Category: হবিগঞ্জ

  • বিমানে যাত্রীসেবা শতভাগ নিশ্চিত করা জরুরি

    বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান খাতকে লাভজনক করার চেয়ে যাত্রীসেবা শতভাগ নিশ্চিত করা জরুরি।

    বিমানের অবকাঠামোগত উন্নতির পাশাপাশি সাধারণ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন; সেদিকে নজর রাখা দরকার।

    বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মাহবুব আলী বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত দাপটের সঙ্গে উড়োজাহাজের ব্যবসা করছে। কিন্তু তারাও এখনও পর্যন্ত লাভবান হতে পারেনি। যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক ব্যবসা; তাই আমাদের সেবার মান বাড়াতে হবে।

    এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া যে স্থানগুলো মানুষকে আকৃষ্ট করে; সেগুলোকে ঢেলে সাজানো হবে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। এছাড়া বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

    সামান্য সমুদ্র সৈকত নিয়েও থাইল্যান্ড বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারছে। তাদের তুলনায় অনেক বড় সমদ্র সৈকত রয়েছে আমাদের এখানে। এগুলোর আরো উন্নয়ন করে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

    এর আগে সকাল ১১টার দিকে প্রতিমন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজে এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়ে অংশ নেন। সেখানে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

  • মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএফএ এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

    প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল হক মির্জা, বিদ্যুৎসাহী সদস্য শাহ মোঃ সেলিম, আলমগীর হোসেন টিপু, মাসুকুর রহমান, শৈলেন চন্দ্র বণিক, কাউন্সিলর বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর গোলাপ খান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সহ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মওলানা শিক্ষক জুনাইদ আহম্মেদ লস্কর প্রমুখ।

  • প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা দিব

    মাধবপুর প্রতিনিধি:  বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী মন্ত্রীত্ব পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় আসলে শত শত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

    সড়ক পথে ডাক বাংলায় পৌঁছলে পূর্ব থেকেই প্রশাসনের লোকজন ও নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে ভিড় করেন।

    মন্ত্রী বলেন- এই কৃতিত্বের দাবিদার মাধবপুর-চুনারুঘাটবাসী। জনগণের ভালবাসার ঋণ শোধ হবে না।

    মন্ত্রীত্ব দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাধবপুর-চুনারুঘাটবাসীকে সম্মানীত করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিব। এলাকার জনগণের আশা আকাঙ্খা ও প্রত্যাশা পুরণে অবিচল থাকব।

    পরে তিনি গ্রামের বাড়ি বানেশ্বরে গিয়ে তার পিতা সাবেক এমপি মওলানা আসাদ আলীর কবর জিয়ারত করেন ও গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন মাধবপুরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান মাধবপুরের নবনির্বাচিত শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ।

    গতকাল সন্ধ্যায় মন্ত্রীর সাথে সাক্ষাতকালে সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক অনুপ কুমার রায় প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য, শতভাগ পদোন্নতিসহ নানা দাবির কথা তুলে ধরেন।

    এ সময় মন্ত্রী অচিরেই সকল সমস্যার সমাধানের আশ্বাষ প্রদান করেন। মন্ত্রী শিক্ষকদের আন্তরিকতার সাথে শিশুদের পাঠদান ও দায়িত্ব পালনের তাগিদ প্রদান করেন।

    আরও উপস্থিত ছিলেন সমিতির সহঃসভাপতি পরিমল চন্দ্র রায় ও আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনি, যুগ্ম সম্পাদক আবু কাউসার, সহঃসাংগঠনিক সম্পাদক কাজী মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক চৌধুরি হেফজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহঃ অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ আশ্রাফুল হক, সহঃ প্রচার সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, সহঃক্রীড়া সম্পাদক কাউছার হামিদ তালুকদার, কার্যনার্বাহী সদস্য মোঃ আবুল কালাম প্রমুখ।

  • বাহুবলে ট্রাক চাপায় শিশু নিহত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় আশরাফ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

    মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫ টায় উপজেলার চলিতাতলায় এঘটনাটি ঘটে। নিহত শিশু আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এ ঘটনায় ট্রাক চালক নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোফালার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র আব্দুস ছোবহানকে আটক করেছে পুলিশ।

    ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।

    খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

    বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।

  • বাহুবলে দেয়াল পত্রিকা উৎসব

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ-বিনোদন ও প্রতিভা বিকাশের লক্ষ্যে দেয়াল পত্রিকা উৎসব করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টায় বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা দেয়ালিকা প্রদর্শন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একক অভিনয়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এই দেয়ালিকা উৎসব।

    পরে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার জসীম উদ্দিন উক্ত দেয়াল পত্রিকা উৎসব পরিদর্শন করেন।

    আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ এখলাছ মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা রিংকু দাস, আরডিআরএস বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোঃ শাহাদুল হক ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।

  • বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দার (মুরুব্বী) নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইউ/পি সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নোয়াগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে সুবিদপুর ইউনিয়নের মেম্বার কমর উদ্দিন (৫০), আলামিন মিয়া (৫৫), মোঃ সাকিব মিয়া (৩২) ও মোঃ হাদিস মিয়া (৩৫) কে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    স্থানীয় সূত্র জানায়, নোয়াগাও গ্রামের সর্দার নির্ধারণ নিয়ে ইউ/পি সদস্য মোঃ কমর উদ্দিন ও আলেমান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে ১৫ জন আহত হয়।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।