Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের দুই উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    হবিগঞ্জের দুই উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    হবিগঞ্জের দুই উপজেলা ও দুইটি পৌরসভায় ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনা কর্মসূচির বীজ ও রাসায়নিক সার এবং ৭০ শতাংশ ভর্তুকী মূল্যে ধান কাটার মেশিন বিতরণ করা হচ্ছে।

    মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম এতে সভাপতিত্ব করেছেন। অনুষ্ঠানে চলতি অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

    এ সময় ৬৫ লাখ টাকা দামের দুইটি ধান কাটার হার্ভেস্টার ৭০ শতাংশ ভর্তুকিতে দুইজন কৃষককে দেয়া হয়েছে।

    হবিগঞ্জের দুই উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভা এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা কৃষকরা এই প্রণোদনা পেয়েছেন।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, বিএনপি’র সময় ফসল ও সার-বীজ নিয়ে দুর্নীতি হয়েছে। সারের দাবিদার কৃষকদের তারা গুলি করে হত্যা করেছে। বর্তমান সরকার এর বিপরীত। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের ভাগ্য বদল হয়েছে। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দেয়া হচ্ছে। বছরজুড়ে প্রণোদনা ও সহজশর্তে নানাধরণের ঋণ অব্যাহত রাখা হয়েছে।

    প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম প্রমুখ।

  • বানিয়াচংয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

    বানিয়াচংয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

    দি‌লোয়ার হোসাইনঃ বানিয়াচংয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। (৬ এপ্রিল) বুধবার বেলা ১২ টায় ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের” আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠান কার্যক্রমের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, কৃষিই একটি দেশের উন্নয়নের অর্থনৈতিক মেরুদণ্ড। কৃষকদের কষ্ট কমিয়ে আনতে নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সরকার কৃষক ভাইদের বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করে যাচ্ছেন। ফলে কৃষকরা উন্নতির দিকে অগ্রসর হবে।

    তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষককে কৃষি প্রণোদনা ভর্তুকি মূল্যে সার ও কৃষি যন্ত্রাংশ সরবরাহ করা হচ্ছে। এতে কৃষি অর্থনীতি চাঙা হয়।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ. জেড. এম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসাইন আলহাদী, দৈনিক হবিগঞ্জের জননীর বানিয়াচং প্রতিনিধি শাহ-সুমন, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

  • মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে মাধবপুর উপজেলা কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

    শেখ মঈনুল ইসলাম মঈন তার বক্তব্যে বলেন, “ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, ভোক্তাকেও এগিয়ে আসতে হবে। দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে।”

    তিনি আরো বলেন. “জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রনয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে।”

    “সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব। অভিযোগকারীরে জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষনিক ভাবে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা হচ্ছে। সরকার ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সাথে সুস্পর্ক রেখেই সবধরনের আইনী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।”

    সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহনের কারনে এখন আর কোন খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মিশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছে বলে বক্তারা জানান।

    সেমিনারে চেয়ারম্যান, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান আহমেদ আলী মুকিব

    বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান আহমেদ আলী মুকিব

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির আহবায়ক হবিগঞ্জের কৃতি সন্তান আহমদ আলী মুকিবকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

    আহমদ আলী মুকিবকে দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ণ হিসেবে ৫ এপ্রিল মঙ্গলবার বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক সুসংগঠিত করতে এবং বহিবিশ্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রচারের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমদ আলী মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি ইনশাআল্লাহ বহির্বিশ্বে বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো।

    তিনি আরো বলেন,বহির্বিশ্বে বিএনপির চেয়াপারর্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুর্নরুদ্বারের আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে গতিশীল করার জন্য কাজ করে যাব।

    এদিকে, সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীতর খবরে উজ্জীবিত সৌদিআরব মধ্যেপ্রাচ্য সহ বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীরা। দেশে-দেশে আনন্দ উল্লাস চলছে। নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জ ২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নেতাকর্মীদের মধ্যেই চলছে আনন্দ উৎসব।

