Category: হবিগঞ্জ

  • মাধবপুরে র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

    মাধবপুরে র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই র‌্যাব সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

    আজ ৪ই জানুয়ারি সোমবার  ১২টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মেহেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভৈরব-১৪ ক্যাম্পের র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ী চালক আপন বড়–য়া এবং গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের সোর্স লিটন মিয়া আহত হয়েছেন। সে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে র‌্যাবের অভিযান দল গুলিবিদ্ধ তোফাজ্জল হোসেন শাকিল ও তার পিতা আক্তার হোসেনকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেছে।

    র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১২টার দিকে মেহেরপুর গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনাকালীন সময়ে আক্তার মিয়া ও তার ছেলে তোফাজ্জল হোসেন শাকিল সহ ১০-১২জন লোক দা, লাঠি নিয়ে র‌্যাব সদস্যদের উপর অতর্কিতে হামলা চালায়।

    তাদের অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ী চালক আপন আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্য মাসুদুর রহমান পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এতে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়ে আহত হন।

    এ ঘটনায় মাধবপুর থানায় মাদক ও র‌্যাব এসল্ট ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • মাইকে ঘোষণা দিয়ে বানিয়াচং এর দুই গ্রামের সংঘর্ষের দন্ধ সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি

    মাইকে ঘোষণা দিয়ে বানিয়াচং এর দুই গ্রামের সংঘর্ষের দন্ধ সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি

    মাইকে ঘোষণা দিয়ে বানিয়াচং এর দুই গ্রামের সংঘর্ষের দন্ধ সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি

    দি‌লোয়ার হোসাইন : বানিয়াচং, হবিগঞ্জ

    বানিয়াচংয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামে সংঘঠিত হওয়া সংঘর্ষের বিষয়টি সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে হ‌বিগঞ্জ ২ আসন এর সংসদ সদস্য এড‌ভো‌কেট আব্দুল মজিদ খানের হস্তক্ষেপের মাধ্যমে ।

    জানা যায় বানিয়াচংয়ের হাওড়ের একটি জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের কয়েক হাজার মানুষ দেশীও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত নারী পুরুষ আহত হয়েছিল। গত ১৮ ডিসেম্বর ২০২০ ইং সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রাম ও মজলিশপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত চলেছিল সংঘর্ষ।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও জনপ্রতিনিধিরা হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে উভয় গ্রামবাসী আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কানিভাঙ্গা নামে একটি জলাশয়ে কামালখানী গ্রামের লোকজন বাঁধ দেওয়ায় মজলিশপুর গ্রামের লোকজন ভোরে এই বাঁধ ভেঙে দেয়। পরে কামালখানী গ্রামের লোকজন মজলিশপুর গ্রামের লোকজনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে সঠিক জবাব না দিয়ে তাদের বাঁধের এলাকা থেকে তাড়িয়ে দেয়। এতে মজলিশপুর গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে দেশি অস্ত্র নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানায়। এদিকে কামালখানী গ্রামের লোকজনও মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য আহ্বান জানায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

    হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান সংঘর্ষের বিষয় সম্পর্কে অবগত হয়ে গত ২০ ডিসেম্বর রাতে বানিয়াচং বড়বাজার প্রেসক্লাবে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালিশি ব্যক্তিদের নিয়ে আলোচনা করে ২ জানুয়ারী সালিশ বিচারের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য তারিখ ঠিক করেছিলেন।

    সেই মোতাবেক আজ ২ জানুয়ারী সকালে বানিয়াচং আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এক বিশাল সালিস বিচার অনুষ্ঠিত হয় দীর্ঘ সময় আলাপ আলোচনা করে উভয় পক্ষের যাবতীয় বিরোধ সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। উক্ত সালিশ বিচারে উভয় পক্ষ সন্তুষ্ট হয়েছে এবং এলাকা জুড়ে শান্তির সুবাতাস বইছে।

    উক্ত সালিশ বিচারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জীবন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার, আঙ্গুর মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মওলানা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ ও সালিশি ব্যক্তিবর্গ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

