Author: Habiganj News

  • ৬৮ রানে অলআউট সিলেট সিক্সার্স

    ঘরের মাঠে চলতি বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপাকে সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২২ রানে প্রথম সারির সাত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া সিলেট সিক্সার্স শেষ পর্যন্ত ৬৮ রানে অলআউট।

    ব্যাটিং বিপর্যয়ের দিনে পরিস্থিতি সামাল দিতে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে যান জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া সিলেটের ক্রিকেটার অলক কাপালি। অষ্টম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ২৩ রানের জুটি গড়েন কাপালি। এরপর ওয়াহাব রিয়াজের এক ওভারেই ফেরেন তাসকিন ও নাবিল সামাদ।

    শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা পেস বোলার আল-আমীন হোসেনকে সঙ্গে নিয়ে দলকে সর্বনিম্ন রানের লজ্জায় পড়া থেকে বাঁচান কাপালি। দশম উইকেটে তাদের ২১ রানের ‍জুটিতে শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ৬৮ রান তুলতে সক্ষম হয় সিলেট।

    দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন কাপালি। কুমিল্লার হয়ে ২২ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান। এছাড়া ২.৫ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজ।

    চলতি বিপিএলে সর্বনিম্ন ৬৩ রানের লজ্জায় পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত ৮ জানুয়ারি মিরপুরে শেরেবাংলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ১২.২ ওভারে ৬৩ রানে অলআউট কুমিল্লা। তবে বিপিএলের ছয় আসরে সর্বনিম্ন ৪৪ রানের লজ্জার ইতিহাস গড়ে খুলটা টাইটানস। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল খুলনা।

    মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কোনো রান নিতে পারেননি ডেভিড ওয়ার্নার।

    দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই চমক দেখান মেহেদী হাসান। খুলনায় জন্ম নেয়া ২৪ বছর বয়সী কুমিল্লার এই অফ স্পিনার ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন আন্দ্রে ফ্লেচারকে। এক বল ব্যবধানে একই কায়দায় সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরান মেহেদী। ঠিক পরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন।

    ১ ওভারে ৫ রানে ৩ উইকেট তুলে নেন মেহেদী হাসান।

    ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ রান খরচ করে নিকোলাস পুরানকে ফেরান সাইফউদ্দিন।

    দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি লিটন কুমার দাস ও সাব্বির রহমান রুম্মন। লিটনকে ক্যাচ তুলতে বাধ্য করেন লিয়াম দাওসন। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাব্বির রহমান রুম্মন।

    মাত্র ১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সিলেট সিক্সার্স।

    সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, অলক কাপালি, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, সোহেল তানভির, আল-আমিন হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ ও নাবিল সামাদ।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শহীদ আফ্রিদি, থিসেরা পেরেরা, শামসুর রহমান শুভ, সাইফউদ্দিন, লিয়াম দাওসন, জিয়াউর রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ শহীদ ও মেহেদী হাসান।

  • পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষা পিছিয়ে আগামী ১৫ মার্চ থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার মন্ত্রণালয়ের নিয়োগ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়য়েছে।

    গত বছরের ডিসেম্বর মাসে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়।

    এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফের পিছিয়ে মার্চে নেয়া হয়।

    এবার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    জানা গেছে, এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নিতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    এ ছাড়া পরবর্তী দুই মাসের মধ্যে মৌখিক পরীক্ষার শেষ করা হবে।

    এবার প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ লাখের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।

    সারা দেশে ১২ হাজার আসনের বিপরীতে তারা এ ভর্তিযুদ্ধে বসবেন।

    জানা গেছে, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে।

    এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

    পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আলোকে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস ও পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস চাওয়া হয়।

    লিখিত পরীক্ষায় আসনপ্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুই নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

    প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

  • বাহুবল কলেজে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বাহুবল প্রতিনিধি: বাহুবল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে “কলেজ দিবস” উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিবৃন্দ মিলে এক আনন্দ র‌্যালী বের হয়।

    র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছে।

    পরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত পথ সভায় বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও প্রভাষক এস এম আলম শরীফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোঃ জমর উদ্দিন। বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান হাফেজ মোঃ আব্দুর রকিব, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুর রকিব, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সামছুল ইসলাম প্রমুখ। এছাড়াও র‌্যালীতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২০০৩ সালের ১৫ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিরুজ্জামানের অক্লান্ত পরিশ্রমে বাহুবল কলেজের যাত্রা শুরু হয়।

  • নবীগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবার আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেলে পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগীতা হয়েছে।
    ঘোড়দৌড় দেখতে মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দুর দুরান্ত থেকে হাজার হাজার লোক সমাগম ঘটেছে।

    এ প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে জামারগাও গ্রামের সেলিম মিয়ার ঘোড়া। ২য় স্থান অধিকার করে আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া ও ৩য় স্থান অধিকার করে জামারগাও গ্রামের সেলিম মিয়ার আরেক ঘোড়া।

    পরে ইউপি সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান মুহবিুর রহমান হারুন প্রমু।

  • প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য আ’লীগের ফুলেল শুভেচ্ছা

    নিজস্ব প্রতিনিধি: চতুর্থবারের মতো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে শুভেচ্ছা জানান- যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মীর গোলাম মোস্তুফা।

    এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, মিজবাহ উদ্দিনসহ আরো অনেকেই।

  • চুনারুঘাটে শিশুর নিরাপত্তা বিষয়ক কর্মশালা

    চুনারুঘাট প্রতিনিধি: স্থানীয় জনগণের অংশ গ্রহন ও সামাজিক আচরন পরিবর্তনের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা মঙ্গলবার চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিসেপর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের পক্ষে শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা।

    এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার।

    প্রশিক্ষন প্রদান করেন সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, ডাঃ জান্নাতুল ফেরদৌস তালুকদার ও ইউনিসেপ এর জেলা কো অর্ডিনেটর রফিকুল ইসলাম।

    উপজেলা কো অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিসেপ এর সিলেট অঞ্চলের কমিনিকেশন অফিসার সাইদুল হক মিল্কি, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য কর্মী শিরিন আক্তার, কামরুল ইসলাম, ইউপি সদস্য আঃ মালেক, ইউনিসেপ ইউনিয়ন কো অর্ডিনেটর হারুনুর রশীদ প্রমুখ।

    উক্ত কর্মশালায় আহমদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের ৪৫ জন ইউপি সদস্য, গনমান্য ব্যক্তিসহ নানা পেশার নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামী ৩ দিন পর্যায়ক্রমে এ প্রশিক্ষন চলবে।

    শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ, শিশু শ্রম ও জন্ম নিবন্ধন নিয়ে চুনারঘাট উপজেলার আহমদাবাদ, দেওরগাছ, শানখলা, রানীগাও এবং মিরাশী ইউনিয়নে কাজ করছে ইউনিসেপ। তারা আগামী ৫ বছর এসব ইউনিয়নের শিশুদের উন্নয়নে কাজ করবে।

     

  • এবার সংসদে যেতে চান ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার

    আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ): সংরক্ষিত নারী আসনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারী নেত্রী আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী সংসদ সদস্য হতে ব্যাপক আলোচনায় রয়েছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য চুনারুঘাট তথা হবিগঞ্জবাসী দাবী জানিয়েছেন।

    ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াম তাকে নিয়ে চলছে নানা প্রচারনা।

    আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ১১৯৮৮ সালে প্রথম চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। সারা দেশে তখন তিনিই ছিলেন প্রথম নারী ইউপি চেয়ারম্যান। তখন থেকেই তিনি রাজনীতিতে জড়িত হন।

    ১৯৯৩ সালে তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।

    তৎকালীন জেলা আওয়ামীলীগের সভাপতি শরীফ উদ্দিন চৌধুরী অসুস্থ্যতার কারনে বার বার বিদেশ গমনকালে শামছুন্নাহার বেশ কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন।

    ১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনের সময় তার নেতৃত্বেই জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়েছিল। আওয়ামীলীগের সহ সভাপতি ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

    ২০১১ সালে তিনি দেওরগাছ ইউনিয়নে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। একাধিকবার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হন।

    ২০১৬ সালে তিনি দ্বিতীয় বার দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

    ব্যক্তিগত জীবণে তিনি ২ ছেলে ও ৫ মেয়ের জনক। তার স্বামী চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

    আবু তাহের ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করে ছাত্রলীগের সেক্রেটারি, সভাপতি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক থেকে বর্তমানে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক। তার নেতৃত্বেই মুলত চুনারুঘাট আওয়ামীলীগ সংগঠিত।

    আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ৩ বার চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক দায়িত্ব পালন করছেন। পেয়েছেন অতিশদিপঙ্খর, জয়িতাসহ নানা পুরস্কার। হয়েছেন জেলার শ্রেষ্ট চেয়ারম্যান। কাজ করছেন নারী উন্নয়নে। তিনি এবার সংরক্ষিত আসনে হবিগঞ্জ থেকে সংসদ সদস্য হতে আগ্রহী। এলাকার জনগনও তাকে বৃহৎ সেবার জন্য এবার সংসদে দেখতে চায়।

    এবিষয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব বলেন, শামছুন্নাহার একাধারে রাজনীতিবিদ, নারী নেত্রী ও একজন্ আদর্শ গৃহিনী। তিনি সমাজের মানুষের নানা সমস্যা সমাধানের পাশাপাশি নিজের পরিবারও দেখা শুনা করেন। তার ছেলে মেয়েুরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন।

    নারী নেত্রী শিরিন মেম্বার বলেন, শামছুন্নাহার আপাকে এবার সংসদে চাই। তিনি ৩ বার চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করেছেন। এবার সংসদে দেখতে চাই তাকে। এভাবে উপজেলার নানা স্তরের মানুষই তাকে সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য হিসেবে দেখতে চায়।

    আলহাজ্ব শামছুন্নাহার বলেন, আমি ১৯৮৮ সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত হই। এখনও মানুষের সেবা করে যাচ্ছি। মানুষকে নিয়েই আমার কাজ। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে আমি কাজ করে যা্িচ্ছ। আল্লাহ যদি আমাকে নেই সুযোগ দেন, সংসতে যেতে পারি তাহলে নারীদের উন্নয়নে আরো অগ্রণী ভুমিকা রাখতে পারবো। সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।