Author: Habiganj News

  • বিজয়নগরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

    নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা নামকস্থানে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮), পরশ (২৫)।

    আহতরা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জে পইলের মাছেরমেলা

    এম শাহআলম, পইল মাছের মেলা থেকে: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিবছরের মতো এবারও ঐতিহাসিক মাছমেলা অনুষ্ঠিত শুরু হয়েছে। পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলাটি প্রায় দুই শতাধিক বছর ধরে চলে আসছে। একদিনের জন্য বসলেও মেলা চলবে বুধবার দুপুর পর্যন্ত।
    মঙ্গলবার(১৫ জানুয়ারী) সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। শুধু হবিগঞ্জ জেলা নয়, সিলেট, মৌলভীবাজর, সুনামগঞ্জ, ্ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক আসেন মেলায়।
    এ মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির বড় বড়গ মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে।
    মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য। পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণ করেন।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়েকশ’ বিক্রেতা অংশ নিয়েছেন পইল মাছের মেলায়। বড় বড় মাছের সঙ্গে অনেকে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন। বেচাকেনাও চলে ব্যাপক। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। মানুষজন মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত বলে জানা যায়। শুধু সেলফি তুলেই শেষ নয়। মাছ মেলার ছবি দিয়ে কেউ কেউ আবার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

    মাছ বিক্রেতা সমুজ আলী জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব। তিনি বলেন, ‘আমি প্রতিবছরই এ মেলায় মাছ নিয়ে আসি। বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সঙ্গে মাছ কেনেন।’

    বিক্রেতা সুরুজ আলী জানান, মাছ মেলায় আগের সেই অবস্থা নেই। তারপরও বিস্ময় তৈরি করেছে নতুন প্রজন্মের জন্য। তিনি বলেন, ‘আগে সিলেট অঞ্চলের তরতাজা মাছ দিয়ে মেলা বসত। আর এখন বেশিরভাগ মাছ আসে দেশের বিভিন্ন স্থান থেকে। যা বরফ দিয়ে রাখা হয়। কতগুলোতো বক্সে থাকতে থাকতে বেঁকে গেছে। দেখেই অনুমান করা যায় এই মাছগুলো দূর থেকে আনা হয়েছে।’

    মেলায় ঘুরতে আসা এম শাহআলম জানান, ‘এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শোনা ছাড়া দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম। মাঝে মধ্যে তাদের গল্পগুলো অবিশ্বাস্য মনে হত। কিন্তু এখানে এসে সেই ভুলও ভেঙে গেল।’
    পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবছরের মতো এ বছরও মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।’

  • লাখাইয়ে অটোরিকশার ধাক্কায় আহত ৩

    নিজস্ব প্রতিনিধি: লাখাই উপজেলা এসিআরসি উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিক্সার ধাক্কায় ৩ শিক্ষার্থী আহত হয়েছে।

    সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহতরা হল- ওই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার, জুয়েল মিয়া ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমা রানী দাস।

    গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাালে ভর্তি করা হয়।

    আহতরা জানান, স্কুল ছুটির পর সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিক্সা তাদেরকে চাপা দেয়। এতে তারা আহত হয়।

    খবর পেয়ে লাখাই থানার ওসি ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদেরকে অটোরিক্সা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশস্থ করলে পরিস্থিতি শান্ত হয়।

  • বানিয়াচঙ্গে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ লোক নিহত

    বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি: বানিয়াচঙ্গে একটি ট্রাক সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে বৃদ্ধকে ধাক্কা দিলে প্রাণ হারায় লোকটি।

    সোমবার বেলা ১টার দিকে হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ফিরোজ আলী (৯০) নিহত হন।

    ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

    বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, মালবোঝাই ট্রাকটি হবিগঞ্জ থেকে ইকরাম যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ফিরোজ আলী আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী হবিগঞ্জ-হিয়ালা সড়ক এক ঘণ্টা অবরোধ করে চালকের শাস্তির দাবি করে।

    পরে পুলিশ এসে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।

    এদিকে, সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

  • নবীগঞ্জে দাঙ্গা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে কারাদন্ড

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে দাঙ্গা সৃষ্টির অভিযোগে আকমল হোসেন নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান এ দন্ড দেন।

    নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আকমল দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। তার উৎপাতে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগে তাকে আটক করা হয়।

    সোমবার বিকালেই তাকে কারাগারে প্রেরণ করা হয়।

  • প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা নিয়োগ

    করাঙ্গীনিউজ: নতুন-পুরানে মন্ত্রিসভায় চমক থাকলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগে কোনো চমক থাকলো না। প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা-ই স্ব স্ব পদে বহাল রয়েছেন।

    সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)। নতুন সরকারের শপথ নেওয়ার দিন অর্থাৎ গত ৭ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক করে দায়িত্ব অর্পণ করেছেন।

    উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অঅনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

    তবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিষয়ে কিছু বলা হয়নি প্রজ্ঞাপনে।

    গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।

  • সিলেটে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    শাবি প্রতিনিধি: ‘সিলেট নগরীর কাজল শাহ এলাকার একটি বাসা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের  শিক্ষার্থী সাইফুর রহমান প্রতীকের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার সিলেটের কোতোয়ালি থানার এসআই আকবর হোসেন ভূঁইয়া এ ঘটনা নিশ্চিত করেন।

    এসআই আকবর হোসেন ভূঁইয়া জানান, ‘সিলেট নগরীর কাজল শাহ এলাকার একটি বাসা থেকে সোমবার বিকেলে পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত প্রতিকের লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমাদের ধারণা রবিবার মধ্যরাত বা শেষ রাতে তিনি আত্মহত্যা করেছেন।’

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘তার পরিবারকে জানানো হয়েছে। সবার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।