Author: Habiganj News

  • চুনারুঘাটে মহিলাসহ গ্রেফতার ১২

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ২০টি ওয়ারেন্টভূক্ত মহিলাসহ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নির্দেশনায় ওসি (তদন্ত ) আলী আসরাফ এর নেতৃত্বে বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

    আসামীরা হল- শাহেনা বেগম (৩৫), গবিন্দ মুন্ডা(২৯), লিটন মুন্ডা(২৮), মোঃ ছিদ্দিক আলী (৩০), সালেহ উদ্দিন(৩০), স্বর্ণ বনার্জি(২৫) সফর আলী (৬০), আফছর আলী(৩৮), শফর আলী (৪৮), নুরুল হক(৩২),মোঃ রিপন মিয়া(২৮), সুহেল মিয়া (৩৬)।

  • বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ আটক ২

    বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শাহাবাজপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের মৃত হেরাইয়া মালের ছেলে গোপাল মাল (২৮) এবং বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের আপনা মানরাজির ছেলে উজ্জল মানরাজি (২৫)।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশ শাহবাজপুর বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, ‘আটককৃতরা পেশাদার ইয়াবা বিক্রেতা। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

  • যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ‘প্রত্যাহার করেছেন’ ড. মোমেন

    করাঙ্গীনিউজ: দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন।’

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    ড. মোমেনের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। তবে সেটা তিনি প্রত্যাহার করেছেন বলে আজ জানিয়েছেন।

    মার্কিন নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করা হলে মোমেন বলেন, ‘আমি সেটি প্রত্যাহার করেছি। আমি বাধ্য হয়ে মার্কিন নাগরিক হয়েছিলাম।’

    নতুন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।’

    এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।

  • বিমান বন্দরকে পরিপাটি করে তুলতে হবে

    করাঙ্গীনিউজ: নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান ও বিমান বন্দর একটি দেশের ড্রয়িং রুম ও গেটওয়ে, তাই এ দুটোকে দৃষ্টিনন্দন ও পরিপাটি করে তুলতে এবং বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

    তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী জাতীয় পতাকাবাহী বিমানে যাতায়ত করতে চায়, বিমান কর্তৃপক্ষকে তাদের স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বিদেশমুখী পর্যটকদের দেশমুখী করতে অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

    মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

    অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

    স্বাগত বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

    সোমবার শপথ গ্রহণ করে প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে আসলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান, অতিরিক্ত সচিব মো.ইমরান, মিজানুর রহমান, মোকাব্বির হোসেন, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির সিইও জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বিমানের এমডি এম মোসাদ্দিক আহমেদ, হিলের এমডি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, মাহবুব আলী একাদশ জাতীয় সংসনদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

  • চুনারুঘাট বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নাজমা আক্তার সভাপতি ও রাবিয়া খাতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার সকাল ১১টায় বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯২টি বিত্তহীন সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন- উপজেলা (পজীপ) বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ রফিউল করিম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম (ফটিক), উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এমরানুল হক, বিআরডিবি (পজীপ) হিসাব রক্ষক রুবেল আহমেদ, সোহেল রানা, হিসাব রক্ষক মোঃ ফাহমিদা আক্তার, মাঠকর্মী জলি আক্তার, শুধাংশু দেব, অঞ্জন কুমার দেব প্রমুখ।

    উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নয়ানী বড়বাড়ি মঃবিঃ সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমা আক্তারকে সভাপতি, ইনাতাবাদ মঃবিঃ সমবায় সমিতি লিঃ এর সভাপতি রাবিয়া খাতুনকে সহ-সভাপতি, দিপালী রানী শীল উবাহাটা, আছকিরা খাতুন রাজলক্ষীপুর, আছমা আক্তার উত্তর বালিয়ারী, করফুলনেছা চান্দপুর বস্তি, মিনারা খাতুন ডিমাগুরুন্ডা, লিজা আক্তার দক্ষিণ পাকুড়িয়া ০৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

    নির্বাচিত সদস্যগণ আগামী তিন চুনারুঘাট উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব পালন করবেন।

  • ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল মোকাবেলা করবেন তথ্যমন্ত্রী

    করাঙ্গীনিউজ: ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল মোকাবেলা করবেন তথ্যমন্ত্রী
    সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল (সংবাদমাধ্যম) মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

    মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী একথা বলেন। চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়ে গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

    মঙ্গলবার সচিবালয়ে প্রথম অফিসে আসেন আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক। যদিও ২০০৯ সালের মন্ত্রিসভায় পরিবেশ ও বনমন্ত্রী ছিলেন তিনি।

    তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল শপথ নেয়ার পর অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করেন। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবেলা করব।’

    তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন।’

    ‘বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে। চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন’-বলেন হাছান মাহমুদ।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।’

    তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের (সাংবাদিক) সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি।’

  • মাহমুদউল্লাহদের ১৯৩ রানের টার্গেট দিলেন সাকিবরা

    করাঙ্গীনিউজ ডেস্ক: ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন সুনিল নারাইন ও হযরতউল্লাহ জাজাই। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছিলেন রনি তালুকদার। তাদের দেখানো পথ অনুসরণ করে রানের ফোয়ারা ছোটালেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। তাতে বড় সংগ্রহ পেল ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসকে ১৯৩ রানের টার্গেট দিল সাকিব বাহিনী।

    টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নারাইন ও জাজাই। ব্যাটকে তলোয়ার বানিয়ে আলি খান-শরিফুলদের কচুকাটা করে ছাড়েন তারা। তাতে উল্কার গতিতে ছুটে ঢাকা। তবে হঠাৎ কক্ষচ্যুত হন নারাইন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডেভিড উইজের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি।

    পরে ক্রিজে এসে পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করেন রনি তালুকদার। স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারেননি রনি। মাহমুদউল্লাহর বলে আরিফুল হকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন ডানহাতি ব্যাটার।

    খানিক বাদেই থামে হযরতউল্লাহ জাজাই টর্নেডো। ব্যাক টু ব্যাক ঝড়ো ফিফটি তোলে ফেরেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেন ৪১ বলে ৪ চারের বিপরীতে ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। এবার থামেন ৫৭ রানে। পার্টটাইমার পল স্টার্লিংয়ের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগুনে ফর্মে থাকা এ আফগান। সাজঘরের পথ ধরার আগে ৩৬ বলে ৩ চারের বিপরীতে ৫ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।

    জাজাইয়ের দেখানো পথে হাঁটতে পারেননি সাকিব। স্টার্লিংয়ের বলে শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডার না পারলেও নারাইন, রনি, জাজাইয়ের দেখানো পথ অনুসরণ করে রানের ফোয়ারা ছোটান পোলার্ড ও রাসেল। তাতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ঢাকা।

    তবে হঠাৎই খেই হারান পোলার্ড। আলির ফুলটস বল ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রানের সাইক্লোন ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার।

    সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাসেল। কয়েক মিনিটের ব্যবধানে ফেরেন তিনি। ডেভিড উইজের বলির পাঁঠা হয়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ২২ বলে ৩ ছ্ক্কায় ২০ রান করেন এ ওয়েস্ট ইন্ডিয়ান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৩ রান করতে সক্ষম হয় সাকিবের দল। শুভাগত হোম ১১ ও নুরুল হাসান ৯ রানে অপরাজিত থাকেন।