    অভিনন্দন জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল,  কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্টা আসকির আলী, আমেরিকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আকম রফিকুল ইসলাম, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান, হলান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর ছিদ্দিকুর রহমান ইমরান, পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তফন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুল ইসলাম জুনায়েদ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যেপ্রাচ্য ২২টি দেশে বিএনপিকে ঢেলে সাজাতে এর আগে ১৩ই ফেব্রুয়ারি ২০২০ তাকে দায়িত্ব দেওয়া হয়।

  • বানিয়াচংয়ের বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় সাফল্য অর্জন

    বানিয়াচংয়ের বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় সাফল্য অর্জন

    হবিগঞ্জের বানিয়াচংয়ের ৩ কৃতি সন্তান অ্যথলেটর জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে দেখিয়েছেন সবাইকে। বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যথলেটিক্স ও সাতার প্রতিযোগিতায় তারা ৩ জন এই সাফল্য দেখিয়েছেন।

    তারা হলেন বানিয়াচংয়ের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মার্জিয়া আক্তার ও ছাত্র নাজমুল শাকিব। অন্যজন হলেন বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লুবনা আক্তার।

    গত ১ ও ২ এপ্রিল ঢাকা মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মার্জিয়া আক্তার ১০০ মিটার দৌড়ে তৃতীয়, লুবনা আক্তার লংজাম্পে তৃতীয় ও নাজমুল সজীব চতুর্থ স্থান অর্জন করেছেন।

    তাদের এই কৃতিত্বে পুরস্কার অর্জনের পাশাপাশি মে মাস থেকে বিকেএসপিতে ১ মাসের প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষন পরবর্তীতে তাদেরকে দেশের বাইরে বড় টুর্ণামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

    উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে তারা এই কৃতিত্ব অর্জন করেছেন।

    এ ব্যাপারে অ্যথলেট নাজমুল সজীব বলেন, আমাদের প্রয়োজনীয় উপকরণ নাই। প্রয়োজনীয় জুতা, ট্রেনার, চাহিদা মাফিক খাবার ও শারিরীক সুস্থতার জন্য ফিটনেস কোন কিছুই নাই। তারপরও আমরা সাফল্য দেখিয়েছি শুধু মনের জোরে।

    এ ব্যাপারে মার্জিয়া আক্তার বলেন, আমাদের ইউএনও পদ্মাসন সিংহ মহোদয় আমরা দু’জনকে আর্থিক সহযোগীতা করার কারণে আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রয়োজনীয় সহযোগিতা পেলে শুধু বানিয়াচং হবিগঞ্জ আর সিলেট বিভাগ নয়, বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, আমি দু’জন অ্যথলেটরকে প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহযোগিতা করেছি। প্রয়োজন হলে এদেরকে আরও সহযোগিতা করবো।

  • লাখাইয়ে মৌসুমী শাকসবজি  চাষে স্বাবলম্বী বর্গাচাষী জামাল

    লাখাইয়ে মৌসুমী শাকসবজি চাষে স্বাবলম্বী বর্গাচাষী জামাল

    লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর বর্গাচাষী মোঃ জামাল উদ্দিন দীর্ঘ দিন যাবৎ মৌসুমী বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে আসছেন। নিজের কোন জমিজমা না থাকায় অন্যের জমি বর্গা ও পত্তন নিয়ে সব্জি চাষ করে আসছেন মোঃ জামাল উদ্দিন।

