Author: Habiganj News

  • সিলেটে লিফট ছিঁড়ে আহত ২

    সিলেট প্রতিনিধি: সিলেটে নির্মাণাধীন ভবনের লিফটের তার ছিঁড়ে রশিদ মিয়া (২৫) ও আলী আসকর (২২) নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

    বুধবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরের সোবাহানিঘাটে নির্মাণাধীন পুপুলার সেন্টার অ্যান্ড হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের সহকর্মী প্রত্যক্ষদর্শী মিলন মিয়া জানান, ভবনের ৫ম তলায় লিফটে কাজ করছিলেন লিফট মিস্ত্রি রশিদ ও আসকর। এমন সময় লিফটের রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই ফারুক আহমদ জানান, আহতদের মধ্যে রশিদের মাথায় আঘাত লেগেছে, তার অবস্থা গুরুতর।

  • নরসিংদীতে কালনী ট্রেনের ইঞ্জিন বিকল

    করাঙ্গীনিউজ: নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকাগামী, চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে ট্রেনের যাত্রীরা।

    বুধবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

    কালনী ট্রেনের যাত্রীরা জানান, নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হয়। পথে ঘোড়াশালে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ভোগান্তির ফলে অনেকই বাসে করে ঢাকা যাচ্ছেন।

    নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর ১টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    এর ফলে নরসিংদী স্টেশনে আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার, আমিরগঞ্জ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

  • চিটাগংকে হারিয়ে সিলেটের প্রথম জয়

    করাঙ্গীনিউজ ডেস্ক: হারে বিপিএল মিশন শুরু হয়েছিল সিলেট সিক্সার্সের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পরাজিত হয়েছিল সিক্সার্সরা। ফলে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছিল তারা। সেই লক্ষ্যে ডেভিড ওয়ার্নার ও নিকোলাস পুরানের ঝড়ো ফিফটিতে চিটাগং ভাইকিংসকে ১৬৯ রানের টার্গেট দিয়েছিল ‘চায়ের দেশের’ দলটি।

    সেই টার্গেট তাড়া করতে পারলেন না মুশফিক বাহিনী। ১৬৩ রান করতে সক্ষম হলেন তারা। ফলে শ্বাসরূদ্ধকর ম্যাচে ৫ রানের জয় নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন ওয়ার্নাররা। এবারের আসরে এটিই তাদের প্রথম জয়।

    সিলেট সিক্সার্সের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চিটাগং ভাইকিংস। তাসকিন আহমেদের বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন ক্যামেরন ডেলপোর্ট। অনিন্দ্যসুন্দর খেলছিলেন তারা। তাতে দুরন্ত গতিতে ছুটছিল চিটাগং। তবে হঠাৎই ছন্দ হারান ডেলপোর্ট। সিঙ্গেল নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তিনি। ফেরার আগে ২২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেন এ ওপেনার।

    সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি আশরাফুল। ২৩ বলে ৩ চারে ব্যক্তিগত ২২ রানে ফেরেন তিনি। খানিক বাদেই অলক কাপালির শিকার হয়ে ফেরেন মুশফিকুর রহিম। অধিনায়ক ফিরলে তাৎক্ষণিক পথ হারায় চট্টলার দলটি। এর জের না কাটতেই কাপালির দ্বিতীয় শিকার বনে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। যা বন্দরনগরীর দলটির জন্য বড়সড় ধাক্কা হয়ে আসে।

    সেই বিপর্যয়ের মধ্যে রোবটের মতো চেষ্টা করেন সিকান্দার রাজা। মাঝপথে দুর্দান্ত ব্যাট করেন তিনি। সিলেট বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালান এ জিম্বাবুইয়ান। তবে ২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭ রানের টর্নেডো ইনিংস খেলে ফিরলে থেমে যায় চাটগাঁওয়ের দৌড়। পরক্ষণেই তাসকিনের তৃতীয় শিকার হয়ে ফেরেন নাঈম।

    শেষদিকে প্রবল চেষ্টা করেন ফ্রাইলিংক। তাতেও কাজ হয়নি। কেবল হারের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় মুশফিকের দল। ২৪ বলে ১ চারের বিপরীতে ৪ ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন ফ্রাইলিংক। অপরপ্রান্তে যোগ্য সমর্থন না পাওয়ায় অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেও পরাজিত দলের সদস্য হয়ে থাকেন এ অললাউন্ডার।

    বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক ওয়ার্নার। তবে শুরুটা শুভ হয়নি তাদের। সূচনালগ্নেই ঘাড়ে চেপে বসে অশুভ ভূত। অযাচিত শট খেলে আসেন আর যান টপঅর্ডাররা। ইনিংসের শুরুতে রবি ফ্রাইলিংকের বলে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস।

    প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে নাঈম হাসানকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাসির হোসেন। ফলে ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তনটা সুখের হয়নি। মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দেয়ার আগে মাত্র ৩ রান করেন মিস্টার ফিনিশার। সেই রেশ না কাটতেই ফ্রাইলিংকের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হার্ডহিটার সাব্বির রহমান।

