Author: Habiganj News

  • মার্চে জাতীয় কাউন্সিল করতে পারে বিএনপি

    আগামী মার্চে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন করতে পারে বিএনপি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

    বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আগামী মার্চেই বর্তমান জাতীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। বৈঠকে নীতিনির্ধারক ফোরামের একজন সদস্য মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই কাউন্সিল আয়োজনের প্রস্তাব দেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের ১৯শে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে সাজানো ফল প্রকাশের পর সবকিছু নতুন করে ভাবতে চাইছেন বিএনপির নীতিনির্ধারক ফোরাম। তারা পর্যালোচনা করছেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনসহ নানা বিষয়ে। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতিতে নতুন করে ঘুরে দাঁড়াতে নীতিনির্ধারক ফোরামের সদস্যরা দলকে সাংগঠনিকভাবে পুনর্গঠনের ওপর মতামত দেন।

    সে অনুযায়ী বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এমনকি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের মতো ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রস্তাবও আসে।

    স্থায়ী কমিটি সূত্র জানায়, মঙ্গলবার রাতের বৈঠকে দলের বিষয়ভিত্তিক কমিটি নিয়ে আলোচনা হয়। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কিছু বিষয়ভিত্তিক কমিটির গঠনের প্রস্তাব অনুমোদিত ও গঠনতন্ত্রে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সে কমিটিগুলো গঠন করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে খাতওয়াডর সরকারের অনিয়ম ও দুর্নীতিসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষু এবং করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট অভিমত প্রদানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে বিষয়ভিত্তিক কমিটি করার জন্য একজন সদস্য মতামত দেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। জাতীয় নির্বাচনের পরও এ ইস্যুতে কোনো কর্মসূচি না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটা নিয়ে নেতারা কথা বলেন। আগামী ৮ই ফেব্রুয়ারি তার কারাবাসের এক বছর পূর্ণ হবে। ফলে এ দিনকে কেন্দ্র করে কী ধরনের কর্মসূচি দেয়া যায়, তা নিয়েও তারা আলোচনা করেন। তবে বৈঠকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।

    বিএনপি স্থায়ী কমিটি সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে বৈঠকের আলোচনায়। বিএনপির নীতিনির্ধারক ফোরামের অন্তত দুজন সদস্য হতাশা প্রকাশ করে বলেন, সাত দফা দাবির ন্যূনতম পূরণ না হওয়ার পর নির্বাচনে যাওয়া ঠিক হয়নি। নানা যুক্তিতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হলেও সেটা বাস্তবে রূপ দেয়া যায়নি।

    জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃত্বের কাছে বিএনপিসহ দেশবাসীর যে প্রত্যাশা ছিল তারা তা পূরণ করতে পারেননি। নির্বাচনের আগের রাত ও নির্বাচনের দিনে অনিয়মসহ নির্বাচনের প্রতিকূল পরিবেশের বিষয়গুলো ঐক্যফ্রন্টের নেতারা ভালোভাবে প্রকাশ করতে পারেননি।

    তার পরও জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে রাজনীতিতে যে ঐক্য গড়ে উঠেছে সেটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় না বিএনপি। তাই ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঐক্যকে আরও জোরদার করার মাধ্যমে সামনের দিনে পথ চলতে চায় তারা। তবে দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আগামীতে উপজেলাসহ কোনো নির্বাচনেই অংশ নিতে চায় না বিএনপি।

    স্থায়ী কমিটির বৈঠকে দলটির নীতিনির্ধারক ফোরামের বেশির ভাগ সদস্যই এ ব্যাপারে একমত পোষণ করেছেন। তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী মনোনয়ন দেয়া হবে না। কেউ প্রার্থী হতে চাইলে তাকে দল থেকে পদত্যাগ করতে হবে।

    সূত্র: মানবজমিন

  • হুইল চেয়ারে একাই ফিরলেন মুহিত

    সিলেট প্রতিনিধি: ঢাকা থেকে সিলেট ফিরলে ভিড় লেগে থাকতো ওসমানী বিমানবন্দরে। পড়ে যেত হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি। স্লোগানে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখর হয়ে ওঠতো। মোটর শোভাযাত্রার বেষ্টনীতে নিয়ে আসা হতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। সেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শুক্রবার একাই সিলেট গেলেন।

    সাবেক এপিএস জনি ছাড়া তার হুইল চেয়ার ধরার মতোও কেউ ছিল না। দেখা যায়নি তার সু-সময়ের বন্ধুদের। মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই তারা ভুলে গেছেন প্রভাবশালী অর্থমন্ত্রী মুহিতকে।

    শুক্রবার বেলা একটা ৫০ মিনিটের সময় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান আবুল মাল আবদুল মুহিত।

    বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি লাউঞ্জে।

    জনশূন্য ভিআইপি লাউঞ্জ তখন অনেকটা অপরিচিতই মনে হচ্ছিল মুহিতের কাছে। ভিআইপি লাউঞ্জের গেটে একমাত্র বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম স্বাগত জানান। চিরচেনা পরিচিতমুখগুলো দেখতে না পেয়ে অনেকটা হতাশই মনে হচ্ছিল সাবেক এই অর্থমন্ত্রীকে।

    পরে সাবেক অর্থমন্ত্রী মুহিত বিমানবন্দর থেকে চলে যান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বসে দেখেন সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ।

  • হবিগঞ্জ শহরে চোরের উপদ্রব

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন বাসায় চুরি সংগঠিত হচ্ছে। তবে চোরেরা রাতের পরিবর্তে কৌশল পাল্টিয়ে দিনে ও সন্ধ্যায় চুরি করছে।

    এসব চুরির সাথে জড়িত রয়েছে কিছু মাদকসেবী ভদ্র ঘরের যুবকরা।

    শুক্রবার বিকাল ৫টায় শহরের কোর্ট স্টেশন খোশ মহল এলাকায় নূর মিয়ার ভাড়াটিয়া ৩টি বাসায় দুই কাপড় ব্যবসায়ীসহ তিন জনের বাসায় চুরি সংঘটিত হয়েছে।

    চোরেরা ঘরের দরজার লক ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান কাপড়চোপড় নিয়ে গেছে।

    এছাড়া গত বুধবার বিকালে উত্তর শ্যামলী এলাকায় এক প্রবাসীর বাসায় একই কায়দায় নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়।

  • কমলগঞ্জে হিমাগার নেই, বিপাকে চাষিরা

    পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে: শস্য ভান্ডার খ্যাত বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার কৃষকরা খাদ্য যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চলতি রবি মওসুমে টমেটোরও ব্যাপক চাষাবাদ এবং বাম্পার ফলনও হয়েছে।

    টমেটো, বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ শাকসবজির চাষাবাদে কৃষকদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। তবে উৎপাদনের পর দাম ভালো না থাকায় অনেকেই নামে মাত্র মূল্যে উৎপাদিত সবজি বিক্রি করতে বাধ্য হন। ফলে এসব কৃষকরা লাভের মুখ দেখতে পান না বলে অভিযোগ তোলেছেন।

    কৃষি অধ্যূষিত এই উপজেলায় একটি হিমাগার স্থাপিত হলে চাষি পর্যায়ে এই সমস্যা কাটিয়ে লাভবান ও কৃষি উৎপাদনের পরিমাণ বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মওসুমে এ পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। মোট রবিশস্য চাষাবাদ হয়েছে ১৫শ’ হেক্টর জমি। তবে গ্রাফটিং পদ্ধতিতে কেউ কেউ বারো মাসও টমেটো চাষাবাদ করেন।

    শীত মৌসুম আসার আগেও ৩০ থেকে ৫০ হেক্টর পরিমাণ জমিতে গ্রাফটিং টমেটোর চাষাবাদ করা। এছাড়াও বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, মূলাসহ ও শীতকালীন শাকসবজির ব্যাপক চাষাবাদ হচ্ছে। জেলার মধ্যে কৃষি উৎপাদনে এ উপজেলা ব্যাপক খ্যাতি অর্জন করেছে।

    উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমবেশি স্থানে রবিশস্য উৎপাদন হয়। তবে আদমপুর, মাধবপুর ও আলীনগর ইউনিয়নে অধিক পরিমাণে শাক-সবজি চাষাবাদ হয়। এসব ইউনিয়নে সরিষারও আবাদ করা হয়। তবে সময় মতো কৃষকরা ন্যায্য দাম না পেয়ে নামে মাত্র মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হন।

    চাষীরা জানান যারা টমেটো বাজারজাত করছেন তারা কিছুটা লাভবান হচ্ছেন। তাছাড়া কয়েকদিন পর যারা টমেটো বাজারজাত করবেন তারা সেভাবে লাভবান হতে পারবেন না। গাছে গাছে এখন টমেটো, বেগুন ধরতে শুরু করেছে। সেগুলো বাজারে তোলার পর দাম একেবারেই কমে যায়। কৃষকরা বলেন, টমেটো, বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, সরিষা সহ শীতকালীন সকল শাক-সবজির চাষাবাদ বেড়েছে। তবে সময় মতো ন্যায্য মূল্য পাওয়া যায় না। ফলে সকল দিক বিবেচনা করে কৃষকদের লাভের সুযোগ থাকে না এবং সেভাবে লাভবান হওয়া যায় না।

    এই উপজেলায় একটি হিমাগার বা সংরক্ষণাগার থাকলে দাম কমে গেলে সেখানে রেখেও পরে বিক্রি করে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ ছিল।

    কৃষকরা বলেন, এ উপজেলায় কৃষকদের সুবিধার্থে একটি হিমাগার বা সংরক্ষণাগার স্থাপনের দাবি দীর্ঘদিনের।