    এ প্রতিনিধির সাথে আলাপকালে জামাল তার ঘুরে দাঁড়ানোর কাহিনী ব্যাক্ত করেন।জামাল উদ্দিন অনেকদিন পূর্বে ভাগ্যান্বেষণে বিদেশ গমন করেন। সেখানে থেকে যা আয় রোজগার করেন তা দিয়ে দেশে এসে ব্যবসা শুরু করেন। কিন্তু বিধিবাম হওয়ায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে কপর্দক শুন্য হয়ে পড়েন। অর্থনৈতিক দৈন্যদশায় পড়েও সে মনোবল না হারিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন।স্থানীয় কৃষকদের নিকট থেকে জমি বর্গা ও পত্তন নিয়ে এতে বিভিন্নধরনের মৌসুমী সবজি যেমন শশা, ভুট্টা, বরবটি, খিরা, মুলা, পিয়ারা, কাঁঠাল চাষ করে আসছেন। এতে তার সফলতা আসতে থাকে। জামাল আরো জানান, ২০১২ সাল থেকে এই সব্জি চাষ করে আমি আজ স্বাবলম্বী। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে বেশ লাভবান হয়েছি। এই সব্জি চাষের মাধ্যমে আমার ৭ সদস্যের পরিবারে স্বচ্ছলতা এসেছে। আমার ৪ ছেলেকে লেখাপড়া করাচ্ছি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি। তিনি আরোও জানান, দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনে যা করতে পারিনি তা ১০ বছরে সব্জি চাষে করতে পেরেছি। চলতি বছরেও আমি ৩ বিঘা জমি পত্তন নিয়ে খিরা চাষ করি।চাষাবাদে মোট খরচ হয় ১৩ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুবই ভাল হয়েছে। বাজারে খিরার মূল্য বেশ চড়া। পৌষ মাসের শেষ দিকে খিরা রোপন করে চৈত্র মাসের মধ্যভাগ পর্যন্ত বিক্রি হয়েছ ১ লক্ষ ৫৫ হাজার টাকার মতো। এতে আমার লাভ হয়েছে ১ লক্ষ ৪২ হাজার টাকা।বর্তমানে আমি শশা চাষের উদ্যোগ নিচ্ছি। তিনি জানান এক সময় আমার নিজস্ব কোন জমি ছিলনা। এবছর আমি ১ লক্ষ টাকাশ একখণ্ড জমিও ক্রয় করেছি।

    এ ব্যাপরে উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার এর সাথে আলাপকালে জানান, আমরা ধানের পাশাপাশি সব্জি ও ফলমূল চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগীতা করে আসছি। কৃষক জামাল মিয়া এ বছর খিরা চাষে বেশ সফলতা এনেছে। আমরা তাকে আরোও সহযোগীতা ও তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

  • এমপি মজিদ খানের সাথে সাক্ষাৎ করলো লিবিয়া ফিরত ১১ যুবক

    এমপি মজিদ খানের সাথে সাক্ষাৎ করলো লিবিয়া ফিরত ১১ যুবক

    সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় দালালদের খপ্পরে পরে লিবিয়ায় জেল খাটা হবিগঞ্জের ১১ যুবক দেশে ফিরেছেন৷ ১ বছর পূর্বে দালালদের খপ্পরে পরে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য অবৈধভাবে লিবিয়ায় যায় হবিগঞ্জের ১১ যুবক৷

    লিবিয়ায় পৌছানোর পরপরই দালাল তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে লিবিয়ার পুলিশে ধরিয়ে দেয়৷

    প্রায় ১ বছর জেল খাটার পর সম্প্রতি তাদের পরিবাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আব্দুল মজিদ খানের স্মরণাপন্ন হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় হবিগঞ্জের ওই ১১ জন সহ ২৭০ বাংলাদেশী যুবক লিবিয়ার জেল থেকে মুক্ত হয়ে দেশে ফিরত আসে৷

    গত শুক্রবার ওই ১১ যুবক এমপি আব্দুল মজিদ খানের সাথে সাক্ষাৎ করেন৷ এসময় তারা তাদেরকে সুস্থভাবে দেশে ফিরত আনায় এমপি আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

    একইসাথে তারা তাদেরকে সর্বশান্ত করা প্রতারক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এমপি আব্দুল মজিদ খানের কাছে দাবি জানান। এমপি মজিদ খান তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন৷

    দেশে ফিরত আসা যুবকরা হলো শহরের নাতিরাবাদ এলাকার আলাউদ্দিন মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল মিয়া, নতুন পাতারিয়া গ্রামের গিয়াস উদ্দিন, ধুলিয়াখাল এলাকার বায়োজিদ আহমেদ, পাইকপাড়ার বাছিত রানা, হিয়ালা গ্রামের ফরহাদ আহমেদ, আশিকুর রহমান, বহুলা গ্রামের আমিরুল মিয়া, মক্রমপুর গ্রামের আব্দুল আজিম, আবেদ আলী ও মোঃ আনিছ মিয়া।