Author: Habiganj News

  • নবীগঞ্জে ডাকাত লিলু আটক

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ডাকাত লিলু ওরফে সেলিমকে (৩৫) আটক করেছে র‌্যাব ৯- এর শ্রীমঙ্গল এর একটি দল।

    বুধবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচুং উপজেলার বক্তারপুর এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    র‌্যাব ৯-শ্রীমঙ্গঁল এর এসআই ইমদাদুল হক জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র লিলু ওরফে সেলিম।

    তার বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

  • সংরক্ষিত আসনে আ’লীগের ফরম কিনলেন মৌসুমী

    একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মৌসুমী।

    বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক গুলজার।

    মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত এই ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানা গেছে।

    আওয়ামী লীগের প্রতিটি ফরমের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।

    প্রসঙ্গত, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।

  • চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীনগর গ্রামে স্বামীকে বেঁধে গৃহবধুকে গণধর্ষণ মামলার আসামী আব্দুল হাই (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

    মামলার এজহারভুক্ত ৪নং আসামী জেল হাজতে। অপর দুই আসামীকে গ্রেফতারের জন্য খোজছে পুলিশ।

    মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার তদন্ত অফিসার মো. আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীনগর গ্রামের তার নিজ বাড়ী থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের মো. আকছির মিয়া উরপে ডেঙ্গা মিয়ার পুত্র।

    জানা যায়, গত ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে স্বামীকে বেঁধে গৃহবধুকে ৪ লম্পট মিলে গণধর্ষণ করে। এ ঘটনায় ৫ অক্টোবর ৪ জনকে আসামি করে চুনারুঘাট থানায় গণধর্ষণ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৬।

    এ ব্যাপারে থানার তদন্ত অফিসার আলী আশরাফ জানান, আজ ১৬ জানুয়ারি রোজ বুধবার থাকে জেল হাজতে প্রেরন কার হবে।

  • দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট

    শাবি প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটির যে কোন জায়গা থেকে জনগণ শীঘ্রই ফ্রী ওয়াইফাই সেবা পাবে এবং এর জন্য দক্ষ জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে সিলেট সিটিতে ফ্রী ওয়াইফাই সেবা ব্যবস্থা করা হবে।

    বুধবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরো বলেন, বাংলাদেশে এখন উন্নয়নশীল দেশ। এই দেশে এখন কোন মঙ্গা নেই। দেশের ৯৪ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করে। ফলে স্যানিটেশন ব্যবস্থাতেও দক্ষিণ এশিয়ার মাঝে আমরা এগিয়ে।

    তিনি এসময় নবীন শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়া মুখস্থ না করে প্রশ্ন করা ও অনুধাবনের মাধ্যমে নতুন নতুন বিষয় শিখতে আহ্বান করেন।

    এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

  • ‘পদ্মা সেতুর আশপাশেই হবে বঙ্গবন্ধু বিমানবন্দর’

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘পদ্মা সেতুর আশপাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। এই বিমানবন্দর হবে অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী।

    মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এ কথা বলেন মন্ত্রী। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান হবে আকাশে শান্তি আর বিমানবন্দর হবে ভূমিতে প্রশান্তির নীড়। এ লক্ষ্যে বর্তমান সরকারের নিরলস প্রয়াস অব্যাহত আছে।’

    মাহবুব আলী বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।’

    প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওয়ান ক্যাটাগরিতে উন্নীত হওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি আগামী মার্চ মাসে আসবে। তাদের সনদ পেলেই নিউইয়র্ক ফ্লাইট চালু হবে।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘এয়ারপোর্টের সব ধরনের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবার মান বৃদ্ধি করা হবে। নতুন নতুন রুট চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।’

    পরে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি যাত্রী সেবার মান বাড়িয়ে যাত্রীদের সন্তুষ্টি অর্জনে নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

  • সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর আর নেই বুধবার প্রথম প্রহরে (রাত ১২টা ৫০ মিনিট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মানুল্লাহ কবীরের ছোট ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর জানান, ৭১ বছর বয়সী আমানুল্লাহ কবীর ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। তার লিভারে ‘পানি চলে এসেছে’ বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি।

    তিনি আরো জানান, অসুস্থতার কারণে গত ২৭ ডিসেম্বর আমানুল্লাহ কবীরকে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ১ ডিসেম্বর তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। দুদিন পরে তাকে বিএসএমএমইতে ভর্তি করা হয়।

    তার অবস্থা খুবই জটিল বলে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন।

    এর আগে ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

    নঈম জাহাঙ্গীর রাত তিনটায় পালাবদল ডটনেটকে জানান, আজ বেলা ১০টায় আমানুল্লাহ কবীরের প্রথম জানাজা হবে দারুস সালাম ফুরফুরা শরিফ মসজিদে। এরপর তাকে নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা হবে। পরে তাকে জামালপুরে নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

    আমানুল্লাহ কবীর সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন তিনি। সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের অন্যতম পুরোধা আমানুল্লাহ কবীর। অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনেও পেশাজীবীদের মধ্যে নেতৃত্বের কাতারে ছিলেন তিনি।

    সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ ও ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন।

    বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

    ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন আমানুল্লাহ কবীর। এর আগে এসএম আলীর সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শুরুর দিকের বার্তা সম্পাদক ছিলেন তিনি।

    টেলিভিশন টক শো-তে নিয়মিত মুখ ছিলেন আমানুল্লাহ কবীর। ২৭ দিন আগেও একটি টেলিভিশনে আলোচনায় ছিলেন তিনি।

  • বানিয়াচং সাংবাদিক ফোরামের কমিটি

    প্রেস বিজ্ঞপ্তি : বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

    মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনকে সভাপতি, সমকাল ও প্রতিদিনের বাণী পত্রিকার  প্রতিনিধি রায়হান উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

    আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন তারা।

    কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মো.আশিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সিলেটভিউ ২৪ডটকম এর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টুডে’র বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান,কোষাধ্যক্ষ বাংলাদেশের খবর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান খলিল,প্রচার সম্পাদক দৈনিক ডেসটিনির বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া,ক্রীড়া সম্পাদক ডেইলি বাংলাদেশের বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর।

    নির্বাহী সদস্যরা হলেন-দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল,হবিগঞ্জের আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা ও দৈনিক খোয়াই পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু।