Category: হবিগঞ্জ

  • মাধবপুর থেকে ট্রাকসহ গাঁজা উদ্ধার, গ্রেফতার-৩

    মাধবপুর থেকে ট্রাকসহ গাঁজা উদ্ধার, গ্রেফতার-৩

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ২৩ এপ্রিল ২০২২ ইং দিবাগত রাত ৩:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুরের ০৭ নং জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তপুর এলাকার মৃত সদর আলীর ছেলে মোঃ উজ্জল (৩৫) ও একই এলাকার বাসিন্দা আকরাম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হাটরামচন্দ্রপুর এলাকার মৃত আলমাছ মন্ডলের ছেলে শেরাফত আলী (৫৫)।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বিশাল চালান হবিগঞ্জের মাধবপুর এলাকা দিয়ে রাতের কোন এক সময় নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিযানিক দলটি মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন ঢাকা-সিলেট গামী রাস্তার উপর একটি ট্রাক তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করে গাঁজা ব্যবসায়ীদের আটক করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক তথা গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করত। সংগ্রহকৃত গাঁজা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত।

    মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • জাতীয় স্কুল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আবু জাহের উচ্চ বিদ্যালয়

    জাতীয় স্কুল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আবু জাহের উচ্চ বিদ্যালয়

    হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়। গতকাল রিচি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে এ প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হল।

    গতকাল সকাল সাড়ে ৮টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়। প্রথম ইনিংসে তারা ৪৮.৩ ওভারে ১৯৭ রানে রিচি উচ্চ বিদ্যালয়কে অলাউট করে। পরে ব্যাংটিং করতে নেমে ১৩ ওভারে ৪২ রান সংগ্রহ করে আবু জাহির উচ্চ বিদ্যালয়। পরে বৃষ্টির জন্য খেলা বিলম্বিত হয় এবং এক পর্যায়ে দুই দলের মধ্যে টস হলে এতে অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

    পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রাইম ব্যংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাশ।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জ পলিটেকনিক ২০১১-১২ সেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ পলিটেকনিক ২০১১-১২ সেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আমিনুল ইসলাম জনিঃ “বন্ধুত্বের টানে,মিলিত হই সবার সনে” এ স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১১-১৩ শিক্ষা বর্ষের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরা তেহেরী অন ফায়ার রেস্তোরাঁয় মাহফিল মাহফিল সম্পন্ন হয়েছে।২০১৬ সালে একাডেমিক পড়াশোনা শেষ হবার পর এটাই ছিল তাদের প্রথম মিলনমেলা।বেলা পরার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আসা বন্ধদের নিয়ে ক্ষনিকের জন্য হাড়িয়ে যায় মায়া জড়ানো সোনালী স্মৃতির ভূবনে। অনেকে আবার আবেগ আপ্লূত হয়ে যায়।

    আমিনুল ইসলাম জনি এর উপস্থাপনায় এ বক্তব্য রাখেন,এ.বি.এম মোর্তজা সহিদ রানা,এস.এ সিফাত হাসান,গোলাম মহিউদ্দিন পিয়াল।মোদাচ্ছের খার রুপু।

    এছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,সৈয়দ আরিফুজ্জামান হাসান,রেজাউল তুষার,রুবেল আহমেদ, জাকারিয়া, মনির প্রমুখ।

    সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে,দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • রূপকল্প বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারে থাকা দরকার – আবু জাহির

    রূপকল্প বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারে থাকা দরকার – আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইনশল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের পক্ষে সেটি সম্ভব হবে।

    গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের বড়িউজ্জামান সড়কের মুঘল রেস্টুরেন্টে জেলা যুব মহিলা লীগের দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    সংসদ সদস্য আরও বলেন, করোনার হানায় বিভিন্ন দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগকে বার বার সরকারে থাকা প্রয়োজন।

    এজন্য আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেকটি ইউনিটকে আরও সুসংগঠিত করার বিকল্প নেই। এ সময় তিনি হবিগঞ্জে যুব মহিলা লীগের প্রতিটি ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম তরান্তি করার নির্দেশনা দেন।

    ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন এবং সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

    এতে সভাপতিত্ব করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা চৌধুরী মজু ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিন রুবানা চৌধুরী জেনী।

    আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানারা চৌধুরী, লৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, জাহেনারা আক্তার বিউটি, যুব মহিলা লীগের নেত্রী রানী বেগম, জেরিন মাহমুদ, মায়া আক্তার, আলফা আক্তার প্রমুখ।

  • মাধবপুরে ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

    মাধবপুরে ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুরে বাঁশঝাড়ে ছেড়া লুঙ্গী দিয়ে গলায় ফাঁস লাগানো বাদশা মিয়া (১১) নামে এক শিশুর মরদেহ উদ্বার করেছে থানা পুলিশ। বাদশা মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মোঃ শাহ আলম চৌধুরীর ছেলে। মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

    মাধবপুর থানার পরির্দশক তদন্ত গোলাম কিবরিয়া হাসান জানান, শিশু বাদশা মিয়া’র বাবা মা মৌলভীবাজারে নির্মান শ্রমিকের কাজ করে। বাদশা মিয়াকে বাঘাসুরা গ্রামে নানী মমিনা খাতুনের কাছে রেখে যায়। বাদশা বাড়ির আশ পাশে ঘুরে বেড়াত। তার দুরন্তপনায় প্রতিবেশীরা বিরক্ত হত। এনিয়ে প্রায়ই নানীর কাছে বিচার প্রার্থী হতেন অনেকই। নানী শাসন করতেন।

    পুলিশ জানায়- বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সকলের অগোচরে রান্না ঘরের পাশে বাঁশঝাড়ে পুরাতন লুঙ্গী দিয়ে বাশের সঙ্গে ডগলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বাদশা মিয়া। এ অবস্থায় দেখে তার নানী মমিনা খাতুন গলার ফাঁস কেটে মাটিতে নামায়। খবর পেয়ে রাতে সিনিয়ন সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসীন আল মুরাদ ও মাধবপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসান সহ পুলিশ ঘটনাস্থলে যান।

    মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ময়নাতদন্ত শেষে বাদশা মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ফিদা ক্রিকেট ক্লাব

    হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ফিদা ক্রিকেট ক্লাব

    হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে ফিদা ক্রিকেট ক্লাব। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে রবিবার ফাইনাল খেলায় তারা ৬ রানে উদীয়মান ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

    টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২১ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোজাম্মিল সর্বোচ্চ ৭২ রান সংগ্রহ করে।

    জবাবে উদীয়মান ক্রিকেট ক্লাব নির্ধারিত ২১ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। উদীয়মানের ফেরদৌস ৫১ রান সংগ্রহ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের মোজাম্মিল।

    খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম ও স্পন্সর আলমগীর আলম।

    ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, এডভোকেট শাহ ফখরুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য এডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভু, জসিম উদ্দিন আহমেদ সুজন ও সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ।

    পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও জমিলা এ্যাগ্রো ফার্মের পৃষ্টপোষকতায় লীগে ২০টি দল অংশ নেয়।

  • মাধবপুরে জাল টাকাসহ এক প্রতারক গ্রেফতার

    মাধবপুরে জাল টাকাসহ এক প্রতারক গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুরে জাল টাকাসহ একজন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় তার কাছ থেকে ১০টি ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট (১০x৫০০) =৫,০০০ (পাঁচ হাজার) বাংলাদেশী জাল টাকা উদ্ধার করে।

    গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের কনোয়া গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশী পাঁচ হাজার জাল টাকাসহ একজন প্রতারককে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্লভপুর এলাকার বাসিন্দা মোঃ আনু মিয়ার ছেলে মোঃ সামছুল ইসলাম (৪২)।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন মাধ্যম থেকে জাল টাকা সংগ্রহ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

    এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৯ জাল টাকাসহ প্রতারকদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক মোঃ সামছুল ইসলামকে জাল টাকাসহ গ্রেফতার করে।

    জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ে জাল টাকার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারী এবং অভিযান অব্যহত থাকবে।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।