Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

    হবিগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

    মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    শনিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে বরাবরের ন্যায় আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।

    জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য নূরুল হক, আব্দুল হান্নান, শেখ উম্মেদ আলী শামীম, ফারুক আহমেদ, জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক বদরুল আলম, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান প্রমুখ।

    উদ্বোধনী খেলায় ১-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে হবিগঞ্জ জেলা দল। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারী। আগামী ২১ জানুয়ারী হুমওয়ে পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ স্টেডিয়ামে হবিগঞ্জ বনাম ব্রাহ্মণবাড়িয়া দলের খেলা অনুষ্ঠিত হবে। হবিগঞ্জসহ এক গ্রুপে অংশ নিচ্ছে নরসিংদী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

  • বাহুবলে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

    বাহুবলে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

    হবিগঞ্জের বাহুবলে গাড়ি পার্কিং করা নিয়ে জুয়েল মিয়া নামে এক বাস শ্রমিককে পিঠিয়ে আহত করেছে সিএনজি অটোরিকশা শ্রমিকরা।

    আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর বাজার জোড়া ব্রিজে এই ঘটনা ঘটে।

    জানা যায়, হবিগঞ্জ-আউশকান্দি লাইনের মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জের দিকে যাওয়ার পথে মিরপুর জোড়া ব্রিজের কাছে পার্কিং করে যাত্রী উঠা-নামা নিয়ে শায়েস্তাগঞ্জ রোডে চলাচলরত সিএনজি অটোরিকশা শ্রমিকদের সাথে কথা-কাটাকাটি হয়।

    এই সময় সিএনজি অটোরিকশা শ্রমিকরা উত্তেজিত হয়ে বাসের সুপার ভাইজার জুয়েল মিয়ার ওপর আক্রমণ করে পিঠিয়ে আহত করে।

    তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও বাস মালিক সমিতির লোকেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    পরে বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে গাড়ি আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখে।

    এই সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে হাজারো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

    খবর শুনে বেলা দেড়টার দিকে বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সহ একদল পুলিশ ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্ধ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যাড়িকেড তুলে দেন।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরোধীয় বিষয়টি নিষ্পত্তির লক্ষে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কাল রোববার দুই শ্রমিক পক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসবে।

  • চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ ২ পাচারকারী আটক

    চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ ২ পাচারকারী আটক

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চাপাতা জব্দ করেছে সিআইডি। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

    শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে জেলা সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোররাতে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান এলাকা থেকে ভারতীয় নিম্নমানের চাপাতা জব্দ জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলা দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে মো রতন মিয়া (১৮) ও একই উপজেলার কালিসিঁড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া (২২)। তারা দুজনই পিকআপ চালক। তবে এ সময় মূল পাচারকারীরা পালিয়ে যায়।

    প্রেস ব্রিফিংয়ে সিআইডির পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, “শুক্রবার ভোররাতে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁনপুর বাগান দিয়ে যাচ্ছিল। এ সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে চোরাই চা পাতা পায়। পরে গাড়ির দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৯ শত টাকা।”

    এ ব্যাপারে সিআইডি পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।

  • মাধবপুরে কান্দাল জাতীয় ফসল কাসাবা চাষে সবুজ বিপ্লব

    মাধবপুরে কান্দাল জাতীয় ফসল কাসাবা চাষে সবুজ বিপ্লব

    লিটন পাঠানঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কান্দাল জাতীয় ফসল কাসাবা চাষাবাদে নতুন সবুজ বিপ্লবের শুরু হয়েছে। যে সব জমি বছরের পর বছর পতিত থাকত এখন এসব জমি কাসাবা চাষাবাদের আওতায় এসেছে।

    হবিগঞ্জে বিভিন্ন কৃষিজাত শিল্প কারখানায় কাসাবা (শিমুলী আলু) জাতীয় ফসলের কাঁচামালের ব্যাপক চাহিদা থাকায় শিল্প কারখানার মালিকরা কাসাবা চাষে কৃষকদের আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং সময়মতো ভাল দামে কাসাবা কিনে নিচ্ছে। এ কারণে মাধবপুরের ৫টি ইউনিয়নে এখন ব্যাপক হারে কৃষকরা কাসাবা চাষাবাদ করছেন ।

    মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কাসাবা চাষী জমশেদ খান বলেন, “হবিগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানিতে উৎপাদিক কৃষি খাদ্যে কাসাবা ব্যবহার করা হয়। একারণে তাদের উৎসাহ প্রেরণায় প্রথমে আমি কিছু জায়গায় কাসাবা চাষাবাদ করি। ফলন ভাল ও উৎপাদন খরচ কম এবং ভাল দামে বিক্রি করে আমি লাভবান হই। এরপর থেকে আমার কাসাবা চাষাবাদ অনুসরণ করে এলাকার শতশত কৃষক এখন কাসাবা চাষাবাদ করছেন।”

    কৃষক জুলহাস উদ্দিন বিগত দিনে কৃষকরা বিভিন্ন সবজি চাষাবাদ করে খরা ও। অতিবৃষ্টির কারণে কৃষকরা যখন ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন। তখন স্থানীয় বিভিন্ন কাসাবা সরবরাহকারী কৃষিজাত পণ্য শিল্প কারখানা লোকজন কৃষকদের কাসাবা চাষাবাদ করতে উৎসাহ যোগায়।

    কাসাবা চাষাবাদে পোকামাকড়ের কোন আক্রমন নেই । এ কারণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয় না। ফাল্গুন চৈএ মাসে শিখর জমিতে রোপন করতে হয়। ঠিক আলু চাষের মত অন্যান্য পরিচর্যা করতে হয়।

    এখন মাধবপুর উপজেলার শাহজাহানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, বহরা ও চৌমুহনী ইউনিয়নের শত শত কৃষক কাসাবা চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। কাসাবা চাষাবাদের সঙ্গে অনেক মানুষ জড়িত হওয়ার কারণে অনেক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

    মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, “কাসাবা আদি চাষাবাদ ব্রাজিলে। স্থানীয়ভাবে এটাকে কাসাবার পাশাপাশি শিমুলী আলু বলে থাকে। কাসাবা দেখতে ঠিক মিষ্টি আলুর মত। কাসাবা খুব ঠান্ডা জাতীয় ফসল। সবজি হিসেবে ও রান্না করে খাওয়া যায়।”

    মিষ্টার সাইফুল আরো বলেন, “বাংলাদেশে কাসাবার ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন শিল্প কারখানার ঔষধ, খাদ্য সামগ্রীতে কাঁচামাল হিসেবে কাসাবা ব্যবহৃত হয়। প্রক্রিয়াজাত করে কাসাবা থেকে তরল গ্লুকোজ এবং ময়দা জাতীয় উপকরণ তৈরি করা হয়। মাধবপুরে এখন প্রায় ৫শ একর জায়গায় কাসাবা চাষাবাদ হচ্ছে। যেগুলো বিভিন্ন কৃষিজাত শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে প্রচুর আর্থিক মৃল্য ও চাহিদা রয়েছে। কাসাবা চাষাবাদে কৃষকদের সবরকম সহযোগিতা করা হচ্ছে।”

  • এক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

    এক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

    বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন গত ১ বছরের ভিতর সকল দেনা পরিশোধ করে বিমান মন্ত্রনালয় ২৭৩ কোটি টাকা আয় করেছে। বিমান এখন একটি লাভ জনক প্রতিষ্টানে রূপ
    নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে হরষপুর মনতলা রেল স্টেশনে আন্তনগর সকল ধরনের ট্রেনের স্টেপিজ ব্যবস্থা করা হবে।

    ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নিত করার প্রকল্প সরকার  হাতে নিয়েছে। ঢাকা সিলেট রেল লাইন ডাবল করার  কার্যক্রম শুরু হবে। এ গুলো হয়ে গুলো যাত্রীাদের দূর্ভোগ  কমে আসবে।

    এক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

    তিনি শুক্রবার সকালে মাধবপুর উপজেলার কাজিরচক নেছারিয়া দাখির মাদ্রসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

    সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর নুর, রহম আলী, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার , অধ্যক্ষ সিরাজুল হক প্রমূখ

  • বানিয়াচংয়ে দুর্নীতির কারণে রাস্তার কাজ বন্ধ

    বানিয়াচংয়ে দুর্নীতির কারণে রাস্তার কাজ বন্ধ

    বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

    নিম্নমানের সামগ্রী দিয়ে  কাজ করার অভিযোগে এই কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

    উপজেলা প্রকৌশল সুত্রে জানা যায়, আইআরআইডিপি-২ প্রকল্পের আওতায় বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর চক বাজার পয়েন্ট হতে গড়ের ঢালা সড়কের ১৩৪০মিটার কাজ টেন্ডারের মাধ্যমে কাজ পায় বি-বাড়িয়ার মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ৭৪ লাখ ৪২ হাজার ১শ ৬৬ টাকা।

    হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান গত ২০১৮ সালের ৩০ অক্টোবর এই রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    কাগজে কলমে হাসান এন্টারপ্রাইজের নাম থাকলেও মুলত কাজ করছেন বানিয়াচংয়ের উজ্জ্বল মিয়া নামে আরেক ঠিকাদার।

    সাব ঠিকাদার হিসেবে তিনি এই রাস্তার কাজ করাচ্ছেন। দীর্ঘ ১৫ মাস পর অবশেষে গত ১ সপ্তাহ পূর্বে ওই ঠিকাদার কাজ শুরু করলেও শুরুতেই রাস্তার মধ্যে নিম্নমানের ইটের ছুঁড়কি ফেলে কাজ শুরু করেন।

    পাশাপাশি রাস্তার উভয়পাশে দুই নাম্বারি ইট দিয়ে এজিংয়ের কাজও কিছু কিছু জায়গায় করে ফেলে ঠিকাদার। এরই মধ্যে রাস্তার অধিকাংশ স্থানে মাটি ভরাট করানো হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সকালে পুনরায় কাজ শুরু করলে এলাকাবাসী মিলে এসব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করতে নিষেধ করেন শ্রমিকদের।

    এক পর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পরে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন।

    এলাকাবাসী মাসুদ মিয়া (মেম্বার), হুসমত আলী ও আলাল মিয়া অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকালে নিম্ন মানের ইট দিয়ে রাস্তার কাজ শুরু করার খবর পাওয়ার পর আমরা এলাকাবাসীদের সাথে নিয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করি। পরে কাজ বন্ধ করে নির্মাণ শ্রমিকরা চলে যায়।

    এই ব্যাপারে সাব ঠিকাদার উজ্জ্বল মিয়া জানান, রাস্তার মধ্যে কিছু গর্ত থাকার ফলে এসব জায়গায় নরম ইটের খোয়া দেয়া হয়েছে।

    ভালো ইটের খোয়া উপরে দেয়া হবে। রাস্তার পাশের এজিং আটকানের জন্য এসব দেয়া হচ্ছে। তবে কাজতো চলমান ই আছে বলে দাবি করেন তিনি।

    উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক জানিয়েছেন-এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে সেটা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • মোবাইলের জন্য প্রাণ দিতে হলো স্কুল ছাত্র কে

    মোবাইলের জন্য প্রাণ দিতে হলো স্কুল ছাত্র কে

    হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র শিশু ইসমাইল হোসেন বিদয় হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছে।

    বাবার বিদেশ থেকে দেয়া মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

    আর এক মাসের পরিকল্পনায় এ হত্যাকান্ড ঘটিয়েছে প্রতিবেশী হবিগঞ্জ জেকেএন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার মারুফ ওরফে সাইমিন।

    সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য দিয়েছে গ্রেফতারকৃত সাইমিন নিজেই।

    তার স্বীকারোক্তির বরাত দিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএ-পিপিএম)।

    প্রেস বিজ্ঞপ্তি করার সময় পুলিশ সুপার।
    প্রেস বিজ্ঞপ্তি করার সময় পুলিশ সুপার।

     

    তিনি বলেন, গত ১০ জানুয়ারী উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন বিদয় (১০) পোদ্দারবাড়ি এলাকায় নাটক দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়।

    প্রতিবেশী শাহরিয়ার মারুফ ওরফে সাইমিন নাটক দেখানোর জন্য তাকে নিয়ে যায়।

    কিন্তু রাত ৮টা পর্যন্ত বিদয় বাড়িতে ফিরে না আসায় তার মা বিষয়টি চাচাদের জানিয়ে বিদয়ের সাথে থাকা মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের জন্য বলেন। বার বার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পান পরিবারের সদস্যরা।

    আশপাশে খোঁজাখুজি করে তাকে না পেয়ে মা শাহেনা আক্তার ওই দিন সদর মডেল থানায় এসে একটি সাধারণ ডায়রি করেন।