  • সিওবি কর্তৃক চুনারুঘাটে চা শ্রমিকদেরকে উপহার প্রদান

    সিওবি কর্তৃক চুনারুঘাটে চা শ্রমিকদেরকে উপহার প্রদান

    হোসাইন মির্জাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লালচাঁদ চা-বাগান কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ টিম হবিগঞ্জ’র দরিদ্র্য চা-শ্রমিকদের মাঝে উপহার প্রদান। আজ ১লা জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় চা-বাগান মাঠে পাঁচশত (৫০০) কাপড় উপহার দেয় হয়।

    নতুন বছরকে আমন্ত্রণ জানাতে ৫নং শানখলা ইউনিয়নে সবুজ চা-বাগানের মাঝে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে পুড়ো মাঠ।

    কিসের উৎসব!! কাদের জন্য এত আয়োজন!! তা বুঝে উঠতে পারছে না গহীন পাহাড়ী এলাকার চা বাগানের শ্রমিকরা। বার বার উঁকি ঝুঁকি দিয়ে শুধু দেখছন।

    তাদেরকে অবাক করিয়ে দিলো কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ – (COB) টিম হবিগঞ্জের স্বেচ্ছাসেবকরা। কারণ, তাদের জন্য এত আয়োজন এত উৎসব যা তাদের কল্পনার বাইরে।

    Contribution For Bangladesh

    Contribution For Bangladesh -(COB) মেম্বাররা চট্টগ্রাম এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের জন্য ৫০০ টি পোশাক উপহার পাঠান। সবার হাতে হাতে নতুন বছরের প্রথম দিনের উপহার। ব্যাগ ভর্তি করে একগুচ্ছ ভালোবাসা নিয়ে যাচ্ছে। আর দিচ্ছে সকল সেচ্ছাসেবকদের নির্মল কিছু হাসি উপহার।

    আর এভাবেই COB মেম্বাররা নতুন বছরের প্রথম দিন উদযাপন করেছে। পরিশেষে তারা সবাই কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

  • হবিগঞ্জে শিক্ষার্থীরা পেল নতুন বই

    হবিগঞ্জে শিক্ষার্থীরা পেল নতুন বই

    বছরের প্রথম দিনে হবিগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ের ৪ লাখ ২২ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে।

    আজ পহেলা জানুয়ারি শুক্রবার সকাল এগারোটায় জেলা শহরের রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির

    বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে।

    পরে এমপি আবু জাহির শহর ও শহরতলীর আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তখন হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর হবিগঞ্জের ২ হাজার ৪২০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়া হচ্ছে। এর মাঝে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫২টি এবং বাকীগুলো বেসরকারি।

  • হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের কমিটি গঠন

    হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের কমিটি গঠন

    হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২১ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জাম্মান জাহির। এ সময় নব নিবার্চিত কমিটি অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সকল সদস্যরা।

    পরে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ,সৈয়দ রাসেল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, আলমগীর খান, এমদাদুল ইসলাম সোহেল, আব্দুল হালীম প্রমুখ।

    সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম ও গীতা পাঠ করেন শ্রীকান্ত গোপ।

    ২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নিবার্চিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙা টিভি), সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ (দৈনিক হবিগঞ্জের মুখ), সদস্যরা হলেন- শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (ইউএনবি), শফিকুল আলম চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), রাসেল চৌধুরী (দৈনিক সমকাল), প্রদীপ দাশ সাগর (যমুনা টিভি), মো. ছানু মিয়া (মোহনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), ফজলে রাব্বী রাসেল (দৈনিক হবিগঞ্জের জননী), পদাধিকারবলে সদস্য ২০২০ মেয়াদের বিদায়ী সভাপতি মো. ইসমাইল হোসেন (দৈনিক স্বদেশবার্তা) ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির (আরটিভি)

  • বৃন্দাবন সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক অনলাইন সভা অনুষ্ঠিত

    বৃন্দাবন সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক অনলাইন সভা অনুষ্ঠিত

    আজ ৩০/১২/২০২০ তারিখ সন্ধ্যা ছয়টায় বৃন্দাবন সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে শুদ্ধাচার বিষয়ক এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

    তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন ও জাতীয় শুদ্ধাচার নীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় জীবনে শুদ্ধাচারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

    সভাপতির বক্তব্যে দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী বলেন, ব্যক্তি জীবনে নীতিনৈতিকতার সাথে জীবন যাপন এবং প্রাতিষ্ঠানিক ও জাতীয় জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা। তিনি সহকর্মীদের আরও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

