Category: হবিগঞ্জ

  • চলে গেলেন হবিগঞ্জের কৃতি সন্তান শফিকুল হক চৌধুরী

    চলে গেলেন হবিগঞ্জের কৃতি সন্তান শফিকুল হক চৌধুরী

    না ফেরার দেশে চলে গেলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, হবিগঞ্জের কৃতি সন্তান আশা’র প্রতিষ্টাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জনাব শফিকুল হক চৌধুরী।

    গতরাত ১১:৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরী ১৯৪৯ইং সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে বি. এ (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও চাকুরীতে যোগদান না করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন এবং দীর্ঘ ৪০ বছর যাবৎ উন্নয়ন কর্মসূচীতে সম্পৃক্ত রয়েছেন।

    আশা একটি বেসরকারি সংস্থা। পুরো নাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার লক্ষ্যে মোঃ সফিকুল হক চৌধুরী কর্তৃক ১৯৭৮ সালে। আশা দরিদ্র জনগোষ্ঠিকে সমাজের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহ যোগায় এবং এ লক্ষ্যে তাদের সংগঠিত করে।

    ১৯৭৮-১৯৮৫ সালে আশা দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড সম্পাদন করে, আইনি সহায়তা প্রদান করে ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে, সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করে এবং দারিদ্র্য বিমোচনে কাজ করে।

    ১৯৮৫-১৯৯১ সালে সংস্থাটি শিক্ষা, ঋণদান, ক্ষুদ্র কৃষি, নারী উন্নয়ন, স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ নিয়ে কাজ করে। বর্তমানে আশা ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে গ্রাম ও শহরের দরিদ্র নারীদের উন্নয়নে কাজ করে। এছাড়া আশা সদস্যদের সঞ্চয়, ক্ষুদ্র ইন্সিওরেন্স ও চিকিৎসা অনুদান কার্যক্রম পরিচালনা করে।

    সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় অবস্থিত এবং দেশব্যাপী এর শাখা বিস্তৃত। কেন্দ্র ও মাঠ পর্যায়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য দুজন মাঠ পর্যায়ের কর্মকর্তা হলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজার। ব্রাঞ্চ অফিসেই চলে দলগঠন, সদস্যদের সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ কার্যক্রম।

    প্রতিটি ব্রাঞ্চ অফিসে একজন ব্রাঞ্চ অফিসার ও গড়ে চারজন লোন অফিসার কাজ করেন। একজন লোন অফিসার সাধারণত ১৮টি দলের দায়িত্বে থাকেন। প্রতিটি দলে গড়ে ২০ জন সদস্য থাকেন। আশা’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৫৬ জন কর্মী কাজ করেন। সংস্থাটির সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন প্রেসিডেন্ট। তাঁকে সহায়তা করার জন্য রয়েছেন চারজন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বেশ কয়েকজন ডাইরেক্টর।

    আশা’র ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস হচ্ছে সংস্থার নিজস্ব অর্থ, সদস্যদের সঞ্চয় এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের ঋণ। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় আশা’র ব্রাঞ্চ অফিস ৩২৩৬টি, কর্মী ২৪ হাজার এবং সদস্যসংখ্যা ৫৫ লাখ। আশা ২০০৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একটি প্রবীণ নিবাস প্রতিষ্ঠা করেছে এবং সর্বস্তরের মানুষকে চিকিৎসা সেবা, কম্পিউটার প্রশিক্ষণ ও রেমিট্যান্স সেবা প্রদান করার জন্য একটি কমপ্লেক্স গড়ে তুলেছে।

    আশা ২০০৭ সালে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নে ‘আশা ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। ‘আশা ইন্টারন্যাশনাল’ মরিশাসে রেজিস্ট্রিকৃত।

    সিএমআই নামে নেদারল্যান্ডভিত্তিক ইক্যুইটি সংস্থা আশা ইন্টারন্যাশনালকে তহবিল সরবরাহ করছে। বর্তমানে আশা ইন্টারন্যাশনাল ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা ও কম্বোডিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। আশা ২০০৭ সালে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের ছেলেমেয়েদের স্বল্পখরচে উচ্চশিক্ষার সুযোগদানের জন্য আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠা করে। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চার হাজারেরও বেশি ছাত্রছাত্রী আশা ইউনিভার্সিটিতে পড়াশুনা করছে।