    সাধারণ ডায়রি নং-৫৩৭। বিভিন্ন পত্রিকায় নিখোঁজের সংবাদও ছাপা হয়। মাইকিং করা হয়। বিদয়ের নিখোঁজের বিষয়টি থানা পুলিশ তদন্ত অব্যাহত রাখে।

    বিদয়কে খোঁজাখোঁজি করা অবস্থায় ১৩ জানুয়ারি সকাল ১০টায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের পাশে খোয়াই নদীর কিনারায় পানিতে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

    বিষয়টি থানায় অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রবিউল ইসলাম (পিপিএম), সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে লাশ উদ্ধার করে।

    পরে নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহটি ইসমাইল হোসেন বিদয়ের লাশ বলে সনাক্ত করেন।

    নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়।

    এ ব্যাপারে নিহত বিদয়ের চাচা মোঃ টেনু মিয়া ১৪ জানুয়ারী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে।

    অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম), তদন্তকারী অফিসারসহ পুলিশের একটি টিম গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৪ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় ঘটনার সাথে জড়িত সন্দেহে শাহরিয়ার মারুফ ওরফে সায়মিনকে তেঘরিয়া এলাকা থেকে গ্রেফতার করেন।

    আসামি সাইমিন।

    লাশ উদ্ধারের পর থেকে সায়মিন নিজেকে আড়াল করে রাখে। আসামীকে গ্রেফতারের পর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের (পিপিএম) নেতৃত্বে তাকে ঘটনার ব্যাপারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। অবশেষে সে বুধবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

    আদালতে সাইমিন জানায়, পাশ্বর্বতী বাড়ির নিহত ইসমাইল হোসেন বিদয়ের হাতে একমাস পূর্বে একটি বিদেশী ক্যামেরা মোবাইল সেট সে দেখে।

    মোবাইল সেটটি তার বাবা বিদেশ থেকে পাঠিয়েছেন। মোবাইল সেট নিয়ে বিদয় নদীর পাড়ে তার সহপাঠিদের ছবি তোলে। উক্ত মোবাইল সেটের প্রতি আসামী সাইমিনের প্রচন্ড লোভ হয়।

    এ কারনে সে বিদয়ের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে ১০ জানুয়ারী বিকেলে সাইমিন শহরের পোদ্দারবাড়ি এলাকায় নাটক দেখার জন্য বিদয়কে প্রস্তাব দেয়।

    বিদয়কে মোবাইল সেট দিয়ে নাটকের ছবি ও ভিডিও করার পরামর্শ দেয়। এতে সে রাজি হয়। সেই অনুযায়ী সাইমিন বিকাল ৪টার দিকে বিদয়কে নিয়ে রওয়ানা হয়।

    তারা ধুলিয়াখাল-মিরপুর রোডের মশাজান ব্রিজের পর সিএনজি থেকে নামে। বিদয়কে নিয়ে আসামী সাইমিন তার নানা বাড়ি চরহামুয়া নোয়াবাদ যাওয়ার জন্য নদীর বেড়িবাধ দিয়ে রওয়ানা হয়।

    চরহামুয়া গ্রামের নদীর বেড়ি বাধে গিয়ে নদীর চড়ে সবজী ও শস্যক্ষেত দেখে গ্রেফতারকৃত সাইমিন বিদয়কে নদীর ধারে গিয়ে ছবি তুলতে বললে বিদয় নদীর কিনারায় যায়।

    নাটকের মতো অভিনয় করে সাইমিন কলাগাছের ছোলা দিয়ে বিদয়ের দুই হাত সামনে দিয়ে বাঁধে, পা দুইটিও বাঁধে।

    সাইমিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছবি তোলার ভান করে নদীর পাড়ে একটি বাঁশের মোড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে বিদয়ের মাথায় উপর্যুপুরি কয়েকটি বাড়ি মারে।

    এতে বিদয় মারাত্মক আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে বিদয়কে ধাক্কা মেরে খোঁয়াই নদীর পানিতে ফেলে দ্রুত মোবাইল ফোনটি নিয়ে নিজ বাড়িতে চলে সাইমিন।

    পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, বিদয়ের মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

    সাইমিন উক্ত হত্যাকান্ডের ঘটনায় এখন অনুতপ্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিপিএম, ডিআই-১ কাজী কামাল উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, এসআই মোঃ সাহিদ মিয়া প্রমূখ।