    আলোচনায় অংশগ্রহণ করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব আলপনা কর্মকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব জিয়া আরেফিন আজাদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবু আহসান কবির, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহবুবা খানম, সহকারী অধ্যাপক জনাব মো. তোফাজ্জল আলী, জনাব খলিলুর রহমান, জনাব মো. আবু ছিদ্দিক, ড. আজহার শাহিন প্রমুখ।

  • যাত্রী হয়রানি বন্ধের লক্ষে হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ গঠন

    যাত্রী হয়রানি বন্ধের লক্ষে হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ গঠন

    হবিগঞ্জ জেলার সকল রুটে সাধারন যাত্রী হয়রানী বন্ধ করা, সড়কে উন্নত গণপরিবহন চালু রাখা এবং ঝুঁকিপূর্ণ ফিটনেস বিহীন-পরিবেশ দূষণকারী পরিবহন বন্ধের দাবিতে হবিগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকবৃন্দের উপস্থিতিতে গত ২৮/১২/২০২০ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের সিনেমা হল রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী শাহজালাল উদ্দিন জুয়েল এর আহ্বানে এবং ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহনকারী বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন রুটে সাধারণ যাত্রীরা নানান রকম হয়রানি ও ভূগান্তির শিকার হয়ে আসছেন। পরিবহন শ্রমিকদের অশোভন আচরণের ন্যূনতম প্রতিবাদ করার উপায় নেই। সাধারণ যাত্রীরা উল্টো পরিবহন মালিক-শ্রমিকদের করা অন্যায় অবিচারের শিকার হয়ে আসছেন। মতবিনিময় সভায় বক্তরা হবিগঞ্জ জেলায় সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষনের লক্ষ্যে সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসময় সভায় ‘হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ ‘ গঠন করে সকল উপজেলায় সাংগঠনিক কর্মকান্ডের বিস্তার করার প্রস্তাবটিও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

    এছাড়া সভা থেকে যাত্রী হয়রানি বন্ধ করা ও উন্নত সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং হবিগঞ্জ-সিলেট রুটে রাষ্ট্রীয় গণপরিবহন বিআরটিসি বাস সার্ভিস চালু রাখার জন্য প্রশাসন এবং হবিগঞ্জের জনপ্রতিনিধিদের প্রতি দাবি জানানো হয়। বিআরটিসি বাস সার্ভিস বন্ধের যেকোনো অশুভ পায়তারা রুখতে প্রয়োজনে উপযুক্ত কর্মসূচি প্রনয়ণ করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট ‘হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল্লাহ কে আহ্বায়ক এবং সাংবাদিক শাহজালাল উদ্দিন জুয়েল কে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত যুগ্ন আহ্বায়কবৃন্দরা হচ্ছেন আইনজীবি সৈয়দ সামায়ন বখত, ব্যবসায়ী মো:কাইয়ুম, তাজুল ইসলাম, ন্যাপ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হক, প্রভাষক শাহ আলম, নিমছায়া সংগঠনের সাধারণ সম্পাদক এস এম হেলালুর রহমান তুর্কি, শিক্ষক শাহিন মোল্লা, ব্যবসায়ী জুনায়েদ আহমেদ।

    নবগঠিত সম্মানিত সদস্যবৃন্দরা হচ্ছেন, মোবাশ্বির হক রাজ, শিক্ষক সুলতান মহিউদ্দিন শিহাব, রকিবুর চৌধুরী, মারুফ খান, সৈয়দ নাসিরুল ইমাম, ফয়েজ আহমেদ, সাইফুল ইসলাম, সামছুউদ্দিন, মোহাম্মদ আল আমিন, মুহিনুল ইমরান, সাইফুল ইসলাম, অভিষেক পাল, শেখ আরিয়ান মোহাম্মদ মোহন, মো:শাওন আহমেদ, সজিব আলি সুজন, ইসরাক হাসান তানভীর, শামছুজ্জামান, আশিক মিয়া, আছাদ উল্লাহ এবং সৈয়দ সালমান হোসেন ।

    উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ দিনের মধ্যে গণপরিবহনে যাত্রী হয়রানির মূল সমস্যা নির্ধারন করে কর্মসূচি প্রনয়ন করবেন বলে জানা গেছে।