Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে গভীর রাতে দোকান বন্ধ রাখার মাইকিং

    বানিয়াচংয়ে গভীর রাতে দোকান বন্ধ রাখার মাইকিং

    হবিগঞ্জের বানিয়াচংয়ে সাম্প্রতিককালে বিভিন্ন বাজারে চুরি বৃদ্ধি পাওয়ার ঘটনায় স্থানীয় বড়বাজারের ব্যাবসায়ীগন গভীর রাতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দোকান বন্ধ রাখার জন্য এবং ক্রেতা সাধারনকে জানানোর জন্য মাইকিং করা হয়।

    রাত ১১ টার পর দোকান বন্ধ রাখা ও প্রত্যেক দোকানের সামনে রাতে ইলেকট্রিক বাতি জ্বালানো ও প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির পক্ষ থেকে।

    এছাড়াও বাজার সমিতির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    ১৫ নভেম্বর রবিবার এ জন্য মাইকিং করা হয়েছে।

    এ ব্যাপারে বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন জানান, “বাজারের ব্যাবসায়ীদের কল্যানে যা যা করার দরকার আমরা সমিতির পক্ষ থেকে তাই করবো।”

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, “আমার পুলিশ প্রশাসন রাতের বেলা না ঘুমিয়ে জনগনের জানমাল পাহারা দিচ্ছেন। বড়বাজার ও আশপাশের এলাকাটি গুরুত্বপূর্ন এখানে উপজেলা প্রশাসন, ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ন প্রতিষ্টান রয়েছে। সার্বক্ষনিক নজরদারি করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলে ভালো হবে।”

    “বড়বাজার ব্যাবসায়ী সমিতির এই উদ্যোগ ভালো। অন্যান্য বাজারেও যদি এ ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে ব্যাবসায়ীগন নিজেরাই উপকৃত হবেন।”

  • আজ মেজর জেনারেল এম এ রবের মৃত্যু বার্ষিকী

    আজ মেজর জেনারেল এম এ রবের মৃত্যু বার্ষিকী

     

    মহান স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চীফ অব আর্মি স্টাফ হবিগঞ্জের কৃতি সন্তান মরহুম মেজর জেনারেল এম এ রব-এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী।

    ১৯৭৫ সালের ১৪ নভেম্বর ৫৬ বছর বয়সে রক্তশূন্যতা জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন স্বাধীনতা যুদ্ধের এই মহান সৈনিক। মৃত্যুর পর হবিগঞ্জ শহরের পাশে খোয়াই নদীর তীরে উমেদনগর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

    চিরকুমার এই স্বাধীনতা সংগ্রামী ১৯১৯ সালে বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে সিলেট এমসি কলেজ হতে স্নাতক ডিগ্রী লাভের পর তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করে তদানীন্তন বৃটিশ-ভারত সেনাবাহিনীতে যোগ দেন।

    ১৯৪৪ সালে সেনাবাহিনীতে কমিশন্ড লাভের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বার্মা, মালয়, সুমাত্রা, জাভা এবং পরবর্তীকালে ১৯৬৫ সালে কাশ্মীর সীমান্তে যুদ্ধ ও প্রতিরক্ষায় সক্রিয় অংশ গ্রহণ করেন। পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট কর্ণেল পদে থাকাকালে ১৯৭০ সালে অবসর গ্রহণের পর রাজনীতিতে যোগ দেন।

    একই বছর তিনি আওয়ামীলীগ প্রার্থী হিসাবে বানিয়াচঙ্গ-নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকা হতে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলে প্রতিরোধ সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে নিযুক্ত হন এবং প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

    যুদ্ধের শেষ পর্যায়ে জেনারেল ওসমানীর হেলিকপ্টার লক্ষ্য করে মেশিনগানের গুলি বর্ষিত হলে তার সঙ্গী মেজর জেনারেল আব্দুর রব গুরুতর আহত হন। চরম বিপজ্জনক পরিস্থিতি ও বিপত্তির মুখে দায়িত্ব পালনে অসাধারণ শৌর্য্যবির্যের জন্য মুক্তিযুদ্ধের পর সরকার তাকে “বীর উত্তম” খেতাব দান করেন। ১৯৭২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে বহাল ছিলেন।

    অবসর গ্রহণ তালিকা সংশোধনের পর তাকে অবৈতনিক মেজর জেনারেল পদ মর্যাদা দান করা হয়। স্বাধীনতা পরবর্তীকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনার দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন। এই ট্রাস্ট এবং এর সুফল প্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ তার নিরলস ও নিঃস্বার্থ প্রচেষ্টার কাছে ঋণী।

    মেজর জেনারেল এম এ রব আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় নাম।
    তাঁর ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে হবিগঞ্জ নিউজ পরিবার সহ হবিগঞ্জ বাসী।

  • অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাহুবলে মহাসড়ক সড়ক অবরোধ

    অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাহুবলে মহাসড়ক সড়ক অবরোধ

    ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাহুবলে ৩ ঘন্টা সড়ক অবরোধ করেছে হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার উপজেলার ডুবাঐ বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা এই দাবি জানায়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলে।

    পরে দুপুর ১২টায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করলে ২ ঘন্টা পর যান চলচল স্বাভাবিক হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকর্তার, হবিগঞ্জ শ্রীমঙ্গল লাইনের আহ্বায়ক ও আউশকান্দি লাইনের সদস্য আবদুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ-আউশকান্দি লাইনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজ্জাত হোসেন, সদস্য নিরঞ্জন সাহা নিরু, জাহির মিয়া, তানভির চৌধুরী, হাজী সানু মিয়া, মোজন মিয়া, হিরা মিয়া প্রমুখ।

    আব্দুল হান্নান বলেন, “হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে মহাসড়কে চলাচল করা নসিমন, করিমন, টমটম ও অটো রিক্সা বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলা প্রশাসক ও হাইওয়ে এসপির বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।”

    “স্মারকলিপি প্রদানের পরও কোনরূপ প্রদক্ষেপ গ্রহণ না করায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।”

  • হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    হবিগঞ্জে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা।

    আজ বুধবার (১১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

    হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
    স্মারকলিপি প্রদান করার সময়।

    এসময়, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ মানব বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, সহ সভাপতি ইমরুল চৌধুরী, সহ সভাপতি সাইফুর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৩ দফা দাবিসমূহ হলো – অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চ্চতর গ্রেড প্রদানের ব্য্যবস্থা করা। অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

    স্মারকলিপি প্রদান পরবর্তী পথসভায় বক্তারা বলেন, আগামী ২৬ নভেম্বর এর মধ্যে এ দাবি মানার কোন ইতিবাচক পদক্ষেপ না পাওয়া গেলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিবেন সংগঠনের সদস্যরা।

  • চুনারুঘাটের জনতার হাতে গাঁজাসহ আটক ২

    চুনারুঘাটের জনতার হাতে গাঁজাসহ আটক ২

    চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে ৭ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ সদরের জালালপুর গ্রামের আঃ মতিনের পুত্র মোঃ রুমান মিয়া কে আটক করে স্থানীয় জনতা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নালুয়া চা বাগানের পুবঠিলার নুর হোসেনের পুত্র মারুপ মিয়া কে আটক করে পুলিশ।

    (১০ নভেম্বর) মঙ্গলবার দুপুরে চুনারুঘাটের আমুরোড বাজারে সিএনজি যোগে স্কুলব্যাগ ভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটক করে।

    আটকের পর স্থানীয় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনজু চৌধুরীর কার্য্যালয়ের হস্তান্তর করলে চুনারুঘাট থানার এসআই দেওয়ান সম্রাট এসে তাকে নিয়ে যান।

    থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা গুলো নালুয়া পুর্বঠিলার মারুপ ও ওয়াহিদ নামে দুজনের কাছ থেকে ক্রয় করার কথা স্বীকার করে।এর পেক্ষিতে পুলিশ মারুপ কে আটক করে।

    আটক ৭ কেজি গাঁজার মুল্য ৭০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে এবং বুধবার জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ।

  • শায়েস্তাগঞ্জে তিন মাদক সেবনকারীকে জেল-জরিমানা

    শায়েস্তাগঞ্জে তিন মাদক সেবনকারীকে জেল-জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তিন মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এরায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খাঁন ।

    দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরনুর আহম্মদ গ্রামের ছুরত আলীর পুত্র কদ্দুস মিয়া (৩৫), দাউদনগর গ্রামের রহমত উল্লাহর পুত্র লিটন মিয়া (২৪) ও বানিয়াচং উপজেলার দোয়াখানি গ্রামের রামরতন রবি দাশের ছেলে লালু রবিদাশ (৫৫)।

    সূত্রে জানা যায়- শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয় এবং প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

    হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলী বিষয়টি নিশ্চিত করেন।

  • চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারে ভোক্তা অধিকারের অভিযান

    চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারে ভোক্তা অধিকারের অভিযান

    হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ দোকান মালিককে ২৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার সকাল থেকে এ অভিযানে উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা র্ফামেসিকে ৫ হাজার টাকা, নোহা র্ফামেসিকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর কারনে মদিনা ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারনে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারীকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ অভিযানে সহযোগিতা করেন উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান,জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশেন একটিদল।