Category: হবিগঞ্জ

  • ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক গ্রেফতার

    ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক গ্রেফতার

    হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাসগুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জহির বিরুদ্ধে তার সম্পাদিত পত্রিকায় প্রতিবেদন প্রকাশের কারণে দায়ের এক মামলা বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

    হবিগঞ্জের এএসপি (সদর সার্কেল) রবিউল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় সুশান্ত দাস গুপ্ত কে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও প্রেরণ করা হয়েছে।

    সুশান্তের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির। দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকরা যখন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তুলছেন তখন হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন জহির।

    এ ব্যাপারে সায়েদুজ্জামান জহির বলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জহির হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য। তার বিরুদ্ধে সুশান্ত দাসগুপ্ত নিজের সম্পাদিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন এবং ফেসবুকেও এসব অপপ্রচার চালাচ্ছেন। এতে সংগঠনের সদস্যের মানহানি হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা করেছি।

    সাংসদ জহিরের বিরুদ্ধে কী অপপ্রচার চালানো হয়েছে জানতে চাইলে কোনো জবাব দিতে চাননি মামলার বাদী স্থানীয় প্রেসক্লাবের এই সাধারণ সম্পাদক।

    সুশান্ত দাসগুপ্ত পত্রিকা সম্পাদনার পাশপাশি ‘আমার এমপি’ নামে নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা ও আমার ব্লগ নামে একটি বাংলা ব্লগ পরিচালনার সাথে যুক্ত রয়েছেন।

  • মাধবপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার ও শিশু খাদ্য বিতরণ

    মাধবপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার ও শিশু খাদ্য বিতরণ

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের সম্মুখে ধর্মঘর ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে

    নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) কর্মহীন বিপন্ন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও তাৎক্ষণিক মানবিক সহায়তা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ মে) সকালে ধর্মঘর ইউনিয়নের ১০০ জন কর্মহীন বিপন্ন মানুষের মাঝে চাল, চিনি, তেল, সেমাই, দুধ ও আলু বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, মাধবপুর উপজেলার উপ সহকারী প্রকৌশলী এলজিইডি আনোয়ার হোসেন ও প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগণ।

    সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন বিপন্ন, মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং শিশু খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।

  • শায়েস্তাগঞ্জে ২শ পরিবারকে খাদ্যের সাথে মুরগি উপহার দিয়েছে সারোয়ার গ্রুপ

    শায়েস্তাগঞ্জে ২শ পরিবারকে খাদ্যের সাথে মুরগি উপহার দিয়েছে সারোয়ার গ্রুপ

    সৈয়দ আখলাখ উদ্দিন মনসুরঃ বর্তমান পরিস্থিতিতে ২ শ কর্মহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর সাথে এবার একটি করে মুরগিও দিয়েছে সারোয়ার গ্রুপ।

    ২১মে সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৪০টি সহ মোট ২শতটি গৃহবন্দি অসহায় পরিবারে খাদ্যসামগ্রী ও একটি করে মুরগি প্রদান করা হয়।

    শায়েস্তাগঞ্জের সারোয়ার গ্রুপের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম শাকিল উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করে দেন। এ সময় সারোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ সাদাত চকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।

    সূত্র জানায়, এ ঈদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কর্মহীনদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফেরাতে উদ্যোগ নিয়েছে সারোয়ার গ্রুপ। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সারোয়ার গ্রুপের নিজস্ব অর্থায়নে উপজেলার পৌর শহর, গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রতিদিন ঈদ সামগ্রী বিতরণ করছে।

    সারোয়ার গ্রুপের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম শাকিলের শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার এলাকাস্থ অফিস প্রাঙ্গণে ১৭মে থেকে এ কার্যক্রম শুরু হয়। নিঃস্বার্থ এ সমাজসেবক নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

    লোকজন তাঁর এ জনকল্যাণমুখী কাজের প্রশংসা করছেন। উপহারের মধ্যে রয়েছে চাল, সয়াবিন তেল, সেমাই, নুডুলস, চিনি, গুঁড়া দুধ, চিপস-স্ন্যাকস ও হ্যান্ড ওয়াশ ইত্যাদি। এবার তার সাথে যুক্ত হলো মুরগি। এই উপহার সামগ্রী বিতরণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন মোঃ সারোয়ার আলম শাকিল।

  • মাধবপুর সমাজসেবা অধিদপ্তরের ঈদ সামগ্রী বিতরণ

    মাধবপুর সমাজসেবা অধিদপ্তরের ঈদ সামগ্রী বিতরণ

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুরে অসহায় বিভিন্ন শ্রেনীর পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে সমাজসেবা অধিদপ্তর।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন বিপর্যস্ত। অঘোষিত লক ডাউন চলায় খাবারের অভাবে দিশেহারা হয়ে যাচ্ছে সাধারন মানুষ। খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবির মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারের বিভিন্ন দপ্তর অসহায়দের খাবারের ব্যবস্থায় নিজেদের নিয়োজিত করেছেন।

