Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে গ্রেফতার করার পর ‘অসুস্থ হয়ে’ ছত্তার মিয়া (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

    রোববার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত ছত্তার মিয়া বটের হাটি গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তার ছেলেদের সঙ্গে ছত্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ রাতেই ছত্তার মিয়াকে গ্রেফতার করতে আসে।

    পুলিশ ছত্তার মিয়াকে গ্রেফতার করে গাড়িতে তোলার পরই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে করেই তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ছত্তার মিয়া একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • জি কে গউছ এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

    নিজস্ব প্রতিনিধিঃ হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিনের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি.কে গউছ নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শন দিয়েছেন।

    সোমবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন জামিন আবেদনের শুনানি শেষে জিকে গউছসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেন।

    অন্যান্য আসামীরা হলেন- জিকে গউছের ছোট ভাই জিকে গাফ্ফার, জহিরুল ইসলাম শরিফ, যুবদল নেতা কুহিনুর আলম, ছাত্রদল নেতা মাহবুব আলম, শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।

    জিকে গউছের আইনজীবি এডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনাসহ চারটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন শেষে নিম্ন আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

    এর আগে গত ২০ জানুয়ারী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন জি কে গউছসহ অন্যান্য আসামীরা। এই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন জি কে গউছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৭ নেতাকর্মী।

  • ভারত থেকে অবৈধ পথে আসা ১১ লক্ষ টাকার ঔষুধ জব্দ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে অবৈধ পথে আসা ১১ লক্ষ টাকার ঔষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মেহেরগাঁও এলাকা থেকে ঔষুধগুলো জব্দ করেন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির জোয়ানরা।

    ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া বলেন, রাত ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে হাবিলদার সাইদুর রহমানসহ জোয়ানরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধ ভর্তি ৩ টি ব্যাগ পতিত অবস্থায় পাওয়া যায়। যা জব্দ করেন নিয়ে আসা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৯ হাজার ৩ শ টাকা।

    বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।

  • বিএনপি দ্বিমুখী আচরণ করে – এমপি আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বলেন- নির্বাচনে আসবেন না। অথচ বিভিন্ন স্থানে তাদের প্রার্থীরা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছেন। এতে প্রমাণ হয়- তাদের দলের মধ্যে কোনও নিয়ম শৃঙ্খলা নেই এবং তারা দ্বিমুখী আচরণ করে।

    রবিবার দুপুরে ও বিকেলে নবীগঞ্জ এবং বাহুবল উপজেলা আওয়ামী লীগের পৃথক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, ভাইয়ে ভাইয়েও অনেক সময় মনোমালিন্য হয়। তেমনি করে দলের অনেক নেতাকর্মীদের মনেও দুঃখ কষ্ট থাকতে পারে। এনিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করা দরকার। কিন্তু মনে রাখতে হবে যখনই নৌকা প্রতীকের কথা আসবে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ।

    নৌকার বিজয় নিশ্চিতে সকল ভেদাবেদ ভূলে গিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ- এটা জাতির পিতার নৌকা, এটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা।

    এই নৌকা জনগণের অধিকার আদায়ের নৌকা। এই নৌকা মহান স্বাধীনতা অর্জনের নৌকা। নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকে। আওয়ামী লীগ জনগণকে কথা দিয়ে কথা রক্ষা করে।

    তিনি আরো বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে অংশ নিতে যাচ্ছি। এই নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন-উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা যেন নৌকার পক্ষে আন্তরিকভাবে কাজ করে এই অনুরোধ জানান তিনি। পৃথক দুই বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোঃ শাহ নেওয়াজ মিলাদ।

    দুপুরে নবীগঞ্জ শহরের হাজারী কমিউনিটি সেন্টার এবং বিকেলে বাহুবল বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় নবীগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এবং বাহুবলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হাই’র পক্ষে কাজ করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হন।

    নবীগঞ্জে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌদুরী।

    বাহুবলের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুন নূর মানিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।

    এছাড়াও দুই উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

  • হবিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলায় পাইকপাড়ায় গাছ থেকে পড়ে হাদিস মিয়া (৪৩) নামে ইটভাটায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    রোববার বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাদিস ওই এলাকার ‘নির্মাণ ব্রিকসে’ শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

    সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের ফিরোজ মিয়ার পুত্র।

    স্থানীয় সূত্র জানায়, বিকেলে রান্নার জন্য কাঠ সংগ্রহ করার উদ্দেশে কর্মস্থলের পাশের একটি আমগাছে উঠে হাদিস। এ সময় অসাবধানতায় গাছ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া কমানোর বিষয়টি খতিয়ে দেখব – মাহবুব আলী

    অভ্যন্তরীণ রুটে সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারির ভাড়া কমানোর বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

    তিনি বলেন, ভাড়ার ব্যাপারে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সরকারি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের ভাড়া তুলনামূলক কম। বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমি বিষয়টি খতিয়ে দেখবো।

