংশ্লিষ্ট আসনের সমর্থক ও নেতাকর্মীরা। নির্বাচনের পর দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকেই জেলাবাসীদের মধ্যে আলোচনায় ছিল এবার কে স্থান পাচ্ছেন মন্ত্রীসভায়।

    ৪ সাংসদই অধীর অপেক্ষায় ছিলেন কখন ফোন আসে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। সব জল্পনা কল্পনা শেষে বছরের শুরুতে নতুন সরকারের মন্ত্রীসভায় স্থান পেলেন এডভোকেট মাহবুব আলী এমপি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মাওলানা আসাদ আলীর ছেলে অ্যাডভোকেট মাহবুব আলী।

    হবিগঞ্জ-৪ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া ক্লিন ইমেজের এ রাজনীতিবিদকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

    রোববার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এদিকে, টিভি ও অনলাইন পোর্টালে মন্ত্রীদের তালিকা খবর ছড়িয়ে পড়লে মাহবুব আলীর সংসদীয় এলাকা মাধবপুর ও চুনারুঘাটসহ পুরো জেলাবাসী আনন্দে ফেটে পড়েন। একে অপরকে মিষ্টিমুখ করান তার শুভানুধ্যায়ী ও সমর্থকরা। তারা একজন নির্লোভ ও সৎ ব্যক্তিকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

    সোমবার বিকেল সাড়ে তিনটায় নব নিযুক্ত মন্ত্রীদের শপথ নেওয়ার কথা রয়েছে।