Category: হবিগঞ্জ

  • বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদন্ড

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সুমন মিয়া (২২) নামের এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    সোমবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    দন্ডিত যুবক উপজেলার নারিকেলতলা গ্রামের ছুরাব মিয়ার ছেলে। সে পেশায় একজন কাঠমেস্ত্রী।

    জানা যায়, বাহুবল দিননাথ ইন্সটিটিউশনের দশম শ্রেণীর জনৈক শিক্ষার্থীকে অনেক দিন যাবৎ রাস্তায় যৌন হয়রানি করে আসছিল। সর্বশেষ সোমবার সকালে বিদ্যালয়ে আসার পথে যুবক তাকে প্রেম নিবেদন করে। এসময় স্কুল ছাত্রী প্রেম প্রত্যাক্ষান করলে তার গায়ে হাত তুলে।

    পরে স্কুল শিক্ষার্থীর অভিযোগে পুলিশ সুমন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে আসলে তাকে কারাদন্ড প্রদান করা হয়।

    বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • চুনারুঘাটের সাব-রেজিস্টার অফিসে দুূর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের সাব-রেজিস্টার অফিসে দুূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

    রবিবার (২৪ ফেব্রুয়ারি) সারাদিন দুদুকের দুই কর্মকর্তা সেখানে হানা দেন। সাব-রেজিস্টার অফিস, সেটেলমেন্ট অফিস, উপজেলা ভূমি অফিসে তদন্ত কাজ শেষ করে তারা যান আলোচিত ভূমির সরেজমিন অবস্থা দেখতে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক অজয় কুমার সাহা এবং ডিএডি আব্দুল মালেক সারাদিন সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

    দুদক উপ-পরিচালক অজয় কুমার সাহা বলেন, সারাদিন তথ্য সংগ্রহ এবং তদন্ত করা হয়েছে। এই তদন্তের ভিত্তিতে একটি রিপোর্ট প্রদান করা হবে। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।

    তিনি আরও বলেন, তদন্তে আলোচিত ভূমি ইব্রাহিম কবির গংদের দখলেই আছে বলে প্রমাণ পাওয়া গেছে। তবে একটি দুর্বলতাও আছে। সেটি হল ১৯৫৬ সালে দলিল করে ওই যায়গা ক্রয় করার পর এখন পর্যন্ত কোন নামজারি করা হয়নি। আর সাব-রেজিস্টার এই অবস্থায় ভুয়া ক্রেতা দিয়ে দলিল সম্পাদক করাও সঠিক হয়নি।

    প্রসঙ্গত, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাব-রেজিস্টার নিতেন্দ্র লাল দাশ একটি প্রভাবশালী সিন্ডিকেট এর কাছ থেকে বড় অংকের উৎকোচ নিয়ে দুই চা শ্রমিককে ভুয়া বিক্রেতা সাজিয়ে দলিল সৃষ্টি করে কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন। ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তিনি এ ব্যাপারে কোন তোয়াক্কা করেননি। পরে চা শ্রমিকরা এই প্রতারণা বুঝতে পেরে এফিডেভিট করে তা স্বীকার করেন এবং সাব-রেজিস্টারসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করেন।

    চুনারুঘাট উপজেলার দেওরগাছ মৌজার ১১৯ নং এসএ খতিয়ানের ১০৭৪ এস এ দাগের ২.৬৪ একর ভূমির এস এ রেকর্ডীয় মালিক ছিলেন দেওরগাছ ইউনিয়নের আমকান্দি গ্রামের মহেশপাল এর ছেলে হেমন্ত পাল এবং দেবেন্দ্র পালের এর ছেলে দীগেন্দ্র পাল। এসএ রেকর্ডের মালিকরা ওই জমি ১৯৫৬ সালে ৭৪০ নং দলিলে বিক্রয় করেন ওই এলাকার মুনছর আহম্মদ এর কাছে। এস এ রেকর্ডে হেমন্তপালদের নাম ভুলবশত পালের স্থলে দাস লিখা হয়।

    চলমান আর এস জরিপে বিষয়টি নজরে আসে এলাকার একটি ভূমি খেকো চক্রের। তারা সেটেলমেন্ট কর্মকর্তাকে ম্যানেজ করে ওই যায়গার বর্তমান মালিক ইব্রাহিম কবির গংদের নাম না দিয়ে এস এ রেকর্ডিয় মালিক হেমন্ত পালদের নাম রেখে দেয়। কিন্তু পাল না দিয়ে সেখানেও দাস উল্লেখ করা হয়। অথচ আমকান্দি গ্রামে কোন সময় দাস সম্প্রদায়ের লোকের বসবাস ছিল না।

