Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওছার মিয়া (৩২) নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক কাওছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপের হেলপার, সিএনজি চালক ও ট্রাকচালক গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল ৭টার দিকে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!