  • আজমিরীগঞ্জে সিএনজি চালকদের ৪ দিনের প্রশিক্ষণের সিংহভাগ টাকা আত্মসাত

    আজমিরীগঞ্জে সিএনজি চালকদের ৪ দিনের প্রশিক্ষণের সিংহভাগ টাকা আত্মসাত

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি চালিত অটোরিকসা চালকদের ‘ট্রাফিক আইন বিষয়ক’ ৪ দিনের প্রশিক্ষণ প্রকল্পের ১ লাখ ৩৩ হাজার টাকার সিংহভাগ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব ও সমন্বয়কারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগসাজশেই প্রকল্পের সিংহভাগ টাকা লুটপাটের আলামত পাওয়া গেছে। যদিও হবিগঞ্জ নিউজ’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভাইস চেয়ারম্যান সজিবই এর মূল হোতা।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় সিএনজি চালকদের ‘ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় ৬০ জন চালককে প্রশিক্ষণ দেয়ার কথা। এর জন্য ১ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা বরাদ্দ হয়। প্রত্যেক চালককে প্রশিক্ষণ শেষে ১১শ’ টাকা করে দেয়ার কথা।

    নিয়ম অনুযায়ি দুই ধাপে চারদিনে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম ধাপে গত ৯ ও ১০ ফেব্রুয়ারী ৩০ জন এবং দ্বিতীয় ধাপে আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী ৩০ জনসহ মোট ৬০ জন চালক এ প্রশিক্ষণের আওতায় থাকার কথা। কিন্তু দুই ধাপে চারদিন প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও একদিনেই মাত্র কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে কর্মশালা সমাপ্ত করা হয়েছে। যেখানে নামে-বেনামে ৬০ জনকে দেখিয়ে স্বাক্ষর নেয়া হয়েছে।

    এমনকি, আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ কর্মশালারও ৩০ জনেরও নামে-বেনামে অগ্রীম স্বাক্ষর দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে।

    তালিকাতে দেখা যায়, প্রকল্প সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বোনের জামাতা, ভাগিনা, মামা, মামাতো ভাইসহ অন্যান্য স্বজন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের অধিকাংশ নাম। এছাড়া পৌর যুবলীগের সভাপতি ও তার ২ শিক্ষার্থী ছেলে ও মানসিক ভারসাস্যহীন এ ব্যক্তির নাম রয়েছে তালিকায়।

    এর মধ্যে, প্রথম ধাপে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার তালিকার ক্রমিক নং ২৬-এ রয়েছে পৌর যুবলীগের সভাপতি মন্টু মিয়ার নাম। আর তার দুই ছেলে লিমন মিয়ার নাম রয়েছে ২৪ নম্বারে এবং ইমন আহমেদ ৬ নাম্বারে। মানসিক প্রতিবন্ধী মাখন মিয়া রয়েছেন তালিকার ১১ নম্বারে, প্রকল্প সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বোনের জামাতা জামির মিয়ার নাম ১৫ নাম্বারে, মামাতো ভাই মোশারফ মিয়া ১৪-১৫ ফেব্রুয়ারির ৫ নাম্বারে ও উমর ফারুক ৯-১০ ফেব্রুয়ারির তালিকার ৪ নাম্বারে, বোনের ছেলে রাজা মিয়া একই তালিকার ৫ নাম্বারে এবং জালাল মিয়া ২ নাম্বারে।

    ৯-১০ ফেব্রুয়ারির তালিকার ৩ নম্বারে থাকা এরশাদ মিয়া একজন কৃষক। তিনি জানান, প্রশিক্ষণে উপস্থিত ছিলেননা বা কোন ধরণের টাকা পয়সা পাননি।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফ চৌধুরী বলেন, ‘আজমিরীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা শ্রমিকদের একটি মাত্র সংগঠন। এই সংগঠনের আওয়ায় দুইশ’ শ্রমিক রয়েছে। কিন্তু এতবড় একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে অথচ আমি জানি না। আমার কোন শ্রমিকও এখানে অনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি।’

    ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শুধুমাত্র সিএনজি অটোরিকশা শ্রমিকদের নিয়ে এই কর্মশালা। অথচ আমি বিষয়টি জানি না। তাহলে কি হাওয়ার মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়ে নাকি?’