    ইব্রাহিম কবির গং বিষয়টি জানতে পেরে আদালতে মামলা দায়ের করলে আদালত এই জমির উপর ২০১৮ সালের ৩০ আগস্ট অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। ইব্রাহিম কবির উক্ত জমি অবৈধ ব্যক্তির নামে রেজিস্ট্রি না করে দেয়ার জন্য ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর তারিখে সাব-রেজিস্টার বরাবর একটি আবেদন করেন। ফলে বিগত সময়ে সাব-রেজিস্টার যারা ছিলেন তারা ওই যায়গার কোন দলিল সম্পাদন করেননি। কিন্তু নিতেন্দ্র লাল দাস নতুন সাব-রেজিস্টার হিসাবে যোগদান করার পর উৎকোচ পেয়ে ভুয়া ক্রেতাদের মাধ্যমে দলিল সম্পাদন করেন।

    গেলানী চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক বাশুদেব মুড়াকে দিগেন্দ্র চন্দ্র দাস এবং লস্করপুর চা বাগানের শ্রমিক নিপেন বাকতিকে হেমেন্দ্র চন্দ্র দাস নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করার পর তারা এই দলিল করেন। সাব-রেজিস্টার নিতেন্দ্র লাল দাস পরে স্বীকার করেন রাজনৈতিক নেতার চাপে তিনি এই দলিল সম্পাদন করতে বাধ্য হয়েছিলেন।

  • খোয়াই নদীতে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে খোয়াই নদীতে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আরো দু’টি মেশিন বিকল করে দেয়াসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা জানান, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। রোববার দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের টের পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

    পরে খোয়াই নদীর মাছুলিয়া অংশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করা হয়েছে।

    অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানার একদল পুলিশ।

    উল্লেখ্য, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খোয়াই নদীর যশেরআব্দা এলাকার চরে অবৈধ ভাবে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক নিহত ও ৪ শ্রমিক আহত হয়।

  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ১ এপ্রিল

    হবিগঞ্জ নিউজঃ চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল ।

    ঢাকা শিক্ষা বোর্ড রোববার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

    সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

    প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    নির্দেশনায় বলা হয়েছ, পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে আসন গ্রহণ করতে হবে।

    সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • বাহুবলে প্রেমিক ও বন্ধু মিলে স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ

    টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবলঃ হবিগঞ্জের বাহুবলের পল্লীতে বই মেলায় নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুল ছাত্রীকে গনধর্ষন করেছে কথিত প্রেমিক ও তার সহযোগি চার বন্ধু। দিন ভর ধর্ষণ শেষে বিকালে বাড়ির পাশের রাস্তায় নামিয়ে দিয়ে যায় ধর্ষনকারীরা

    গত (২১ ফেব্রুয়ারী) বাহুবল বইমেলার শেষ দিনে এ ঘটনাটি ঘটে। অসহায় স্কুল ছাত্রীর পরিবার ধর্ষণকালীদের হুমকি আর ইজ্জ্বতের ভয়ে দামাচাপা দিতে চেয়েছিল। এদিকে ধর্ষিত স্কুল ছাত্রীর অবস্থার অবনতি ঘটলে শনিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে বাহুবল হাসপাতাল পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে ভর্তি করা হয়।

    জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য সে স্কুল গেটে আসে। এসময় সিএনজি নিয়ে হাজির হয় কথিত প্রেমিক আল মামুন। সে জনৈক স্কুল ছাত্রীকে বই মেলায় নিয়ে যাওয়ার কথা বলে। এসময় সরল মনে প্রেমিক মামুনের কথা বিশ্বাস করে তার ভাড়া করে নিয়ে আসা রকিব মিয়া নামের সিএনজি চালকের সিএনজি অটোরিক্সায় উঠে বই মেলায় যাওয়ার জন্য রওয়ানা হয়।

