Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ ৪ জন আটক

    নবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলো- পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮), রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)। আটককৃতরা মুর্তি চোর চক্রের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।

    পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এই মুর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। গত সোমবার গভীর রাতে ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এমন তথ্যের ভিত্তিতে  নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে একটি তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মুর্তি, হাতুড়ি, দাড়ালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।

    এ ব্যাপারে থানার এসআই শামছুল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।

    এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

    ওসি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে মুর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের নেপথ্যের লোকদের নামও বলেছে।

  • বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের নাম প্রকাশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের নাম প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চোখে সেরা ৫ কলেজ হচ্ছে রাজশাহী কলেজ,  বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, ও রংপুরের কারমাইকেল কলেজ।

    সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ তালিকা প্রকাশ করেন।

    বিভিন্ন ক্যাটাগরিভুক্ত সেরা নির্বাচিত এসব কলেজকে ২ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হবে। এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি থাকবেন।

    গাজীপুরের নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ২০১৫ খ্রিস্টাব্দ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) কলেজ  সমূহের ৩১টি কেপিআই এর ভিত্তিতে বার্ষিক পারফরমেন্স র‌্যাংকিং করে আসছি। এর ধারাবাহিকতায় কলেজ শিক্ষার মানোন্নয়ন বিষয়ের প্রতি দৃষ্টি রেখে ২০১৭ খ্রিস্টাব্দের জন্য প্রাথমিক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭১৮টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরমেন্স র‌্যাংকিং-এর উদ্যোগ  নেয়া হয়। ৩১টি কেপিআই অনুযায়ী অন-লাইনে তথ্য চাওয়া হয় কলেজগুলোর কাছে।  মোট ৩৫৪ টি কলেজের আবেদন পাওয়া যায়। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ১৮৯ কলেজকে র‌্যাংকিং-এর বিবেচনার যোগ্য ঘোষণা করা হয়। একটি বিশেষজ্ঞ কমিটি চূড়ান্তভাবে কলেজ র‌্যাংকিং-এর কাজটি সম্পাদন করে।

    ড. হারুন-অর-রশিদ বলেন, তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক স্কোরের ভিত্তিতে প্রথম ৫ (পাঁচ)টি সেরা কলেজ নির্বাচন করা হয়। তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১ টি মহিলা কলেজ নির্বাচন করা হয়েছে। তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১টি সরকারি কলেজ নির্বাচন; তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১টি বেসরকারি কলেজ নির্বাচন, ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী সর্বোচ্চ সেরা ১০ (দশ)টি কলেজ করে মোট ৮০টি কলেজ নির্বাচন করা হয়। নীতিমালার আলোকে সেরা কলেজসমূহের বিভাজন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল অঞ্চলে কম সংখ্যক কলেজ র‌্যাংকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়/কাক্ষিত স্কোর না পাওয়ায় সেখানে আঞ্চলিক ক্যাটাগরিতে ১০ (দশ)টির কম করে কলেজ নির্বাচিত হয়েছে।

    ঢাকা অঞ্চলে ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), ৬১ দশমিক ৮৪,সরকারি সা‘দত কলেজ, টাঙ্গাইল, ৬১দশমিক৭৮, তেজগাঁও কলেজ, ঢাকা, (বেসরকারি) ৫৯.৮৯, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা, (বেসরকারি) ৫৯.৬৪,  লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি), ৫৯.১০, সিদ্ধেশ^রী গার্লস কলেজ, ঢাকা (বেসরকারি), ৫৯.০৪,সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, ৫৮.৫০, সরকারি গুরুদয়াল কলেজ, ৫৮.৩৮, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা, (বেসরকারি), ৫৭.৯৩,আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি), ৫৬.৮৩।

    চট্টগ্রাম অঞ্চল সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ৬২দশমিক ৪৬, ফেনী সরকারি কলেজ, ফেনী, ৬০.০৩, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম, ৫৯.৯৪, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, ৫৭.২৭, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া, ৫৬.০০, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী, ৫৪.৫৬, হাটহাজারী কলেজ, চট্টগ্রাম, ৫৪.৪১, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম, ৫৩.৫২, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম, ৫৩.০১, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর, ৫২.৩৪।

