Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ধর্ষণ মামলায় লন্ডন প্রবাসীর কারাদণ্ড

    নবীগঞ্জে ধর্ষণ মামলায় লন্ডন প্রবাসীর কারাদণ্ড

    নবীগঞ্জে ধর্ষণ মামলায় ইউসুফ আলী নামের এক প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মুহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী আসামিকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া।

    পেশকার মো. ফজলু মিয়া জানান, ১৯৯৮ সালের ২০ আগষ্ট নবীগঞ্জ উপজেলার বহরপুর গ্রামের এক নববধূকে লন্ডন প্রবাসী ইউসুফ আলী ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে নবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

    ঘটনার এক সপ্তাহ পর পুলিশ ওই আসামিকে আটক করে কোর্টে প্রেরণ করলে সে জামিনে মুক্তি পায়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে মামলাটি ঝুলে থাকে। এক কোর্ট থেকে অন্য কোর্ট পেরিয়ে বাদি বিচারের আশা প্রায় ছেড়ে দেন।

    অবশেষে বিজ্ঞ বিচারক ২০১৯ সালে মামলাটি দায়িত্ব পান এবং ১৪ ফেব্রুয়ারি এ রায় প্রদান করেন। এ সময় আসামি পলাতক ছিল। এরপর স্বাক্ষী প্রমাণ শেষে আসামিকে এ দণ্ডাদেশ দেয় আদালত।

    এতে বাদি পক্ষ খুশি হয়েছে। এতোদিন পর এসে বিচার পেয়েছে। পলাতক আসামি ইউসুফ আলী বহরপুর গ্রামের সফাত উল্লার ছেলে।

  • মাধবপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা

    মাধবপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা

    হবিগঞ্জের মাধবপুর কৃষি ব্যাংকের ভুয়া ঋণ বিতরণ করে ও গ্রাহকদের কাছ থেকে সুবিধা নিয়ে ঋণ দেয়ার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন উধ্বর্তন কর্তৃপক্ষ। বেড লোনের কারণে কয়েকজন কর্মকর্তার নামে কৃষি ব্যাংকের হেড অফিস থেকে এ মামলাটি হয়।

    মাধবপুর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ মোস্তফা জামান জানান, মাধবপুর কৃষি ব্যাংক থেকে পূর্বে অনেক বেড লোন দেয়া হয়েছে। বিশেষ করে ২০০৭-২০১৪ সালের মধ্যে ব্যাপক বেড লোন দেয়া হয়। এ সময় কিছু কর্মকর্তা-কর্মচারি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ঋণ পরিশোধ না করায় ৬৯ জন গ্রাহকের নামে মামলা করা হয়েছে। তাছাড়া ঋণ পরিশোধ করতে ৪ হাজারের মত গ্রাহককে নোটিশ করা হয়েছে।

    তিনি বলেন, ‘এমন কিছু ব্যক্তিকে লোন দেয়া হয়েছে যাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ৪ জন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ মামলার ফলে অভিযুক্তরা কোন পেনশন সুবিধা পাবে না। তবে কোন কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে তিনি বলতে রাজি হননি।

  • সম্প্রতি বজায় রেখে কাজ করবে হবিগঞ্জ পৌরসভা

    সম্প্রতি বজায় রেখে কাজ করবে হবিগঞ্জ পৌরসভা

    সকল ধর্মের মানুষকে সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীত অটুট রেখেই হবিগঞ্জ পৌর পরিষদ কাজ করবে বলে জানিয়েছে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।

    গতকাল সোমবার রাতে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় ব্রহ্মাজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী ধীরেন্দ্র চক্রবর্তী সাধু বাবার ১০২তম জন্মোৎসবে প্রধান অতিথি’র বক্তৃতায় একথা জানান।

    উৎসবের শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। এরপর তিনি তার বক্তৃতায় পৌরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপ্পু, বিশ্বজিৎ বণিক চন্দন, পার্থ প্রতীম দাশ, স্বপন লাল বণিক প্রমুখ। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমের কৃতজ্ঞতা প্রকাশ

    নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমের কৃতজ্ঞতা প্রকাশ

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম তাকে বিজয়ী করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বিগত একটি মাস আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন উপজেলা আওয়ামী পরিবারের নেতাকর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    দলের বাইরেও জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, ব্যবসায়ী, সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গন ও পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশ-বিদেশে থাকা হবিগঞ্জবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

    সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মেয়র সেলিম বলেন, নির্বাচনে পৌর এলাকার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লার সর্দারবৃন্দ, মুরুব্বীয়ান, যুব সমাজ, ছাত্রসমাজসহ আওয়ামী পরিবারের যে সকল নেতাকর্মী ২৪টি কেন্দ্র কমিটিতে দায়িত্ব পালন করে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে যে কেন্দ্রগুলোতে আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন তাঁদের ঋণ পরিশোধযোগ্য নয়।

    এছাড়াও ১নং ওয়ার্ডের তিনটি সেন্টারে যারা আমাকে ভোট দিয়ে সাহস ও শক্তি যুগিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

