Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের ধর্মঘট প্রত্যাহার

    হবিগঞ্জের ধর্মঘট প্রত্যাহার

    হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

    রোববার (২৯ নভেম্বর) বেলা ২ টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা ১১টায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি রেখে লিখিতভাবে গাড়িগুলো জেলা প্রশাসকের কাছে জমা দেন।

    পরে তাদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টায় আবার বাস চলাচল স্বাভাবিক হয়।

    আলোচনাকালে উপস্থিত ছিলেন, মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

    এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতোমধ্যে জেলায় ৫ শতাধিক অবৈধ গাড়ি আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এটি চলমান প্রক্রিয়া।

    তিনি অনুরোধ করে জানান, তবে এ নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।

    হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টায় সমস্যা সমাধান হয়। বাস চলাচল ফের স্বাভাবিক করা হয়েছে।

    তিনি বলেন, জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, করিমন, ইজিবাইকসহ অবৈধ গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ ঢাকা ও সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

  • হবিগঞ্জে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

    হবিগঞ্জে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

    হবিগঞ্জে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী।

    হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যেগে আয়োজিত এবং ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) তওহিদ আহমেদ সজল, উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, শিশু কনসালটেন্ট ডাঃ আশরাফ উদ্দিন, সেইভ দা চিলড্রেন এর ডাঃ যতন ভৌমিক প্রমুখ।

    মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ ওমর ফারুক। কর্মশালায় জেলার মাতৃ ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা এবং জেলা পরিষদের স্টান্ডিং কমিটির ভুমিকা এবং জেলা স্বাস্থ্য বিভাগের সাথে জেলা পরিষদের কার্যকরী সমন্বয় ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।

    তাছাড়া বক্তাগন বলেন, বর্তমান সরকার মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে,
    স্বাস্থ্য বিভাগের সাথে স্থানীয় সরকার বিভাগ যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে হবিগঞ্জের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব।

  • বানিয়াচংয়ে আগুনে পুঁড়ে গেছে ১৪ দোকান

    বানিয়াচংয়ে আগুনে পুঁড়ে গেছে ১৪ দোকান

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪ টি দোকান আগুনে পুঁড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১ টায় উপজেলা সদরের বড়বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২-৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এছাড়াও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এবং পার্শবর্তী উপজেলা নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ কোনো একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে আগুনে খালেদ মিয়ার ইবনেসিনা ফার্মেসি, আবুল হোসেনের ফার্মেসি, সাংবাদিক আলমগীর মিয়ার মুদির দোকান, সিয়াম স্টোর, ৪ টি পানের দোকান এবং ৭টি মুদির দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে

    সিয়াম স্টোরের স্বত্বাধিকারি আলমগীর মিয়া জানান, আমার পাইকারি দোকান এবং একটি গুদাম মিলে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইবনেসিনা ফার্মেসির স্বত্বাধিকারি খালেদ মিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।

    বানিয়াচংয়ে আগুনে পুঁড়ে গেছে ১৪ দোকান

    পাইকারি দোকান আবুল কালাম স্টোরের এর মালিক আবুল কালাম জানান, আমার পাইকারি দোকানে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে। বানিয়াচং ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফয়েজ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২-৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২-৩ কোটি টাকার হবে বলে ধারনা করেন তিনি।

    এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। আগুন নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনা দেন তিনি। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

    বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল মিয়া জানান, গভীর রাতে বাজারের এক পাহাড়াদারের ফোন পেয়ে ঘুম থেকে উঠে দ্রূত ঘটনাস্থলে চলে আসি। স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১৪ টি দোকানের আনুমানিক ৩-৪ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

  • বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা

    বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা

    হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় বিগত ১২ বছরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়ন সহ সর্বক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নয়ন করায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা এডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয়-কে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করেছেন বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের নাগরিক সমাজ।

    রোববার (২২ নভেম্বর) বিকালে উত্তর মক্রমপুর মাঠে মক্রমপুর গ্রামের নাগরিক সমাজ কর্তৃক এমপি আব্দুল মজিদ খান মহোদয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা এমপি মহোদয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন এবং ভূয়সী প্রশংসা করেন।

    সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল হেমন্তে পাও আর বর্ষায় নাও এই ছিল আমাদের সম্বল। কিন্তু এডভোকেট আব্দুল মজিদ খান মহোদয় এমপি নির্বাচিত হওয়ায় এলাকায় অনেকগুলি রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ করায় এখন আর নৌকায় চড়তে হয় না।”

    “মানুষজন বারো বছরই গাড়িতে করে চলাচল করতে পারছেন। এতে করে জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে বেড়েছে শিক্ষার হার। শহরের জীবনমানের সাথে তাল মিলিয়ে নাগরিক সুবিধা ভোগ করতে পারছে এবং গ্রামাঞ্চলের ছেলে-মেয়েরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছেন।”

    সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, “আমার জীবদ্দশায় বানিয়াচং-আজমিরীগঞ্জের গ্রাম এলাকায় পাকা রাস্তা দিয়ে গাড়ি চলাচল ও বিদ্যুতের আলো জ্বলবে তা কল্পনাও করিনি। কিন্তু এমপি মজিদ খান রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ ও বিদ্যুতায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলবাসী হাজারো জনতার মন জয় করে নিয়েছেন “

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আব্দুল মজিদ খান আবেগাল্পুত হয়ে বলেন, “আমি আপনাদের একজন সেবক হয়ে নিজেকে ধন্য মনে করি। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন আপনাদের এই ভালবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, তবে যতদিন বেঁচে থাকবো সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।”

    তিনি আরো বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর হাওরাঞ্চলবাসীকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছি। এর মাঝে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং আজমিরীগঞ্জবাসীর জন্য করে দিয়েছি দুটি রাস্তা করেছি ৫০ কোটি টাকা ব্যয়ে নবীগঞ্জ সড়ক, মক্রমপুর, শাহপুর, দক্ষিণ সাঙ্গর, হিয়ালা গ্রামের রাস্তা পাকা করেছি, ইউনিয়ন পরিষদ অফিস নির্মাণ হিয়ালা উচ্চ বিদ্যালয়ে দুইটি নতুন ভবন নির্মাণ করেছি।”

    “তাছাড়া স্কুল কলেজ মাদ্রাসায়, নতুন নতুন ভবন নির্মাণ করেছি গ্রামে গ্রামে বিদ্যুতায়ন সহ অসংখ্য রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট নির্মাণ নির্মাণ করেছি। যার ফলে অবহেলিত হাওড় অঞ্চলের মানুষ শহরের সাথে তাল মিলিয়ে নাগরিক সুবিধা ভোগ করতে পারছে। এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকার কারণে। উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন জননেত্রী শেখ হাসিনা।”

    ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা তাজুল ইসলাম লিটন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক প্রমুখ।

  • চুনারুঘাট সীমান্তে গাঁজা ও ভারতীয় বিয়ার আটক

    চুনারুঘাট সীমান্তে গাঁজা ও ভারতীয় বিয়ার আটক

    হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ১৫ কেজি গাঁজা ও ভারতীয় বিয়ার আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

    রোববার (২৩ নভেম্বর) বিকালে সীমান্তের ১৯৭৫ পিলারের কাছে রাবার বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা আটক করেন।

    বিজিবি’র চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি টহল বাহিনী অভিযান চালিয়ে রাবার বাগান থেকে ১৫ কেজি গাঁজা ও ৩টি বিয়ার আটক করেন। আটক মাদকের মুল্য ৫৩ হাজার টাকা।

    ধারনা করা হচ্ছে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরা-কারকারিরা গাঁজা ও মদ রেখে পালিয়ে যায়।

  • নবীগঞ্জে সিএনজি এক্সিডেন্টে নিহত ১

    নবীগঞ্জে সিএনজি এক্সিডেন্টে নিহত ১

    হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের মহিলা শিশুসহ ৫ জন আহত হয়েছে। রবিবার বিকেলে বাংলাবাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, আউশকান্দি থেকে নবীগঞ্জ আসার পথিমধ্যে বাংলা বাজার নামক স্থানে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিনে পড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়েছে ও একই পরিবারের মহিলা শিশুসহ আহত হয়েছে ৫ জন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

    নিহত ব্যক্তি হলেন, আজমিরিগঞ্জ শিবপাসা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র নাঈম আহমেদ (১৭)। আহতরা হলেন, একই পরিবারের সাখোয়া গ্রামের মৃত প্রমীক মীলের পুত্র সমিরন শীল (৩৭), সমিরন শীলের স্ত্রী ঊষা শিল (৩৬), সমিরন শীলের পুত্র সৌরভ শীল (৬), সমিরন শিলের মেয়ে টুম্পা শীল (৮), আজমিরিগঞ্জ এলাকার শিবপাসা গ্রামের আনাইমিনের পুত্র বিয়ামিন (১৮)।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আবু হানিফ ও এএসআই সিরাজসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, বিকেলে নবীগঞ্জমুখী একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এ সময় সিএনজি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন।

  • হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুল আলম হানিফ এবং তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বাদ আছর জেলা শহরের কোর্ট মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ জেলা, উপজেলা, পৌর যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের শুরু হয়। পরে মাহবুবুল আলম হানিফ ও তার সহধর্মিনীর দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।