    এসময় সিএনজি বাহুবলের দিকে না গিয়ে পুটিজুরী পুলিশ ফাঁড়ির রাস্তা দিয়ে নিয়ে যায় প্রেমিক মামুন। কিছুক্ষণ যাওয়ার পর সিএনজিতে উঠে মামুনের বন্ধু তোফায়েল ও শিপন। এসময় ঐ স্কুল ছাত্রী চিৎকার দেয়ার চেষ্টা করলে মামুন ও তার বন্ধুরা স্কুল ছাত্রীর মুখ বন্ধ করে দেয়। পরে ঐ স্কুলছাত্রীকে বৃন্দাবন বাগানের পূর্ব পাশে জোরপূর্বক নিয়ে গিয়ে বাগান পাহারাদার সহ পালাক্রমে গনধর্ষন করে তারা।

    ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, ধর্ষণকারীরা হলেন যাদবপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মামুন মিয়া, মামুনের বন্ধু বাঘেরকাল গ্রামের সালাম মিয়ার ছেলে তোফায়েল ও মামুনের আরেক বন্ধু সিকরা টিলা গ্রামের সালাউদ্দীনের ছেলে শিপন মিয়া, মামুনের বন্ধু তোফায়েলের বোন জামাই বাগান পাহারাদার মিলে ঐ স্কুল ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।এসময় স্কুল ছাত্রী তাদের হাত থেকে বাঁচতে সুর চিৎকার করলেও তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি। এ অবস্থায় জনক এই স্কুল ছাত্রী অসহায় হয়ে পড়ে । এর কিছুক্ষণ পরই তাদের ভাড়া করা অন্য একটি সিএনজি গিয়ে সবাইকে নিয়ে আসে।

    পরে স্কুল ছাত্রীকে তার গ্রামের রাস্তার পাশে নামিয়ে দিয়ে তারা চলে যায়। এঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

    এ ব্যাপারে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি পরীক্ষার ডিউটিতে আছি।

    এবিষয়ে স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ বলেন, বাজারে শুনেছি এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।

    স্কুল ম্যানিজিং কমিটির সদস্য ও বর্তমান ওয়ার্ড মেম্বার আয়মন আলী বলেন, বিষয়টি শুনেছি। আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

    রোববার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিসাধীন অবস্থায় সে এ প্রতিনিধিকে জানায়, ২১ শে ফেব্রুয়ারীর দিন ভোরে সে স্কুলে যায়, এ্যাসেম্বলি শেষ করে সাড়ে ১০টার দিকে বাড়ি আসার পথে আল মামুন তাকে জোড়পূর্বক পাহাড়ে নিয়ে।

    মামলার প্রস্তুতি জানতে চাইলে সে জানায়, থানা থেকে পুলিশ আসছিল, আমার কথা রেকর্ড করে নিয়ে গেছেন।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আল মামুন নামের ছেলের সাথে প্রেম আছে বিষয়টির সত্যতা পেয়েছি। অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

  • শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃশজনশীল ও আদর্শ মানুষ হব।’ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।

    শনিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল।

    দুই দিন ব্যাপী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খুরশেদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শিল্পপতি এম সামছুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আলেয়া বেগম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।

    মেলায় দুই শতাধিক বিভিন্ন প্রজেক্টের উপর স্টল বসানো হয়েছে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

    এদিকে শিক্ষা মেলাকে ঘিরে শায়েস্তাগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা মেলা ঘুরে দেখেন। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষা মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মিলন মেলায় পরিনত হয়।

    ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক জানান- শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং তাদের শিখনকে ফলপ্রসু ও টেকসই করার জন্য প্রয়োজন কারিকুলামের প্রতিটি বিষয় পড়ার পাশাপাশি পঠিত বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে হাতে কলমে করানো এবং তাদের মাধ্যমেই উপস্থাপন করার জন্যই শিক্ষা মেলার আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও দুই দিন ব্যাপী শিক্ষা মেলার আয়োজন রয়েছে।

  • হবিগঞ্জে মাটি ধ্বসে এক শ্রমিক নিহত

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলনের সময় মাটি ধ্বসে এক শ্রমিক নিহত।

    নিহতের নাম মো. জনি (২৮)। সে সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

    শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি কাটছে একটি প্রভাবশালী মহল। শনিবার সকালেও ওই এলাকায় মাটি কাটতে যায় শ্রমিকরা।

    বেলা সাড়ে ১১টার দিকে মাটি কাটার সময় হঠাৎ মাটির একটি অংশ ধ্বসে পড়ে। এ সময় মো. জনিসহ তিন জন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই জনি নিহত হন।

    স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

    আহতরা হলেন- সদর উপজেলার রিচি গ্রামের এখলাছ মিয়া (২৫) ও সুমন মিয়া (২০)।

    হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।