    রোববার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মো. মাহবুব আলী এসব কথা বলেন।

    বিমানের উন্নয়নে সরকারও অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০০টি ইকোনোমিক জোন বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন। এরইমধ্যে বেশকিছু বাস্তবায়নও হয়েছে। এজন্য দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী আসছেন। হলি আর্টিজানের ঘটনার পর প্রধানমন্ত্রী খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। এজন্য দেশে-বিদেশে বাংলাদেশ প্রশংসিত হয়েছে এবং আস্থা এবং বিশ্বাসের জায়গায় আমরা ফিরে এসেছি। এ খাতটাকে আমাদের আরও উন্নয়ন করতে হবে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এখাতে কিছু সমস্যা আছে। আগামীতে এসব বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি চান এ খাতটা সাক্সেসফুল হোক।

    তিনি বলেন, কার্গো হ্যান্ডেলিংয়ে যে সমস্যা আছে সেগুলো দেখতে আমি একমাসের মধ্যে পাঁচবার বিমানবন্দর গিয়েছি। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে সেবার মান নিয়ে অভিযোগ আসে। আমি সেখানে নিজে গিয়েছি, একসঙ্গে কাজ করেছি। এখন ইমিগ্রেশন শেষ করে আসার সঙ্গে সঙ্গে লাগেজ পাওয়া যাচ্ছে, এটা খুব আশার কথা।

    মো. মাহবুব আলী আরও বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ১০টি বিষয়ের উপর যে ফাইভ স্টারের মর্যাদা দিয়েছে এটা আমার জন্য খুব সম্মানের। এজন্য বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

  • ৮ মাসেও হস্তান্তর হয়নি মুক্তিযোদ্ধা ভবন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কর্তৃক বিগত ২০১৭ সালের ২৮ মার্চ ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাহুবল উপজেলার নব নির্মিত মুক্তিযোদ্ধা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে নির্মাণ কাজ শুরু হয়।

    দীর্ঘ সময় নির্মাণ চালিয়ে গত বছরের জুন মাসেই ভবনটি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কথা। কিন্তু গত ৮ মাস অতিবাহিত হলেও নির্মাণ কাজ এখনো সমাপ্তই হয়নি। এখন পর্যন্ত ভবনের ভেতর ও বাহিরে অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। বাউন্ডারী, গেট, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, আস্তর, রং ইত্যাদি কাজ অসম্পর্ণ রেখেই গত ৩ মাস যাবত কাজ বন্ধ রয়েছে। কবে ভবন হস্তান্তর হবে তাও অনিশ্চিত।

    ফলে বাহুবলের মুক্তিযোদ্ধাগণের মাঝে সৃষ্টি হয়েছে হতাশা। সংশ্লিষ্ট ঠিকাদারও কাজ সম্পন্ন করে দ্রুত হস্তান্তর করতে প্রস্তুত। কিন্তু রহস্যজনক কারণে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী ভবনের কাজ বন্ধ করে রেখেছেন বলে জানান সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলার মুক্তিযোদ্ধাগণ। এ ব্যাপারে বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার নূর মিয়া জানান- ২০১৮ সালের জুন মাসেই ভবন হস্তান্তর করার কথা। কিন্তু উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর গাফিলতিই দায়ী। কি কারণে কাজ বন্ধ করা হয়েছে প্রকৌশলীর কাছে জানতে চাইলেও আমাদেরক্ েঅবগত করেননি।

    উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন- বাহুবল মুক্তিযোদ্ধা ভবন প্রায় শেষের দিকে। অতিরিক্ত কিছু কাজ পূর্বের সিডিউলে না থাকায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছি। অনুমোদন হয়ে আসলেই কাজ সমাপ্ত হবে। এদিকে গত বৃহ:বার সন্ধার পর প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী তার অফিসেরই হিসাব রক্ষক মাহবুবুল হককে একটি টেন্ডারের কিছু কাগজপত্র সংক্রান্ত বিষয়ে জেরধরে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে অফিসের কয়েক স্টাফ ও উপস্থিত স্থানীয় কয়েক লোকের সহায়তায় বড় ধরণের অঘটন থেকে রক্ষা পান।

    এ ব্যাপারে হিসাব রক্ষক মাহবুবুল হক বলেন- আমার সাথে অন্যায়ভাবেই অনৈতিক আচরণ করা হয়েছে। উল্লেখ্য, স্টাফ ও স্থানীয় সেবাপ্রার্থী লোকজন সূত্রে জানা যায়, প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী ঠিক সময়ে অফিসে না আসা, মাতাল অবস্থায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন, স্টাফ ও অন্যান্য মানুষের সাথে অরুচিশীল আচরণ, জরুরী প্রয়োজনে মোবাইল ফোনে না পাওয়া, প্রায়ই অফিসে বেলা ১/২ টারদিকে হাজিরা প্রভৃতি অভিযোগ বিস্তর রয়েছে।