    অপরদিকে সরিষা প্রক্রিয়াজাতকরণে একটি কারখানা থাকলে চাষীদের জন্য অধিকতর সুবিধা বয়ে আনতো। অতীতে বিভিন্ন সময়ে সংরক্ষণাগার স্থাপনের দাবি জানানো হলেও এ ব্যাপারে কারো নজর নেই। খাদ্য যোগানে এই অঞ্চলে কৃষি উৎপাদনে সংরক্ষণাগার, সরিষার কারখানা দ্রুত স্থাপনে সরকারের নিকট তারা জোর দাবি জানান।

    উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, টমেটোসহ রবিশস্যের জন্য কমলগঞ্জ ব্যাপক পরিচিত। এসব সবজির ভালো চাষাবাদ ও উৎপাদন হচ্ছে। তবে এখানে একটি হিমাগার বা সংরক্ষণাগার থাকলে সেটি কৃষকদের জন্য আরও ভালো হতো এবং কৃষকরা বিপুল উৎসাহ নিয়ে কৃষিতে অধিকতর মনোযোগী হয়ে উঠতেন।

  • নবীগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ১

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সোনামপুর বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে  ভারতীয় ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়ি জব্দ করেছে র‌্যাব। এ সময় আবুল বাশার তনু (২০) নামে এক জনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে বিড়িসহ তনুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তনু সোনামপুর বড়বাড়ি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

    এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, পাচার করে আনা বিড়িগুলো প্রায় ১০০টি কার্টনে করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছিলেন তনু। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিড়িসহ তাকে আটক করে।

    জব্দকৃত বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষাধিক টাকা।

  • কমলগঞ্জে বিরল রোগে আক্রান্ত ভাই-বোন

    পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র কৃষক পরিবারের দুই ভাই-বোন বিরল রোগে আক্রান্ত হয়ে ১৫ বছর গৃহবন্দি রয়েছেন। পত্র-পত্রিকার রিপোর্ট প্রকাশ পেলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। চেহারা অবস্থা এমন হয়েছে মানুষে দেখলে পালিয়ে যায়। আর সূর্যের আলো তারা সহ্য করতে পারে না।

    কমলগঞ্জ সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার উত্তর তিলকপুর গ্রামের দরিদ্র কৃষক পরিবারের দুই ভাই-বোন মো: সিরাজুছ ছালেকিন (২০) ও মোছা: আবেদা আক্তার রিমা (১৭)। তাদের পিতা মো: ফকরুল ইসলাম (আফরুজ) ও মাতা শিরী বেগম।

    তারা জন্মের ৩ বছর পর থেকে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। আক্রান্তের পর চোখের সামনে ছেলে মেয়ের এমন অবস্থা দেখে তাদের বাবা মো: ফকরুল ইসলাম (আফরুজ) তাদেরকে গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যান। অন্ধবিশ্বাসের কারনে ক্রমাগত রোগটি বাড়তে থাকে। মো: সিরাজুছ ছালেকিনের মুখমন্ডল ও শরীরে রোগটি ক্রমাগত বাড়তে থেকে মারাত্মক আকার ধারন করে।

    মোছা: আবেদা আক্তার রিমার রোগটিও বেড়ে গিয়ে মুখ ও শরীরে ছড়িয়ে পড়ে। তাদের এই অবস্থাতে ঘরের বাইরে বের হওয়া খুবই কষ্টসাধ্য। ভাই-বোন দীর্ঘদিন যাবত এই ভয়ংকর রোগের সাথে যুদ্ধ করে বেঁচে আছে।

    আর্থিক অস্বচ্ছলতা ও অজ্ঞতার কারণে অসহায় ফকরুল ইসলাম কোনো সুচিকিৎসা করাতে পারছেন না তাদের। ভাল কোনো ডাক্তারও দেখাতে পারেননি।

    একদিকে রোগের যন্ত্রনা অন্যদিকে সংসারের অনটনে চিকিৎসার অভাবে যেন তাঁরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমনই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন বাবা মো: ফকরুল ইসলাম (আফরুজ)।

    আর্থিক সাহায্য চেয়ে সম্প্রতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

    স্থানীয় কমলগঞ্জ সদর ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ জানান, ভয়ংকর বিরল রোগে আক্রান্ত ছেলে-মেয়েকে শুধুমাত্র টাকার অভাবে উন্নত চিকিৎসা সেবা দিতে পারছেন না দরিদ্র পিতা মো: ফকরুল ইসলাম (আফরুজ)। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য চেয়ে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক জানান, বিরল রোগে আক্রান্ত ভাই-বোন এর বিষয়টি আমি আগে জানতাম না। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করার পর জরুরী ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যসহ সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • চুনারুঘাটে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

    চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

    একটি দোকানের মালিক উপজলো স্বেচ্ছাসেবকলীগের সহ সাংগঠনিক সম্পাদক আকরাম এমরান বলনে, র্পুব শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা।