Author: Habiganj News

  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    করাঙ্গীনিউজ: আজ ঐ‌তিহা‌সিক ১০ জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দি‌নে পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন।

    দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন।

    দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টা ৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং সংগঠনের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচির আয়োজন করেছে।

    ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

    জাতির জনক পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোর রাতে। এদিন বঙ্গবন্ধুকে বিমানে তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তিনি পৌঁছান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। বেলা ১০টার পর থেকে তিনি কথা বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ, তাজউদ্দিন আহমদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অনেকের সঙ্গে। পরে ব্রিটেনের বিমানবাহিনীর একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন।

    ১০ তারিখ সকালেই তিনি নামেন দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, প্রধান নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সেদেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন সদ্যস্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান।

    বঙ্গবন্ধু ভারতের নেতৃবৃন্দ এবং জনগণের কাছে তাদের অকৃপণ সাহায্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন, ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।’

    বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছেন ১০ জানুয়ারি। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পর বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য প্রাণবন্ত অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন।

    বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে প্রবাসী সরকার তার নির্দেশিত যুদ্ধ পরিচালনা করে। নয় মাসের যুদ্ধের একপর্যায়ে বাঙালির মুক্তিযুদ্ধ চূড়ান্ত রূপ নিতে শুরু করে। ধীরে ধীরে স্বাধীনতা অর্জনের পথে মুক্তিযোদ্ধা, জনতা ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ তীব্র হয়। জয় তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। একই সঙ্গে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা হয় প্রবাসী সরকারের নেতৃত্বে। বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হলে পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাধ্য হয় তাকে সসম্মানে মুক্তি দিতে।

    ১৯৭২ সালের ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে সরকার পরিচালনা করে অস্থায়ী প্রবাসী সরকার।

    ১২ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২৩ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে।

    ১৯৭২ সালের ২৩ মার্চ জারিকৃত প্রেসিডেন্সিয়াল আদেশ বলে গণপরিষদ গঠন করে নভেম্বর মাসের মধ্যেই দেশের জন্য একটি সংবিধান উপহার দেয়া হয় এবং যা কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত আলোচনা সভাসহ সব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সংগঠনের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • অনিয়মের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ মেয়র আরিফ

    করাঙ্গী নিউজ : বকেয়া শতকোটি টাকা বিল আদায়ে দিনভর অভিযান। কখনো ছড়াখাল, কখনো স্থাপনা ভেঙে অবৈধ দখল উচ্ছেদ। এতোকিছুর পরও দফতরে সময় দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

    ক্লান্তিহীন দিন পার করার পর রাতেও নামছেন ‘অ্যাকশনে’। যখন যেখানে অনিয়ম দেখছেন, সেখানেই হাজির হচ্ছেন মেয়র আরিফ।

    এরই ধারাবাহিকতায় বুধবার (০৯ ডিসেম্বর) মধ্যরাতেও নগরের সুবহানীঘাট একটি রেস্তোরাঁয় অভিযান চালাতে দেখা যায় নগর কর্তাকে। মেয়রের এমন উদ্যোগ সব মহলে প্রশংসার পাশাপাশি তাকে সিলেটের ‘ফাটা কেষ্ট’ হিসেবে আখ্যায়িত করছেন নগরের বাসিন্দারা।

    বুধবার দিনগত রাত ১২টার দিকে নগরের উপশহর থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে সুবহানীঘাট পয়েন্ট প্রধান সড়কের পাশের একটি রেস্তোরাঁ থেকে ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়ার বিষয়টি নজরে আসে মেয়রের। গাড়ি থেকে নেমে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে করা পাহাড়িকা নামক রেস্টুরেন্টে প্রবেশ করে মালিকের কাছে কৈফিয়ত তলব করেন।

    তখন তিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিংস্থলে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদনের কাগজপত্র দেখতে চান। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কাগজ দেখাতে ব্যর্থ হন। এসময় মেয়র তাৎক্ষণিক রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন এবং পর্যাপ্ত কাগজপত্র নিয়ে সিটি করপোরেশনে যোগাযোগ করার জন্য বলেন।

    এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, রেস্টুরেন্টের ময়লা পানি মানুষের চলাচলের রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এটা রাস্তার জন্যও ক্ষতিকর। তাছাড়া পার্কিং প্লেসে অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, গ্রাহকদের কাছে সিসিকের হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবদ বকেয়া শতকোটি টাকা আদায়ে মেয়রের নেতৃত্বে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গত ২ জানুয়ারি থেকে বুধবার (০৯ জানুয়ারি) পর্যন্ত অভিযানে ২৯ লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সিসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা আ. ন. ম মনছুফ।

    তিনি বলেন, বকেয়া উদ্ধারে মেয়রের তত্ত্বাবধানে ৩টি টিম প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে।

  • সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর বন্দিরা

    করাঙ্গী নিউজ : ২২৯ বছর পর নতুন ঠিকানায় যাচ্ছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। উদ্বোধনের ৩ মাস পর শুক্রবার (১১ জানুয়ারি) থেকে এর বন্দি স্থানান্তর শুরু হবে। চলবে শনিবার (১২ জানুয়ারি) পর্যন্ত।

    এ কারণে ১০, ১১ ও ১২ জানুয়ারি (বৃহস্পতি, শুক্র ও শনিবার) কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখার নোটিশ জারি করেছে কারা কর্তৃপক্ষ।

    সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ওইদিন থেকে কারাগারের প্রায় আড়াই হাজার বন্দি স্থানান্তর করা হবে। বন্দি স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এরইমধ্যে জেলা প্রশাসনে সভায় সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

    কারা সূত্র জানায়, ১৭৮৯ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সিলেট শহরের অভ্যন্তর ধোপাদিঘীর পাড়ে ২৪ দশমিক ৬৭ একর জমির উপর নির্মাণ করা হয়েছিল সিলেট জেলা কারাগার। পুরাতন কারাগারের অভ্যন্তরে ১০ একর এবং বাইরে রয়েছে প্রায় ১৫ একর ভূমি।

    ১৯৯৭ সালে সিলেট কেন্দ্রীয় কারাগারে রূপান্তরের পর এর ধারণক্ষমতা দাঁড়ায় ১ হাজার ২১০ জনে। বর্তমানে এই জেলে বন্দি আছেন ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ। সে হিসেবে প্রায় ২২৯ বছর পর প্রথমবারের মতো পুরনো কারাগার থেকে বন্দি সরানো হচ্ছে।

    দুই হাজার বন্দির ধারণক্ষমতা সম্পন্ন নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারটির উদ্বোধন হয় গত বছরের ১ নভেম্বর। ওইদিন সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য নতুন কারাগার হলেও পুরনো কারাগারটিও ব্যবহার করা হবে বলেও জানান জেলা সুপার মো. আব্দুল জলিল।

    ২০১০ সালে সিলেটের নতুন কারাগার নির্মাণ ও স্থানান্তরের প্রকল্প জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় (একনেক) পাস হয়। ২০১১ সালের আগস্টে সিলেট নগর থেকে ১২ কিলোমিটার দূরে সিলেট সদর উপজেলার বাদঘাটে ৩০ একর জমির উপর আধুনিক সিলেট কেন্দ্রীয় কারাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নতুন কারাগার গড়ে উঠে অভ্যন্তরে ১৬ একর ও বাইরে ১৪ একর জমিতে।

  • আজমিরীগঞ্জে দূর্নীতি বিরোধী আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ,এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজমিরীগঞ্জে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এছাড়াও উপজেলার সৌলরী এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁনে বিদ্যালয়ের আয়োজনে সততা ষ্টোর এর উদ্বোধন করা হয়।

    বুধবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামাউন বখতিয়ার, সাধারন সম্পাদক মাষ্টার আহসান মোস্তফা, চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মর্তুজ আলী (চাঁন মিয়া), মাস্টার ইছা মিয়া,শিক্ষক মোঃ আছকির মিয়া, দাতা সদস্য মোঃ ধন মিয়া, ইউপি ও ম্যানেজিং কমিটি সদস্য মোছাঃ আমিনা খাতুন।

    সৌলরী এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জাক্কির হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন- শিক্ষক বকুল চৌধুরী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

  • ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সচল

    করাঙ্গীনিউজ: তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সচল হয়েছে। নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকার সঙ্গে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    নরসিংদীর সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা জানান, মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি ঘোড়াশাল স্টেশনে নিয়ে লাইনটি চালু করা করা হয়।

    পরে বিকাল ৩ টার দিকে নতুন করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আর ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হবে বলে জানান তিনি।

  • ৩০ জানুয়ারি বসছে নতুন সংসদ

    করাঙ্গীনিউজ: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি। ওই দিন বেলা তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিনই একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

    গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন ৩ জানুয়ারি। এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা শপথ নেয়। দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হবে ২৮ জানুয়ারি। এর এক দিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয়।

    আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

  • শায়েস্তাগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেছা জেলা শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।

    হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, দুদিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাটে বেড়াতে যায়।

    বেড়ানো শেষে বুধবার দুপুরে তার ছেলে সামি আহমেদের সঙ্গে মোটরসাইকেলে হবিগঞ্জে আসার পথে পথিমধ্যে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

    পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।