Category: হবিগঞ্জ

  • বানিয়াচঙ্গে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত টানা দুই ঘন্টা উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রষে আনে।

    এছাড়াও অন্যান্য আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়,  সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী ও ইউপি মেম্বার মাহফুজ আহমেদ তালুকদারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন স্থানীয় একটি পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    টেঁটাবিদ্ধ ছাওয়াল মিয়া, খাইরুল আমীন, পারভেজ, আবু তাহের ও তোফায়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আহতদের মধ্যে নুরুল আমীন, মোজাম্মেল, আউয়াল, শারাজ মিয়া, সহিবুর রহমান, আহাদ মিয়া, কাওসার মিয়া, মুবিন আহমেদ, রুবেল মিয়া, আলী আহমেদ, আফরোজ মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাছুম মিয়া, তাজ বানু, জাহানারা বেগম, ফাহিম মিয়া, আব্দুল হেকিম, মারুফ আহমেদ, মশাই মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • চুনারুঘাট থেকে পিকআপ ভর্তি চোরাই গাছ উদ্ধার

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজারের কাছ থেকে পিকআপ ভর্তি চোরাই গাছ উদ্ধার করেছে বন বিভাগ।

    শুক্রবার বিকেলে জেলা সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে টহল বাহিনীর কর্মকর্তারা অভিযান চালিয়ে ২৪ টুকরো কাঠ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত পিকআপভর্তি কাঠ শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে জমা রাখা হয়।

    শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের কর্মচারী জিতেন্দ্র শুক্লবৈদ্য এ তথ্য নশ্চিত করেছেন।

  • সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত

    সিলেট প্রতিনিধিঃ হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

    শনিবার সকাল ৮ টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।

    প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।

    এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে সবশেষ খরব পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

    নগরীর জামতলা এলাকার সেলিম উদ্দীন জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ নয়। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

  • শায়েস্তাগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল আহাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

    ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিলে ডাকাতদের হামলায় আব্দুল আহাদ গুরুতর আহত হয়।

    তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার ভোর রাতে উপজেলার পশ্চিম বিরামচর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

    আহত বিজিবি সদস্য আব্দুল আহাদ বলেন, মুখোশধারী ডাকাত তার বাড়িতে হানা দেয়। পরে কোন কিছু বুঝে উঠার আগেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।

    শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: আনিছুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • মিরপুর-ধুলিয়াখাল সড়কের সংস্কার কাজ রহস্যজনক কারণে বন্ধ

    এম সাজিদুর রহমান, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী মিরপুর-ধুলিয়াখাল সড়কের সংস্কার কাজ রহস্যজনক কারণে বন্ধ রয়েছে। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই সড়কের সংস্কার কাজে। খুব শীঘ্র সংস্কার কাজ শেষ হবেনা এমন আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। যার কারণে এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রী সাধারণের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।

    হবিগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝিতে জেলার গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার কাজের জন্য দায়িত্ব পায় ‘মেসার্স নিয়াজ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ধুলিয়াখাল থেকে সুঘর পর্যন্ত সড়কের ৭ হাজার ৪’শ ৪৭ মিটার আরসিসি ও কার্পেটিং বাবদ অর্থ বরাদ্ধ দেয়া হয় ৫ কোটি ৯৭ লাখ ৫ হাজার ৫০ টাকা। সংসদ নির্বাচনের পূর্বে গত নভেম্বরে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ধুলিয়াখাল-গোপায়া অংশে কাজ শুরু করে। আর শুরু থেকেই কাজে দেখা দেয় মন্তরগতি।

    অলসগতিতে অন্তত ৩-৪ ধাপে ধুলিয়াখাল পয়েন্ট থেকে পুলিশ লাইন ও গোপায়া অংশে আংশিক আরসিসির কাজ করা হয়। অথচ ৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার শর্তে গত বছরের ১৭ আগস্ট ওয়ার্ক ওয়াটার পেয়েছিল মেসার্স নিয়াজ ট্রেডার্স। সেই হিসেবে চলতি অর্থ বছরের ১৩ মার্চ পর্যন্ত সময় আছে কাজ সম্পন্ন করতে। কিন্তু প্রায় তিন সপ্তাহ যাবৎ সব ধরণের কাজ বন্ধ রয়েছে।

    এব্যাপারে এলজিইডি অফিস সূত্র জানান, কাজের মেয়াদ বাড়াতে সংশিষ্ট ঠিকাদার আবেদন করতে পারেন। এতে সংস্কার কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনিতেই ওই সড়কে দীর্ঘ ৬/৭ বছরে কোন সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় কার্পেটিং উঠে যাওয়ায় অনুপযোগি হয়ে পড়েছে যানবাহন চলাচলে। দীর্ঘদিন ধরে চলছে জনভোগান্তি।

  • সিলেটের ১৭টি সহ ১০১ উপজেলায় ভোট ১০ ই মার্চ

    আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে সিলেট বিভাগের ১৭টিসহ ১০১টি উপজেলায় নির্বাচন হবে। উপজেলাগুলোর নামসহ চূড়ান্ত তালিকা অনুমোদন শেষে ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে এবার পাঁচ ধাপে ভোট হচ্ছে। মার্চেই চার ধাপের ভোট হবে। রমজানের পর শেষ ধাপের ভোট হবে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

    প্রথম ধাপে যে ১০১ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে- রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর, আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; দিনাজপুর সদর, জেলার বীরগঞ্জ, কাহারোল, বিরল, বোচাগঞ্জ, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট; নীলফামারী জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ; কুড়িগ্রাম সদর, জেলার ভুরুঙ্গমারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, চিলমারী ও রৌমারী।

    ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ; নেত্রকোনা জেলার বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, কলমাকান্দা, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, পূর্বধলা ও নেত্রকোনা সদর। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর, জামালগঞ্জ, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ; হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর, চুনারঘাট, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই।

    রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী কাজিপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া; জয়পুরহাট জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালায় ও ক্ষেতলাল।

    চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার সদর, বাঘায়ছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, জুড়াছড়ি, কাউয়াখালী, কাপ্তাই, রাজাস্থলী ও বিলাইছড়ি; বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি; খাগড়াছড়ি জেলার সদর, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও দীঘিনালা এবং কক্সবাজারের চকরিয়ায় ভোট হবে।

    এর সঙ্গে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়েছে এমন উপজেলা পরিষদের উপনির্বাচন ও ১০ মার্চ করার প্রস্তাব করা হয়েছে। অন্তত অর্ধ শতাধিক পদত্যাগ অথবা মৃতজনিত কারণে উপনির্বাচন করতে হবে। এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    জানা যায়, আট বিভাগের উপজেলাগুলোকে চার দিনে চার ধাপে ভোট করা হবে। বাকিগুলো কবে মেয়াদোত্তীর্ণ হচ্ছে তা বিবেচনায় নিয়ে আরেকটি ধাপে রমজানের পর ভোট শেষ করা হবে। সেক্ষেত্রে ৫ ধাপে ভোট করা হচ্ছে। এবার উপজেলা ভোটেও ব্যবহার হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। জেলার সদর উপজেলায় পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে।

    এদিকে সংসদ নির্বাচনের পর দলীয় প্রতীকে উপজেলা ভোটে বিএনপির অংশগ্রহণ নিয়ে এখনও ঘোষণা আসে নি। এরই মধ্যে গুঞ্জন রয়েছে সংসদের ফল প্রত্যাখ্যানের পর দলটি উপজেলায় অংশ নেবে না।

    এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনের তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আগামী মে মাসের মধ্যে উপজেলার মেয়াদোত্তীর্ণ হবে। সেক্ষেত্রে স্থানীয় সরকারের ভোটে কে এলো কে এলো না তা ইসির বিবেচ্য বিষয় নয়।

    জানা যায়, বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে ৪৮০টিতে এবার ভোট হবে। বিভিন্ন সমস্যার কারণে ১২টি উপজেলায় এ বছর ভোট হবে না। সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে এর অধিকাংশগুলোতে ভোট হয়েছিল। আইনে মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন করতে হচ্ছে।

    ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে এক দিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন ইসি।

  • সদর উপজেলা নির্বাচনে সৈয়দ আহমদুল হকের প্রার্থীতা ঘোষনা

    প্রেস বিজ্ঞপ্তিঃ পইলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থীতা ঘোষনা করেছেন।

    গতকাল ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সৈয়দ আহমদুল হকের ৬৯তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান ও নির্বাচনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

    হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরুব্বীয়ান ও যুব সমাজের উপস্থিতিতে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বহুলা আটাশ এর সর্দার চৌধুরী আতাউর রহমান বাচ্চু মিয়া।

    বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হাফিজ আব্দুর রহমান গোবিন্দপুর, মোঃ রফিক মিয়া সর্দার ডেমেস্বর, মোঃ আব্দুল মন্নাফ সর্দার শরিফপুর, সৈয়দ মিয়া সর্দার রায়ধর, মাওঃ আতাউর রহমান রায়ধর, আব্দুল মন্নান সর্দার বহুলা, মতিন সর্দার বহুলা, ফরিদ মিয়া সর্দার শরিফপুর,

    নুর হোসেন শরিফপুর, হাজী সিদ্দিক আলী সর্দার পাঁচপাড়িয়া, শাহ আলম সর্দার উত্তর তেঘরিয়া, মোহাম্মদ আলী মমিন বানিয়াচং, লিয়াকত আলী তেঘরিয়া, সামছু মিয়া রিচি, আব্দুস সালাম সর্দার বহুলা, শুকুর সর্দার বহুলা, মানিক মেম্বার সইদপুর, মোঃ আওয়াল মিয়া অনন্তপুর, ইউনুস মেম্বার দিঘলবাক, রেজোয়ান মেম্বার উচাইল, মানিক মেম্বার কাটাখালি, তাজুল ইসলাম পইল,

    মোঃ বজলুর রহমান আতাব আউসপাড়া, রফিকুল ইসলাম মাস্টার দক্ষিণ, রমেশ দাশ, নিরঞ্জন দাশ, রফিকুল ইসলাম মেম্বার, রমিজ আলী, হায়দার আলী, কাইয়ূম মেম্বার, আব্দুল জলিল মিন্টু, মোস্তফা জামাল মেম্বার, পরশ মিয়া, দুলাল মিয়া, বশির মিয়া, ফজলুর রহমান ভাদৈ, মানিক মিয়া, মোঃ আলাউদ্দিন রাজিউড়া, সোবহান সর্দার ভংগুরহাটি,

    কাদির মেম্বার সোয়ারগাও, নায়েব আলী সর্দার চানপুর, আব্দুল কুদ্দুছ রেজভী উত্তর চতুল, গিয়াস উদ্দিন মেম্বার মাহমুদপুর, আব্দুল মুছাব্বির রুনু, আলাউদ্দিন বৈদ্যার বাজার, তাহের মিয়া বৈদ্যার বাজার, মোঃ আরজত আলী, তোফাজ্জল হক, সুজন মিয়া, আব্দুর রউফ, শামসুল হক দক্ষিন বেকিটেকা, শাকিল লস্করপুর প্রমুখ।

    জন্মদিন পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দ আহমদুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানান হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জি কে গউছ।

    সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দিঘলবাকের মাওলানা সৈয়দ শাহেদ আহমেদ। সভায় বক্তাগন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ আহমদুল হকের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।