Category: হবিগঞ্জ

  • ডিবির অভিযানে ৮ টি চোরাই গাড়ি উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে জেল হাজতে প্রেরণ

    ডিবির অভিযানে ৮ টি চোরাই গাড়ি উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে জেল হাজতে প্রেরণ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা টিম হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ৮টি চোরাই প্রাইভেটকার ও মাইক্রোবাস উদ্ধার করেছে৷ অভিযানকালে আন্তঃজেলা গাড়ি চোরাই সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের মিরপুর জোনের সঙ্ঘবদ্ধ অপরাধ,গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের অভিযানে চক্রটিকে কে আটক করা হয়।

    ডিএমপি মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখারুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতরা হলো নূরুল হক, আব্দুল আলিম ওরফে ইমন, মোঃ হৃদয় পাঠান ওরফে উজ্জ্বল পাঠান ও এ এইচ রুবেল৷

    ডিএমপি মিডিয়া সেন্টারের প্রেস নোট থেকে জানা যায়, সম্প্রতি রাজধানীর কাফরুল থানা, গুলশান থানাসহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঘন ঘন গাড়ি চুরির ঘটনা ঘটে। রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসের রাস্তার বিপরীত পাশে থাকা একটি প্রাইভেট কার চুরির ঘটনায় গত ২১ জানুয়ারি ২০২১ তারিখ কাফরুল থানায় মামলা হয়। পরবর্তী সময়ে গোয়েন্দা মিরপুর বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উক্ত মামলার তদন্ত শুরু করে।

    তথ্য সূত্রে জানা যায়, ঘটনাস্থল হতে সংগৃহীত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কয়েক মুহূর্তের ব্যবধানে নকল চাবি দিয়ে গাড়ির দরজা খুলে গাড়ি স্টার্ট দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। পরবর্তিতে এই চক্রের সদস্যদের সনাক্ত করা হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি চোরাই প্রাইভেটকারসহ নূরুল হককে (২৪) গ্রেপ্তার করা হয়।

    মামলার তদন্তকারী কমকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে ১২ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা হতে ১ টি চোরাই প্রাইভেটকার ও ১ টি মাইক্রোবাসসহ আব্দুল আলিম ওরফে ইমন (৩৩) কে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ হবিগঞ্জ শহরের হাসপাতাল এলাকা থেকে মা ফার্মেসীর মালিক এ এইচ রুবেলকে (৩৭) আটক করে ডিএমপির ডিবির টিম৷

    পরে তার দেয়া তথ্যে জেলার মাধবপুর থানা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় পাঠান ওরফে উজ্জ্বল পাঠান (২৯) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫ টি প্রাইভেটকার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কৌশল সম্পর্কে তিনি আরো জানান, এ চক্রের সদস্যরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গাড়ি চুরির সিন্ডিকেট গড়ে তোলে। এ চক্রের ০২/০৩ জনের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে টার্গেট গাড়ি খুঁজতে থাকে।

    টার্গেটকৃত গাড়ি পেলে সময় ও সুযোগ বুঝে কয়েক মূহুর্তের ব্যবধানে নকল চাবি দিয়ে গাড়ির দরজা খুলে গাড়ি স্টার্ট দিয়ে ছুটে যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার, পূর্বাচল বা কাচঁপুর ব্রীজের দিকে। সামনে ও পেছনে বাইক বা অন্য কোন গাড়িতে থাকে এ চক্রের বাকি সদস্যরা।

    সেখান থেকে তাদের একজন দক্ষ ড্রাইভার গাড়িটি পৌঁছে দেয় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ বা মৌলভীবাজারের চোরাই গাড়ি বিক্রির সিন্ডিকেটের নিকট। সেখান থেকে অন্য ড্রাইভার দ্বারা গাড়িটি চলে যায় সীমান্তবর্তী দুর্গম এলাকায়। বিআরটিএ এর সীল স্বাক্ষর জাল করে গাড়ির নকল কাগজপত্র তৈরি করা হয়। মূল মালিকের নামের সাথে মিল রেখে তৈরি করা হয় নকল দলিল অথবা বিজ্ঞ আদালতের সই স্বাক্ষর সম্বলিত নিলামের নকল কাগজপত্র।

    সহজ সরল লোকদের ভুলিয়ে ভালিয়ে তাদের নিকট অনেকটা কম মূল্যে গাড়িটি বিক্রি করে দেয়। এ চক্রের সদস্যরা কিছু কিছু গাড়ি দিয়ে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বহন করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। এছাড়াও বিভিন্ন ধরনের চোরাকারবার পরিচালনা করে গড়ে তোলে অপরাধের বিশাল সম্রাজ্য।

    গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।

  • শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী ও তার মাকে পিটিয়ে আহত

    শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী ও তার মাকে পিটিয়ে আহত

    শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ী ও তার মাকে পিটিয়ে সর্বস্ব নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।

    এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

    জানা যায়, ওই গ্রামের ক্যানসার আক্রান্ত মকসুদ মিয়ার পুত্র রুমেল মিয়ার সাথে তার পাশ্ববর্তী এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলে আসছিলো৷ এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় প্রতিপক্ষের লোকজন রুমেলের দোকানে এসে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে রুমেল বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে।

    এ সময় তার মা মিনারা খাতুনকেও আহত করে। স্থানীয় লোকজন রুমেলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় রুমেল মামলার প্রস্তুতি নিচ্ছে।

  • চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে স্ত্রী ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ

    চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে স্ত্রী ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ

    চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে তানজিলা ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রবিবার দুপুরে থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুরোড গ্রামে অভিযান চালিয়ে তানজিলা আক্তার (২৫) ও তার পুত্র রেহান উদ্দিন ও জোনাকিকে উদ্ধার করে।

    এ সময় ঘাতক স্বামী কাজল মিয়া ও তার পিতা সুন্দর আলী পালিয়ে যায়।

    পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিশাইল গ্রামের ইউনুস মেম্বারের কন্যা তানজিলাকে বিয়ে করে সুন্দর আলীর পুত্র কাজল মিয়া। গত শনিবার দুপুরে কাজল মিয়া তার পিতা সুন্দর আলী তানজিলা ও তার দুই সন্তানকে মারধোর করে ঘরে আটকে রাখে। বিষয়টি তানজিলা তার পিতা ইউনুছ মেম্বারকে জানায়। তিনি চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

  • রামপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে ২৫ জন আহত

    রামপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে ২৫ জন আহত

    হবিগঞ্জ সদর উপজেলার রামপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এছাড়াও টেটাবিদ্ধ অবস্থায় রমজান মিয়া ও আফজল মিয়া নামের দুই জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, রামপুর গ্রামের সোহেল মিয়া ও সুরুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আহতদের মধ্যে বাবুল মিয়া, আলফু মিয়া, সালিক মিয়া ও রাহেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্যান্য আহতরা পুলিশী গ্রেফতারের ভয়ে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মাসুক আলী জানান, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সাংবাদিক মামুন এর মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত

    সাংবাদিক মামুন এর মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল-মামুন এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বাদ মাগরিব প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

    ক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও শাকিল চৌধুরীর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রুহুল হাসান শরীফ, মোঃ সাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জমান, এখলাছুর রহমান খোকন। প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান নিয়ন, শফিকুল আলম চৌধুরী, টিপু চৌধুরী, নুরুজ্জামান ভূইয়া মামুন, মোঃ আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, রাশেদ আহমেদ খান, এস.এম সুরুজ আলী, মোঃ মুজিবুর রহমান, আব্দুল হালিম, প্রদীপ দাস সাগর, আবু হাসিব খান চৌধুরী পাভেল, ফয়সল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম কহিনুর, জাকারিয়া চৌধুরী, সাইফুর ইসলাম তারেক, বদরুল আলম, এম.এ আজিজ সেলিম, মরহুম আব্দুল্লাহ্ আল-মামুন এর এক মাত্র ছেলে মারুফ।

    সভায় উপস্থিত ছিলেন মোশাহিদ আলম, শরীফ চৌধুরী, মোঃ ছানু মিয়া, সুকান্ত গোপ, এম.এ.আর শায়েল, আনিসুজ্জামান চৌধুরী রতন, মশিউর রহমান, সানী। বক্তারা তার কর্ম জীবনের বিভিন্ন স্মৃতি চারণ করেন।

    শোকসভায় আব্দুল্লাহ্ আল-মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য হাফেজ আব্দুর রউফ সেলিম।

  • দুইটি কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    দুইটি কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    দুইটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এমপি আবু জাহির

    আজ ২১ই মার্চ রবিবার বিকেলে এমপি আবু জাহির ৮০ লাখ টাকা ব্যয়ে লাখাই আর এন্ড এইচ-লাখাই আর এন্ড এইচ ভায়া রিচি চক বাজার রাস্তা ও ১০ লাখ টাকা ব্যয়ে রিচি গ্রামে রাস্তা মেরামত দুইটি কাজের উদ্বোধন শেষে উপকারভোগী এলাকাবাসীকে সাথে নিয়ে মোনাজাত করেন।

     

    এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • আজমিরীগঞ্জে ওসির উদ্যোগে মাক্স বিতরণ

    আজমিরীগঞ্জে ওসির উদ্যোগে মাক্স বিতরণ

    আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের উদ্যোগে জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করা হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এর মধ্যে বসে নেই পুলিশ প্রশাসন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় ও সবাইকে মাক্স পড়তে আহ্বান জানানো হয়েছে।

    রবিবার বেলা ২ ঘটিকায় আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম রিকশাচালক, পথযাত্রী, ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা, বিক্রেতাসহ সর্বসাধারনের মাঝে মাক্স বিতরণ করেন৷

    এসময় তিনি সবাইকে সচেতনভাবে চলাফেরা এবং সবাইকে মাক্স পড়ার জন্য আহ্বান জানান