    তিনি সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে যারা দায়িত্বপালন করেছেন সেই সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আতাউর রহমান সেলিম বলেন, জনগণ আমাকে ভোট ও ভালবাসা দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের প্রত্যাশায়। আমি বর্তমান সরকারের উন্নয়নের মূল ধারাতে হবিগঞ্জ পৌরসভাকে এনে আধুনিক পৌরসভায় রূপান্তর করব ইনশাআল্লাহ। কাজের মাধ্যমেই জনগণের ভালবাসার প্রতিদান দিতে চাই।

  • নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতৃবৃন্দের পাশে উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী

    নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতৃবৃন্দের পাশে উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী

    হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে সহিংসতায় আহত বানিয়াচং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দর চিকিৎসার খোজ খবর নিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    আহত নেতৃবৃন্দদেরকে দেখতে ও তাদের চিকিৎসার খবর নিতে ১ মার্চ সোমবার সাড়ে ৩টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে যান কাসেম চৌধুরী।

    এ সময় তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ ও উপজেলা যুবলীগের সদস্য কাওসার আহমেদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোজ খবর নিয়েছেন।

    আহত যুবলীগ নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজন অতর্কিতভাবে হামলা করে তাদেরকে আহত করেছেন।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সাথে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারন সম্পাদক খলিলুর রহমান, শেখ জোবায়ের জসিম প্রমূখ।

  • হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

    হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

    অদ্য ০১ লা মার্চ ২০২১খ্রিঃ ১১.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্র জেলার সকল পুলিশ ইউনিটের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মাহমুদুল হাসান এর সঞ্চলনায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ এর আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

    উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম সভাপতিত্ব করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার, হবিগঞ্জ।

    এছাড়া হবিগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব আনোয়ার হোসেন, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম, ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার, হবিগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শৈলেন চাকমা, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মোঃ সেলিম, মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার জনাব মহসীন আল মুরাদ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য পিএসআই/ফরিদ আহমেদ, এএসআই(নিঃ)/৭৪ তৌফিক আহমেদ, ড্রাইভার কনস্টেবল/১৭৫ আবুল খায়ের, কনস্টেবল/৭০৪ আব্দুল বারিক, কনস্টেবল/৫১০ মিরাস উল্লাহ, কনস্টেবল/৭৪৫ আবসার উদ্দিন ও কনস্টেবল/৪৯৮ শ্রী শ্যামল চন্দ্র দেবগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিবৃন্দসহ হবিগঞ্জ এর বিভিন্ন পুলিশ ইউনিট হতে আগত অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি র‌্যালী পুলিশ লাইন্স হতে শুরু হয়ে ধুলিয়াখাল পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

    হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত
    র‍্যালির ছবি।

    পরে অতিথিবৃন্দ পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

    হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত
    পুষ্পস্তবক অর্পণ করার মূহুর্তে।

    প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ ও সকল পুলিশ ইউনিট হতে আগত বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দদেরকে শুভেচ্ছা জ্ঞাপন এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উদ্যাপনের মাধ্যমে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    তিনি বলেন মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মাসের ২৫শে মার্চ কালরাত্রিতে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তুলে। সে থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন।

    কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ অফিসারগণকে আন্তরিকতা ও পেশাদারিত্বের মন-মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

    কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য পিএসআই/ফরিদ আহমেদ, এএসআই(নিঃ)/৭৪ তৌফিক আহমেদ, ড্রাইভার কনস্টেবল/১৭৫ আবুল খায়ের, কনস্টেবল/৭০৪ আব্দুল বারিক, কনস্টেবল/৫১০ মিরাস উল্লাহ, কনস্টেবল/৭৪৫ আবসার উদ্দিন ও কনস্টেবল/৪৯৮ শ্রী শ্যামল চন্দ্র দেবগণের পরিবারের সদস্যগণের হাতে পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করা হয়।

    হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত
    উপহার সামগ্রী প্রদান করার মূহুর্তে।

    অনুষ্ঠানের সভাপতি হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম সমাপনী বক্তব্যে আগত আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিহত পুলিশ সদস্যগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন তাদের পরিবারের সদস্যগণের যে কোন প্রয়োজনে পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে থাকবে।

  • নব নির্বাচিত মেয়র কে শুভেচ্ছা জানিয়েছে জেলা আওয়ামী লীগ

    নব নির্বাচিত মেয়র কে শুভেচ্ছা জানিয়েছে জেলা আওয়ামী লীগ

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে অভিনন্দন ও পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। একই সঙ্গে তাঁরা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন।

    নির্বাচনী ফলাফল ঘোষণার পর রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

    বিবৃতিতে তাঁরা উল্লেখ করেছেন, হবিগঞ্জ পৌরবাসী আবারও স্বাধীনতার প্রতীক নৌকায় আস্থা রেখেছেন। তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি ভালবাসা দেখিয়েছেন। এজন্য পৌরবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র কাজের মাধ্যমেই ভালবাসার মর্যাদা রক্ষা করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    তারা বিবৃতিতে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে অভিনন্দন এবং দিনরাত নির্বাচনী কাজ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করায় আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।