    করোনা ভাইরাস জনিত দুর্যোগ মোকাবেলায় মাধবপুর সমাজসেবা অধিদপ্তর উপজেলায় যারা বিকলাঙ্গ, নাপিত, বিপন্ন পরিবার, ভিক্ষুক, ভ্যান শ্রমিক তাদের খুজে বের করে ঈদ সামগ্রী হাতে তুলে দিয়েছেন।

    জানা যায় বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার বিভিন্ন পেশাজীবির অসহায় ও দুস্থ ৭৫ টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি আলু, গুড়ো দুধ, ২ পেকেট সেমাই বিতরন করা হয়।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার জানান, বৈশ্বিক মহামারীতে দেশের কর্মহীন অসহায় মানুষরা খারাপ অবস্থার মাঝে জীবন যাপন করছে। মাধবপুর উপজেলায় যারা এ পর্যন্ত কিছুই পায়নি, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, লন্ড্রি শ্রমিক, ভিক্ষুক, ইমারত শ্রমিক, রিক্সা চালক, অসুস্থ বৃদ্ধ তাদের খুজে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করেছি। আমাদের এই চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

  • রাতের আঁধারে প্রতিনিয়ত হেঁটে বেড়াচ্ছেন জি কে গউছ।

    রাতের আঁধারে প্রতিনিয়ত হেঁটে বেড়াচ্ছেন জি কে গউছ।

    প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ পৌর সভার সাবেক তিনবারের নির্বাচিত এবং পদত্যাগকারী মেয়র জনাব আলহাজ্ব জি কে গউছ তার নিজস্ব উদ্যোগে ধারাবাহিকভাবে শহরে এবং বিভিন্ন গ্রাম মহল্লায় অসহায় ও ঘরবন্দি মানুষের মধ্যে পৌছে দিচ্ছেন ত্রাণ।

    আজ তার ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ধুলিয়াখাল, ভাদৈ এবং শহরের নতুন বাসস্ট্যান্ড ও ইনাতাবাদ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    জি কে গউছ বলেন, ‘আমি আমার সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করছি। যদিও আমি এখন কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নেই। তবুও মানুষের পাশে দাড়ানোর প্রবল ইচ্ছে আমাকে ঘরে থাকতে দেয়না। তাই আমি আশা করব সকল বিত্তবানরা এই দুর্যোগে মানুষের পাশে এগিয়ে আসবেন। এবং আমার জন্য দোয়া রাখবেন যেনো আমি অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে থাকতে পারি’।

  • হবিগঞ্জ শহরে বিষপ্রয়োগে গৃহবধূর মৃত্যু

    হবিগঞ্জ শহরে বিষপ্রয়োগে গৃহবধূর মৃত্যু

    হবিগঞ্জ শহরে উমেদনগর এলাকায়  বিষপ্রয়োগ  করে শাহিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ মারা গেছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে মাধবপুর উপজেলার ছানভাঙ্গা গ্রামের শাহিনা আক্তার (২২) এর বিয়ে হয় পৌর এলাকার উমেদনগর গ্রামের ইমরান মিয়ার সাথে।

    বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে ছিল। গতকাল বিকেলে শাহিনা বিষপান করে ছটফট শুরু করে। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    এ দিকে নিহত শাহিনার বাড়ির লোকজন খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে আসেন। এ সময় তারা তাদের কন্যাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন।

    অপর দিকে শাহিনার শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছেন শাহিনা বিষপান করে আত্মহত্যা করেছে। তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন শাহিনাকে বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

  • আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যেনো মারামারির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।আবারও আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে৷

    সোমবার বিকাল আনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ পৌরসভাধীন আজিমনগর লম্বাহাটীর (নতুন বাড়ী)র সবুর মিয়ার ছেলে জহির (২০)এর সাথে পার্শ্ববর্তী পাড়া আজিমনগর মুন্সীহাটী (নতুনবাড়ী)র হেলিম মিয়ার পুত্র তুষার (১৮) কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বিষয়টি শেষের উদ্যেগ নেয়৷ এরই সুত্র ধরে রাত আনুমানিক ৮ টায় সবুর মিয়ার লোকজন মুন্সীহাটী নতুন বাড়ীতে হামলা চালায়৷ এরই রেশ ধরে লম্বাহাটী এবং মুন্সীহাটীর লোকজন দেশীয় অস্র সস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ প্রায় শতাধিক লোক আহত হয়৷

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘন্টা খানেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

    সংঘর্ষে আহতরা হলো, তুষার, জহির, রাহাত, খালেদ, রবিন, সাইদুর, ফজল, মহিবুর, অমিত, আজুফা বেগম, হাবিবা আক্তার, সবুর, হেলিম, রাজু, জসিম, জাহিদুল, হৃদয়, রুবেল, মান্নান, আ. জব্বার, আক্কাছ, চাদ, জানু, ফুল মিয়া প্রমুখ৷

    স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এর মধ্য গুরুতর আহত অবস্থায় রাহাত (২৮), রবিন (৩০), মান্নান (৩০), আ. জব্বার,(৪২), আক্কাছ (৩০), মহিবুর (৩০), চাদ (২৭), হেলিম (৫৫), জানু (২৬), ফুল মিয়া, (২৮), আজুফা (৩৩) সহমোট ১১ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে আমরা গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনি, বর্তমানে আশেপাশের এলাকা শান্ত রয়েছে৷