Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ১৫০ কেজি গাঁজা উদ্ধার

    করাঙ্গীনিউজ: হবিগঞ্জের মাধবপুরের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার সকালে ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রাম থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে।

    ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রশিদ জানান-ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল অভিযান চালিয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করা যায়নি ।

    বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

     

  • মেয়রবিহীন হবিগঞ্জ পৌরসভা

    করাঙ্গীনিউজ: জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি.কে গউছ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় মেয়র পদ থেকে পদত্যাগ করলে মেয়রবিহীন হয়ে পড়ে পৌরসভা। এমনকি এখন পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত মেয়রও করা হয়নি। ফলে ব্যাহত হচ্ছে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম।

    পৌর নাগরিকগণ পৌরসভায় বিভিন্ন সেবা পেতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন বারবার।
    অতীতেও মেয়র না থাকায় প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেয়া হতো। ভারপ্রাপ্ত মেয়র পৌরসভার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন।

    পৌরসভা থেকে বলা হয় মেয়রের দায়িত্বে কেউ না আসা পর্যন্ত এখন কোন সেবা দেয়া সম্ভব হবে না। তবে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

    পৌরসভা সূত্র জানায়, গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে মেয়র জি কে গউছ পদত্যাগপত্র জমা দেন।

    স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সফিউল আলম বলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব বরাবরে আবেদন করে পদত্যাগ করেছেন। নিয়মমাফিক তা গৃহিত হবে, তবে এব্যাপারে পরবর্তীতে কোনো সিদ্ধান্তের চিঠি আমাদের কাছে আসেনি।

    একটি সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় জি কে গউছের পদত্যাগপত্র গ্রহণ করলে তারা নির্বাচন কমিশনকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়ে দেবে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন মেয়র পদশূন্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণ না করলে পৌরসভার মেয়র হিসেবে জি কে গউছ বহাল থাকবেন।

    মেয়র জি কে গউছ বলেন, রিটার্নিং অফিসারসহ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেও তারা আমাকে জানিয়েছিলেন মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশনের মৌখিক নির্দেশেই আমি পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছি।

  • আ’লীগের উন্নয়নের কথা মনে রেখেছে জনগণ

    নিজস্ব প্রতিনিধি: আরটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘গোলটেবিল’ বুধবার রাত ১১টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। বিষয় ছিল রাজনীতির ভবিষ্যত। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা ৩য়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে প্রায় ৬ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো নির্বাচন নিরপেক্ষ হওয়ায় এগুলোতে বিএনপি’র প্রার্থীরাও বিজয়ী হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনটিও ছিল অত্যন্ত উৎসবমুখর। এর আমেজ ছিল সারাদেশ জুড়ে। বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন। বিএনপির জনপ্রিয়তা না থাকায় তারা নির্বাচিত হতে পারেনি।

    তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে ১ হাজার ভোটের ব্যবধানেও বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ ইচ্ছে করলেই সেখানে কারচুপি করে জয় পক্ষে নিয়ে আসতে পারতো। কিন্তু আমরা তা করিনি। হবিগঞ্জে ২০০৮, ২০১৪ এবং এবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের জনপ্রিয়তার উদাহরণ দিয়ে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনে বিএনপি’র জয় হয়েছে, আবার পরাজয়ও হয়েছে। নির্বাচিত না হতে পারলেই তারা মিথ্যা অভিযোগ করে। অতীতে বিএনপি’র আগুন সন্ত্রাসের কথা জনগণ ভুলে যায়নি। আর আওয়ামী লীগের উন্নয়নের কথাও দেশবাসী মনে রেখেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ নৌকায় ভোট দিয়েছে।

    রোবায়েত হোসেনের সঞ্চালনায় রাজনীতির ভবিষ্যতে শিরোনামে গোলটেবিল অনুষ্ঠানের অন্যান্যের মাঝে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী উপস্থিত ছিলেন।

  • আজমিরীগঞ্জে দূর্নীতি বিরোধী আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ,এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজমিরীগঞ্জে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এছাড়াও উপজেলার সৌলরী এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁনে বিদ্যালয়ের আয়োজনে সততা ষ্টোর এর উদ্বোধন করা হয়।

    বুধবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামাউন বখতিয়ার, সাধারন সম্পাদক মাষ্টার আহসান মোস্তফা, চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মর্তুজ আলী (চাঁন মিয়া), মাস্টার ইছা মিয়া,শিক্ষক মোঃ আছকির মিয়া, দাতা সদস্য মোঃ ধন মিয়া, ইউপি ও ম্যানেজিং কমিটি সদস্য মোছাঃ আমিনা খাতুন।

    সৌলরী এস,ই,এস,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জাক্কির হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন- শিক্ষক বকুল চৌধুরী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

  • শায়েস্তাগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেছা জেলা শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।

    হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, দুদিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাটে বেড়াতে যায়।

    বেড়ানো শেষে বুধবার দুপুরে তার ছেলে সামি আহমেদের সঙ্গে মোটরসাইকেলে হবিগঞ্জে আসার পথে পথিমধ্যে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

    পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • আজমিরীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালছৈও বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার সকালে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে সীমা ফার্মেসীকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে মা টেলিকম এন্ড কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    ওজনে কম দেওয়ার দায়ে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাড়ি পাল্লা ও বাটখারা জব্দ করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কাকালছৈও নৌ-ফাড়ি পুলিশের একটি টিম।

    অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

  • চুনারুঘাটে যুবতীর লাশের পরিচয় সনাক্ত

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড় থেকে যুবতীর লাশ উদ্ধারের তিন দিন পর পরিচয় পাওয়া গেছে।

    বুধবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- এঘটনায় নিহতের মা সন্ধ্যা রানী বাদী হয়ে চুনারুঘাট থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এর আগে মঙ্গলবার (৮ জানুয়ারী) বিকেলে চুনারুঘাট থানায় নিহতের মা সন্ধ্যা রানী সরকার লাশের ছবি দেখে সনাক্ত করেন।

    নিহত যুবতী শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের নিরঞ্জন সরকারের কন্যা সুমা রানী সরকার (২৫)।

    এর আগে ৬ জানুয়ারি উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে অজ্ঞাত যুবতীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। যুবতীর পরনে নীল রঙের শাড়ি ও কপালে সিদুর ছিল।