    ৬ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারালে চাপে পড়ে সিলেট। সেই পরিস্থিতিতে শক্ত হাতে দলের হাল ধরেন আফিফ হোসেন। প্রথমে ওয়ার্নারের সঙ্গে চাপ কাটিয়ে ওঠেন তিনি। পরে শাসাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। দারুণ খেলছিলেন এ তরুণ। তবে হঠাৎই পথচ্যুত হন। খালেদ আহমেদের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে খেলেন ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ রানের নান্দনিক ইনিংস।

    একে একে ফিরে গেলেও একপ্রান্ত আগলে থেকে যান ওয়ার্নার। প্রথমে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বের হন তিনি। ছোটাতে থাকেন রানের ফোয়ারা। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন নিকোলাস পুরান।

    পথিমধ্যে ফিফটি তুলে নেন ওয়ার্নার। প্রথমবারের মতো খেলতে এসেছেন বিপিএলে। সেই হিসেবে এ টুর্নামেন্টে এটি তার প্রথম ফিফটি। তবে ফিফটির পর খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। ফ্রাইলিংকের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন অজি ওপেনার। তিনি থামেন ৪৭ বলে ২ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৫৯ রানে।

    পরে শুধু চলেছে পুরান শো। ব্যাটকে তলোয়ার বানিয়ে চিটাগং বোলারদের কচুকাটা করে ছাড়েন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে সিলেট। ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন পুরান। ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় এ ইনিংস সাজান তিনি। অপরপ্রান্তে ২ রানে অপরাজিত থাকেন অলক কাপালি।

  • আজমিরীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালছৈও বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার সকালে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে সীমা ফার্মেসীকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে মা টেলিকম এন্ড কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    ওজনে কম দেওয়ার দায়ে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাড়ি পাল্লা ও বাটখারা জব্দ করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কাকালছৈও নৌ-ফাড়ি পুলিশের একটি টিম।

    অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

  • টস জিতে ব্যাটিংয়ে সিলেট

    করাঙ্গীনিউজ ডেস্ক: হারে এবারের বিপিএল মিশন শুরু হয়েছে সিলেট সিক্সার্সের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পরাজিত হয়েছে সিক্সার্সরা। ফলে প্রথম জয়ের খোঁজে ‘চায়ের দেশের’ দলটি। সেই লক্ষ্যে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

    জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করেছে চিটাগং। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়েছে বন্দরনগরীর দলটি। জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ভাইকিংসরা।

    সিলেটের হয়ে বিদেশি খেলোয়াড় খেলছেন ডেভিড ওয়ার্নার, নিকোলাস পুরান, সন্দীপ লামিচানে ও মোহাম্মদ ইরফান। অন্যদিকে চিটাগংয়ের হয়ে বিদেশি ক্রিকেটার খেলছেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিংক ও সিকান্দার রাজা।

    সিলেট সিক্সার্স: লিটন দাস, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলক কাপালি, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, আল-আমিন হোসেন ও মোহাম্মদ ইরফান।

    চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, মোসেদ্দক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

  • চুনারুঘাটে যুবতীর লাশের পরিচয় সনাক্ত

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড় থেকে যুবতীর লাশ উদ্ধারের তিন দিন পর পরিচয় পাওয়া গেছে।

    বুধবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- এঘটনায় নিহতের মা সন্ধ্যা রানী বাদী হয়ে চুনারুঘাট থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এর আগে মঙ্গলবার (৮ জানুয়ারী) বিকেলে চুনারুঘাট থানায় নিহতের মা সন্ধ্যা রানী সরকার লাশের ছবি দেখে সনাক্ত করেন।

    নিহত যুবতী শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের নিরঞ্জন সরকারের কন্যা সুমা রানী সরকার (২৫)।

    এর আগে ৬ জানুয়ারি উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে অজ্ঞাত যুবতীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। যুবতীর পরনে নীল রঙের শাড়ি ও কপালে সিদুর ছিল।

  • টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    করাঙ্গীনিউজ: একাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

    সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে তার অবতরণ করার কথা রয়েছে। এর পর বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।

    নতুন মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। মন্ত্রিসভার ৪৬ সদস্য বুধবার ভোরেই ঢাকা থেকে রওনা হয়েছেন।

    মন্ত্রিসভার সদস্যরা চিরায়ত ঐতিহ্য ভেঙে বাসযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

    বিষয়টি নিশ্চিত করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা রণজিৎ কুমার গণমাধ্যমকে জানান, সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। এনা পরিবহনের তিনটি বাসে করে সেখানে যাচ্ছেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছানোর কথা রয়েছে তাদের।

    জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন।

    সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

    প্রসঙ্গত, ঐতিহ্য ভেঙে বাসযোগে মন্ত্রিসভার সদস্যদের সফর দেশে এটিই প্রথম।

    একটি বাসের সামনের সিটে বসেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাম পাশের সিটের প্রথমে বসেছেন প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

    এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, বুধবার আমরা বাসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাব। তিনি বলেন, আমরা একসঙ্গে বাসে করে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য গেছি। এতে সময়-খরচ যেমন বেচেছে, আলাদা করে গাড়িও ব্যবহার করতে হয়নি। জনসাধারণের ভোগান্তিও কমেছে।

    গতকাল সাভার স্মৃতিসৌধে যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে অতিরিক্ত আসনজুড়ে বসতে দেখা যায় তাদের।

    প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমণ উপলক্ষে জেলার সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।