    রাজশাহী অঞ্চল রাজশাহী কলেজ, রাজশাহী, ৭২দশমিক৯৬, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৬৬.১১, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৬৫.৯৬, ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী, ৫৬.৮৪,সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি), ৫৩.৭২, হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ ( বেসরকারি), ৫৩.২৪,সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ, ৫২.৯৫, দাওকান্দি কলেজ, রাজশাহী, ৫২.৬৩, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, (বেসরকারি), ৫১.৯০, এন. এস. সরকারি কলেজ, নাটের, ৫০.৭৮।

    খুলনা অঞ্চলে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা, ৬৩.২১, সরকারি এম এম কলেজ, যশোর, ৬১.৫৮, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া, ৬১.১৫, সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা, ( বেসরকারি), ৫৭.০৭, যশোর ক্যান্টমেন্ট কলেজ, যশোর, (বেসরকারি), ৫৫.৭৭, ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর, (বেসরকারি), ৫৫.৫৫, এম.এস. জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, (বেসরকারি),  ৫২.৩১,কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি), ৫১.৮১, খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা, (বেসরকারি), ৫১.৬২, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর, ৫১.৫৮।

    বরিশাল অঞ্চলে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, ৬৬.১৫,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, ৫১.২৪, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, ৪৫.৪৮, ভোলা সরকারি কলেজ, ভোলা, ৪৪.৮৬,

    সিলেট অঞ্চলে এম সি কলেজ, সিলেট, ৫৯.৫১,দক্ষিণ সুরমা কলেজ, সিলেট, ৫৩.৫১, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার, ৫২.৪৩, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, ৫২.১১, সরকারি মহিলা কলেজ, সিলেট, ৫০.৩৬, মদনমোহন কলেজ, সিলেট, ৪৯.৭৯, সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার, ৪৮.৫৫।

    রংপুর অঞ্চলে কারমাইকেল কলেজ, রংপুর, ৬৫.৭৯, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, ৬০.২৮, রংপুর সরকারি কলেজ, রংপুর, ৫৮.৫২, উত্তরবাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট (বেসরকারি), ৫৭.০২, হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট, ৫৫.৬০, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, ৫৪.৯৩,কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম, ৫১.৪৪, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, ৫০.৫৬, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা, ৫০.২৭, কে বি এম কলেজ, দিনাজপুর, (বেসরকারি), ৪৯.১৬।

    ময়মনসিংহ অঞ্চলে সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, ৬৪.৬৮,জাহানারা লতিফ মহিলা কলেজ, ময়মনসিংহ (বেসরকারি), ৫৫.০৩, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ, ৫২.২১, ইসলামপুর কলেজ, জামালপুর, ৫১.৩৫, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা, ৪৯.১৪, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ, ৪৯.০৭, কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ, ময়মনসিংহ, (বেসরকারি), ৪৮.৪৫।

    মডেল কলেজের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো:

    ঢাকা কমার্স কলেজ, ঢাকা, সিদ্ধেশ্বরী গালর্স কলেজ, ঢাকা, উত্তর বাংলা কলেজ, লালমনিরহাট, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া এবং রফিকুল ইসলাম ওমেনস্ কলেজ, কিশোরগঞ্জ।

    সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, পর্যায়ক্রমে মডেল কলেজের এ সংখ্যা বৃদ্ধি হবে। মডেল কলেজ হিসেবে নির্বাচিত কলেজগুলোকে বিভিন্ন প্রণোদনা দেয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে। প্রণোদনার মধ্যে রয়েছে, প্রতি বিষয়ে শ্রেষ্ঠ ফল অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান (২য় বর্ষ থেকে ৪র্থ বর্ষ),তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে কলেজকে আর্থিক সহায়তা, গ্রন্থাগারের জন্য মানসম্পন্ন পাঠ্যপুস্তক সরবরাহ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ সরবরাহ, শিক্ষক প্রশিক্ষণে অগ্রাধিকার, সায়েন্স ল্যাব উন্নয়নে আর্থিক সহায়তা, বিষয় অধিভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার এবং সার্টিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয়া হবে।

  • নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধিঃ খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল

    সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়।

    সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনির সভাপতিত্বে ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শিপন আহমেদ আছকির, আবুল কালাম আজাদ, রায়হান বেলাল, সহ-সাধারণ সম্পাদক মহসিন আলী মিশু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, মনিরুল ইসলাম মনি, কাউছার আহমেদ রনি, এ ছাড়া ও উপস্হিত ছিলেন আমিন আহমেদ, আরফিন আব্দাল রিয়াদ, সজিব আহমেদ হৃদয়, কামরুল প্রমুখ।

  • আজমিরীগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩ জন আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র পরিপন্থি কাজ করা, শৃঙ্খলা ভঙ্গ ও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে উল্লেখ করা হয়, দলের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় গঠনতন্ত্র পরিপন্থি, শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত থাকায় দলের সদস্য পদ স্থগিত করে দল থেকে বহিস্কার করা হলো।

    বহিস্কৃত নেতারা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায় ও সদস্য আমিনুল ইসলাম মবু।

  • শায়েস্তাগঞ্জে লুটপাট ও ছিনতাইয়ের মামলায় আসামীর জামিন না-মঞ্জুর

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লুটপাট ও ছিনতাইয়ের মামলায় এজাহারের অন্যতম আসামী লুৎফুর রহমানের (৩০) জামিন না-মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লুৎফুরসহ অপর ৫ আসামী জামিনের আবেদন করলে আদালত লুৎফুরের আবেদন জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

    অপর আসামী শহীদ মিয়া, রুকন মিয়া, আব্দুল ওয়াদুদ লাল মিয়া ও রফিক মিয়ার জামিন মঞ্জুর করেন।

    কারাগারে প্রেরনকৃত লুৎফুর শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেঞ্জাপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র।

    বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর উক্ত আসামীরা শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকার মৃত আব্দুল মুহিদের পুত্র মেসার্স সালাম স্টোরের স্বত্ত্বাধিকারী মো. আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে দোকানের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এছাড়া দোকানের নগদ টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে উল্লেখিতরা দোকানে থাকা সাক্ষী মাসুক মিয়াকে মারপিট করে রক্তাক্ত করে। তাদের সন্ত্রাসী তান্ডবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা বীরদর্পে চলে যায়। এ ব্যাপারে সালাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে তাঁরা আদালতে হাজির হয়।

  • বাহুবলের ৪ ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার

    বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলের হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রি, ঔষুধের গায়ে মূল্য লেখা না থাকা, যথাযথ প্রক্রিয়ায় ঔষুধ সংরক্ষণ না করা এবং অবৈধ ঔষুধ বিক্রির দায়ে এসব জরিমানা আরোপ করা হয়।

    এসময় জনকল্যান ফার্মেসিকে ১ হাজার টাকা, জননী ফার্মেসিকে ১ হাজার টাকা, যামেনি ফার্মেসিকে ২ হাজার টাকা এবং জান্নাত ফার্মেসিকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এস আই মান্নানের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

    অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

  • হবিগঞ্জে বিএনপির চার নেতা স্বতন্ত্র প্রার্থী

    নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হবিগঞ্জের আট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের গলার কাঁটা হিসেবে বিদ্রোহী প্রার্থীরা অনড় রয়েছেন। অপরদিকে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও চার নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন।

    গত মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন। হবিগঞ্জে নয়টি উপজেলা। প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলা ব্যতীত আটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১০ মার্চ। হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। একই দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

    বানিয়াচং উপজেলায় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান।

    আজমিরীগঞ্জ উপজেলায় নৌকার প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন। তিনি আওয়ামী লীগের সমর্থক। তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আতর আলী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। লাখাই উপজেলায় দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদ।

    চুনারুঘাট উপজেলায় নৌকার প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

    মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এহতেশামুল বার চৌধুরী লিপু। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিদ খান এমপি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের সভায় আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে বিএনপির যে চার নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তারা হলেন আজমিরীগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রহমান ঝলক, চুনারুঘাটে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন, মাধবপুর উপজেলায় জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও বানিয়াচংয়ে জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন।