Category: হবিগঞ্জ

  • বাহুবল মহাসড়কে নবজাতকের লাশ উদ্ধার

    বাহুবল মহাসড়কে নবজাতকের লাশ উদ্ধার

    হবিগঞ্জের বাহুবল মহাসড়ক থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এই লাশ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়,  জমির উল্লাহ নামে একজন কৃষক আজ সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে অবস্থানকালে দেখতে পান মিরপুর থেকে বাহুবলগামী একটি অটো-রিক্সা থেকে কে বা কারা একটি বস্তা সড়কের পাশে রেখে যায়।

    এ সময় তিনি সামনে এগিয়ে গেলে হালকাভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ঝড়ো হলে পলিথিন দিয়ে পেঁচানো বস্তাটির মুখ খোলে সদ্য ভূমিষ্ট নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে।

    এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা এমন জগণ্য কাজে জড়িত সেটা খোঁজে বাহির করতে পুলিশ তদন্তে নেমেছে।

  • মেয়ের বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধা

    মেয়ের বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধা

    হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়ের বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধা সবজান বিবি (৬০)। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের কালিদাসটেকা গ্রামে।

    এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিদাসটেকা গ্রামের লুৎফুর মিয়া ও সুরুজ আলী মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

    রবিবার বিকাল ৪টায় তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

    সংঘর্ষের সময় গুরুতর আহত সবজান বিবিকে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। শেষ পর্যন্ত রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

    এলাকাবাসী জানান,নিহত সবজান বিবি উপজেলার একই ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের মৃত নূর হোসেন মিয়ার স্ত্রী। মেয়ের জামাই লুৎফুর মিয়ার বাড়িতে ঘটনার দিনই বেড়াতে এসেছিলেন।

    মেয়ের জামাই লুৎফুর মিয়ার প্রতিপক্ষ হামলার সময় ওই মহিলার মাথার পিছন দিকে আঘাত করে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ঘটনার পরপর সুরুজ মিয়ার পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে আসামীদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।

    কালিদাসটেকা গ্রামের সর্দার আজিজুর রহমান জানান,আছরের নামাযের পূর্বে উভয় পক্ষের তর্ক-বিতর্কের বিষয়ে আমি শালিস মানিয়ে নামায পড়তে চলে যাই। নামায পড়ে এসে শুনি উভয় পক্ষ পুনরায় ঝগড়া করে বেশ কয়েকজন আহত হয়েছে। ওই মহিলা গুরুতরভাবে জহমী হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদেরকে ধরতে থানাপুলিশ তৎপর রয়েছে।
    আশা করছি দ্রুতই অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।

  • নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৮

    নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৮

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারস্থ মুশকিল আহসান মাজার নামকস্থানে বিআরটিসি বাসের সাথে সিএনজির (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ আটজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় বিআরটিসি বাস উল্টে খাদে পড়ে যায়। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

    আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে।

    নিহতদের মধ্যে উপজেলার মুরাউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সবিরুন (৩৫), তাদের শিশু কন্যা মারিয়া (২), আবু তাহেরের ছোট ভাইয়ের স্ত্রী ছালিমা আক্তার (২৫), অন্তর মিয়া (১৮), সিএনজি চালক উপজেলার লতিফপুর গ্রামের কিতাব আলী (২২), সাতাইহাল গ্রামের লিজা আক্তার (১৭), সাতাইহাল গ্রামের ছুরত আলীর পুত্র লিটন মিয়া (৩০) ও অজ্ঞাত পুরুষ (২৮)।

    আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসি বাস ও স্থানীয় বাজার পানিউমদাগামী সিএনজি উপজেলার উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের নিচে পরে যায়। এতে দুই সিএনজিতে থাকা চালকসহ আটজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে অজ্ঞাত পুরুষকে ধারণা করা হচ্ছে বাস যাত্রী।

    খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করেন। এঘটনা কে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

    শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি) এরশাদুল হক ভূইয়া নিহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটগামী বিআরটিসির একটি বাস উল্লেখিত স্থানে পৌছলে একটি সিএনজিকে (অটোরিকশা) চাপা দেয়। অটোরিকশাটি বাসের নীচে ঢুকে পড়ে। এসময় আরেক সিএনজিও বাসের চাপায় রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী পুরুষ শিশুসহ ৮ জন মারা যান। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা চায় ৯ জন

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকা চায় ৯ জন

    আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের কাছে আবেদন করেন। বৃহস্পতিবার বিকেলে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

    তারা হলেন, বর্তমান পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা সেচ্চাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ্র শংক রায়, জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী ও পৌর আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন সুমন।

    এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। পরে মশিউর রহমান ওসমান তার আবেদন প্রত্যাহার করে নেন। তবে বাকি ৯ জনের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও সমঝোতা না হওয়ায় একটি যাচাই-বাচাই কমিটি গঠন করা হয়।

    কমিটির সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। আজ শুক্রবার কমিটির সদস্যরা প্রাথমিকভাবে যাচাই-বাচাই করে তালিকা কেন্দ্রে পাঠাবেন।

    নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও মোতাচ্ছিরুল ইসামের পরিচালনায় বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।

  • যে কারণে ঘটল মাধবপুরে ট্রেন দূর্ঘটনা

    যে কারণে ঘটল মাধবপুরে ট্রেন দূর্ঘটনা

    আখাউড়া-সিলেট রেল লাইনের হবিগঞ্জের মাধবপুরের শাহজীবাজারে ট্রেন দূর্ঘটনাটি মূলত স্টেশন মাস্টারের ভুলের কারণেই ঘটেছে বলে দাবি করেছেন ট্রেনের চালকরা।

    হবিগঞ্জের শাহজিবাজারে সিলেটগামী তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে আবারও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    তারা বলছেন, শাহজীবাজার স্টেশনের কাছে লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। অথচ তাদেরকে পূর্বে কোন নোটিশ দেয়া হয়নি। এমনকি ট্রেন আসার সময় স্টেশন মাস্টার স্টেশনে না থাকায় কোন ধরণের সিগনাল দেয়া হয়নি। যে কারণে দূর্ঘটনাটি ঘটেছে।

    দুর্ঘটনা কবলিত ট্রেনের সহকারি চালক হামিদুর আহমেদ বলেন, লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। কিন্তু আমাদেরকে কোন নোটিশ বা সিগনাল দেয়া হয়নি। ফলে ট্রেনটি ১নং লাইন দিয়ে যাওয়ার কথা থাকলে ইঞ্জিন অটোমেটিক ২নং লাইনে চলে যায়। এছাড়া বগি চলে যায় ১নং লাইনে। যে কারণে এই দূর্ঘটনাটি ঘটে।

    এদিকে, ঘটনার পর থেকে শাহজীবাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেনকে পাওয়া যাচ্ছে না।

    শায়েস্তাগঞ্জ স্টেশনের উপ সহকারি প্রকৌশলী সাইফুর আলম বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি। এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

    এদিকে, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছে। তেল সংগ্রহে সেখানে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। শুধু দূর্ঘটনা কবলিত এলাকা নয়, আশপাশের এলাকা থেকেও নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধরা বালতি, কলসি ও ড্রামসহ বিভিন্ন জিনিসে করে তেল নিয়ে গেছেন।

  • শায়েস্তাগঞ্জে রেলের স্টাফ-যাত্রী মুখোমুখি

    শায়েস্তাগঞ্জে রেলের স্টাফ-যাত্রী মুখোমুখি

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে তেলবাহি ট্রেন দুঘর্টনার কারনে চট্টগ্রাম গামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আটকা পড়লে ট্রেনের যাত্রীরা টিকেটের মুল্য ফেরতের জন্য স্টেশন মাষ্টার কক্ষের সামনে হইহুল্লুর শুরু করে। এসময় যাত্রীরা রেল স্টাফদের মুখোমুখি অবস্থান নেয়।

    রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এঘটনাটি ঘটে। এসময় যাত্রীদের রোসানল থেকে অফিসের মালামাল হেফাজতের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন জানান- শাহজিবাজার রেল স্টেশন এলাকায় তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি দুর্ঘটনার শিকার হলে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। এসময় ট্রেনের কিছু যাত্রী নেমে এসে টিকেটের মুল্য ফেরতের জন্য হইহুল্লুর শুরু করে। এমনকি যাত্রীরা স্টেশনের মালামাল ভাংচুরের চেষ্টা চালায়।

    তিনি আরো জানান- যেসকল যাত্রী শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম ও ঢাকা যাবার জন্য অগ্রীম টিকেট সংগ্রহ করেছিলেন কিংবা সিলেট স্টেশন থেকে টিকেট নিয়ে ট্রেনে ভ্রমণ করছিলেন তারা সংশ্লিষ্ট কাউন্টারে টিকেট ফেরত দিয়ে টাকা বুঝে নিতে।

  • চুনারুঘাট ও লাখাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ

    চুনারুঘাট ও লাখাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট উপজেলা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

    মিছিলটি চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজার ও উত্তর বাজারের একটি অংশ প্রদক্ষিণ করে। এতে অংশ নেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা৷

    তারা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জাতির জনক। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি৷ তার ভাস্কর্য ভাঙার চক্রান্তে লিপ্ত মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকবো৷

    ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, ছাত্রলীগ নেতা ইফতেখারুল আলম রিপন, সাইদুর আলমগীর, মায়া খন্দকার, তরিকুল ইসলাম বিল্লাল, টিপু ফরাজি এবং সাংবাদিক জামাল হোসেন লিটনসহ আরো অনেকেই।

    চুনারুঘাট ও লাখাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ

    লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

    বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন।
    উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনির পরিচালনায় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, রাজন আহমেদ, গোলাম কিবরিয়া শুভ, ইব্রাহিম খলিল, লালন আহমেদ, মাসুদ রানা, ইয়াসিন আরাফাত সানি, পলাশ আহমেদ, জুয়েল রানা, সৈকত ভূইয়া, জাকারিয়া, জুম্মনসহ ছাত্রলীগের দেড় শতাধিক নেতৃবৃন্দ।