    এ ব্যাপারে কর্মশালার সমন্বয়কারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘এই কর্মশালাটি গত অর্থবছরের। যে কারণে দ্রুত শেষ করতে গিয়ে আমরা চারদিনের কর্মশালা একদিনেই শেষ করে নিয়েছি। বিষয়টি ইউএনও মহোদয় অবগত আছেন। তবে তালিকার কাজ সম্পূর্ণ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব সাহেব। তালিকা তৈরীতে আমার কোন হাত নেই।’

    জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। পরে কথা বলি।’ এরপর তিনি আর কল রিসিভ করেননি।

    প্রশিক্ষণার্থী তালিকার অনিয়ম সম্পর্কে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,উক্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্পের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব। উনি নিজে তালিকা গঠন করেছেন।আমি আপনাদের মাধ্যমে ভূয়া তালিকা সম্পর্কে জানলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশিক্ষণার্থীরা যদি ভূয়া চালক প্রমানিত হয় প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা ব্যবস্থা নেয়া হবে।

  • রাজনগরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

    রাজনগরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

    হবিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

    এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার বাচ্চু, সাবেক কমিশনার শাহ কমর উদ্দিন আহমেদ কমরু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, অ্যাডভোকেট লতিফুর রহমান অনু, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, ইনু মিয়া, আলাউদ্দিন, আব্দুস সালাম নোমান, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, অ্যাডভোকেট খাইরুল ইসলাম, আব্দুস শহীদ, কদ্দুছ মিয়া, সায়েদ মিয়া, সারোয়ার হোসেন বানু, শাহ মহিবুল আলম সায়েল, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সাইফ ই রহমান তন্ময়, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতু, যুবলীগ নেতা তৈয়বুর রহমান, পারভেজ আহমেদ প্রমুখ।

  • আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা

    আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জিতু মিয়া চৌধুরী জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, বিপ্লব রায় চৌধুরী, বিপুল রায়, সাদিকুর রহমান মুকুল, মোফাচ্ছির রায়হান মুফতি প্রমুখ।

    সভায় আতাউর রহমান সেলিম বলেন, মিথ্যাবাদী ও আওয়ামী লীগে সুবিধা নেয়ার জন্য আসা লোকদের কথায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি কোন সুবিধাবাভোগীদের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

    সভা শেষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রার্থীকে সাথে নিয়ে প্রধান সড়কে প্রচারপত্র বিলি করেন।

  • মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে উমেদনর এলাকায় নৌকার প্রচার মিছিল

    মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে উমেদনর এলাকায় নৌকার প্রচার মিছিল

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে উমেদনর এলাকায় নৌকার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্দুল হান্নান, মীর আলম কাওসার ও সোহেলের নেতৃত্বে এ মিছিলে অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

  • বিজয়ের প্রতিধ্বনি পরিবারের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হারুন-অর-রশিদ সাগরের জন্মদিন পালন

    বিজয়ের প্রতিধ্বনি পরিবারের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হারুন-অর-রশিদ সাগরের জন্মদিন পালন

    বিজয়ের প্রতিধ্বনি পরিবারের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হবিগঞ্জের কৃতি সন্তান মোঃ হারুন-অর-রশিদ সাগরের জন্মদিন পালন করা হয়েছে৷

    আজ ১১ ফেব্রুয়ারি রাত ১২ টায় বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠানটি পালিত হয়৷ অনুষ্টানের শুরুতেই হবিগঞ্জের কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ হারন-অর রশিদ সাগরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক মোঃ আনিসুজ্জামান চৌধুরী রতন৷

    এসময় উপস্হিত ছিলেন হবিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক শরিফ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সুমন, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন চন্দ্র দেব, দৈনিক আজকের সংবাদ পত্রের মফস্বল সম্পাদক এম এ আর শায়েল, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, সাংবাদিক জুয়েল চৌধুরী, আফতাবুর রহমান সেলিম, শাওন খান প্রমূখ৷

  • হবিগঞ্জ নিউজ কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হারুন-অর-রশিদ সাগর

    হবিগঞ্জ নিউজ কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হারুন-অর-রশিদ সাগর

    হবিগঞ্জ নিউজ (HabiganjNews24.com) এর কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হবিগঞ্জের কৃতি সন্তান মোঃ হারুন-অর-রশিদ সাগর৷

    গতকাল ১১ ফেব্রুয়ারি রাতে তিনি হবিগঞ্জ নিউজের কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী৷

    এসময় তিনি হবিগঞ্জ নিউজের কর্মরত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন৷

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন চন্দ্র দেব,হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক সিজিল আহমেদ,ব্যবস্হাপনা সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রিফাত৷

    তিনি হবিগঞ্জ নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন৷