Category: হবিগঞ্জ

  • পেছাতে পারে এইচএসসি পরীক্ষা

    পেছাতে পারে এইচএসসি পরীক্ষা

    রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষাও পিছিয়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে।

    আগামী রোববার অথবা সোমবারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    দেশের একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এমন আভাসই দিয়েছেন।

    এর আগে ১৬ মার্চ করোনাভাইরাস সতর্কতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

    তবে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

    শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান, এইচএসসি পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও বাস্তবে পাবলিক পরীক্ষা নেয়ার মতো অবস্থা এখন নেই। এ অভিমত তারা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন।

    বোর্ড চেয়ারম্যানদের এমন মতামতের পরিপ্রেক্ষিতে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

    প্রতিটি পাবলিক পরীক্ষার এক সপ্তাহ আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা বাতিল হওয়া পরীক্ষা পিছিয়ে দেয়ারই ইঙ্গিত বলে জানান তারা।

    পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে কিনা- জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে বলেন, ‘অনেকটা তাই। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার বা সোমবারের মধ্যে আমরা সংশ্নিষ্ট সবাইকে জানিয়ে দেব।’

    সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মজিদুল ইসলাম বলেন, ‘এখনও ফাইনাল সিদ্ধান্ত না হলেও বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম।’

    শিক্ষা বোর্ডগুলোর সূত্র জানিয়েছে, পরীক্ষার সঙ্গে সংশ্নিষ্ট শিক্ষক ও কর্মকর্তারাও আতঙ্কে আছেন। সরকার সভা সমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে গত সোমবার ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষাকেন্দ্রের সচিবদের সভা ডাকা হলেও স্থগিত করা হয় তা।

    রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকবুল হোসেন বলেন, ‘প্রায় ৬০০ থেকে ৭০০ কেন্দ্র সচিবকে নিয়ে এ সভা করতে হয়। এ মুহূর্তে বিপুলসংখ্যক মানুষের সমাগম আমরা সঠিক মনে করিনি। তাই সভা না করে সব নির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।’

    যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমির হোসেন বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরীক্ষা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও দু-একদিন অপেক্ষা করুন। সবই জানতে পারবেন।’

    প্রসঙ্গত আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

  • হবিগঞ্জে সভা-সমাবেশ, অনুষ্ঠান ও কমিউনিটি সেন্টার বন্ধ

    হবিগঞ্জে সভা-সমাবেশ, অনুষ্ঠান ও কমিউনিটি সেন্টার বন্ধ

    হবিগঞ্জে সব ধরণের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা প্রতিরোধে এখন থেকে হবিগঞ্জ জেলায় সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি সকল কমিউনিটি সেন্টার বন্ধ রাখতে হবে।

    এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।

    এছাড়া, জ্বর, সর্দি, কাশি উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মসজিদ, মন্দিরে না আসারও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে

    বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে

    ইতালিফেরত এক ব্যক্তির পরিবারের তিন সদস্যের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

    অধ্যাপক আজাদ বলেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, বয়স ২২ বছর। আর দুইজন পুরুষ; একজনের বয়স ৬৫ বছর, অন্যজনের ৩২।

    “তারা তিনজনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন এবং একই পরিবারের সদস্য। তারা ইটালি ফেরত পরিবারের একজনের সংস্পর্শে এসেছিলেন। যিনি আগেই আক্রান্ত হয়েছেন।

    ”আক্রান্ত তরুণীর মধ্যে উপসর্গ খুবই মৃদু। বাকি দুজনের জ্বর রয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অন্য কোনো শারীরিক সমস্যা নেই।

    করোনা ভাইরাস

    আক্রান্ত ১৭ জন ছাড়াও বাংলাদেশে এখন মোট ১৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন।

    সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বুধবারের ব্রিফিংয়ে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর খবর দেয়৷  সত্তরোর্ধ্ব ওই ব্যক্তি অ্যামেরিকা ফেরত এক স্বজনের সংস্পর্শে এসেছিলেন৷

    বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর।

    বিশ্বের ১৫৮টি দেশে ২ লাখ ১৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃতের সংখ্যা ৮৮০০ ছাড়িয়ে গেছে।

  • শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

    শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়েছে মর্মে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করে। এতে করে তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার

    স্থানীয় সূত্র জানায়- ভ্রাম্যমান আদালতের অভিযানকালে স্টেশন রোডে বিপ্লব পাল ও তার ভাইয়ের দোকান ও দাউদনগর বাজরে আমিন মিয়ার দোকানে পেঁয়াজের প্রকৃত মূল্য ৫০টাকার স্থলে ৭০-১০০ টাকায় বিক্রি করছিল। এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

  • মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

    মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

    হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসির বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার বরের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন।

    তিনি জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আবু তাহেরের তিন ছেলে ফ্রান্স থাকতেন। সম্প্রতি তারা দেশে ফিরে আসেন। ৫ মাস আগে আসা বড় ছেলে মাহবুবর রহমানের বিয়ে ঠিক হয় চুনারুঘাট উপজেলার জনৈক ব্যক্তির মেয়ের সাথে।

    বিয়ে ঠিক হওয়ার পর গত ১৪ মার্চ দেশে ফিরেন ছোট ছেলে আতিকুর রহমান। বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার।

    মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

    এ সময় বিয়ের অনুষ্ঠানে লোকসমাগম হওয়ার আশঙ্কায় বিয়ে বন্ধ করে দিতে নির্দেশ দেন তিনি। পরে বরের পিতার কাছ থেকে মুছলেখা নিয়ে বিয়ের সম্পুর্ণ অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আসেন। একই সাথে ছোট ছেলে আতিকুর রহমানকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।

  • সদর উপজেলায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

    সদর উপজেলায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

    হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়ার পুকুর থেকে অনুফা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী, শাশুড়ি ও জা’কে আটক করা হয়েছে। নিহত ওই কিশোরী হনুফা আক্তার (১৫) পশ্চিম এড়ালিয়া গ্রামের বাসিন্দা সওদাগর মিয়ার মেয়ে।

    পুলিশ ‍সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তারা মসজিদের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন। তারা বিষয়টি সদর থানায় অবহিত করলে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী।

    পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    সদর উপজেলায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

    ওসি মাসুক আলীর নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বিলাল মিয়া (১৮), শাশুড়ি আব্দুল হাসিমের স্ত্রী চান্দি বেগম (৪৫), জা রাজু মিয়ার স্ত্রী খোদেজা বেগমকে (১৬) আটক করা হয়।

    স্থানীয়রা জানাযায়, অনুফা আক্তার ও তার স্বামী বিলাল মিয়া চাচাতো ভাই-বোন। তারা প্রায় ৭ মাস আগে পালিয়ে বিয়ে করে।

    বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ

    এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, “মৃতদেহে আঘাতের দাগ রয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।”

  • বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ

    বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে।

    বুধবার রাতে ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার দোয়াখানি এলাকায় এ ঘটনা ঘটে।

    ধর্ষিতা কিশোরীর মা জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে সরকার কর্তৃক নির্ধারিত ১০ টাকা মুল্যের চাল কিনতে যান। এ সময় ওই কিশোরী ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী শামছুল হকের ছেলে নুরুল হক (২২) তার ঘরে প্রবেশ করে মুখে কাপড় বেধে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ঘটনার বিস্তারিত জানেন। স্থানীয় মোরব্বিদের বিষয়টি জানানোর পর রাতে ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    হবিগঞ্জে আড়াই হাজার বিদেশ ফেরতের মধ্যে ৫৩ জন হোম কোয়ারেন্টাইনে

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখনও অভিযোগ পাইনি। আমরা নিজ উদ্যোগেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্তে ঘটনার প্রমাণ পেলে আইননুগ ব্যবস্থা নেয়া হবে।”