Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের লাখাই উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। এছাড়া দাঙ্গা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিট পুলিশিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব উদ্যোগের ফলে পবিত্র ঈদুল আজহার আগে ও পরে উপজেলায় কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি।

সভায় বক্তারা বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো এবং গত মাসের তুলনায় আরও উন্নত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় বুল্লাবাজারে যানজট নিরসন, নির্ধারিত বাসস্ট্যান্ড নির্মাণ, ২০০৭ সালে নির্মিত মাল্টিপারপাস শেড ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ প্রদান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের শনাক্তকরণ এবং বলভদ্র সেতুতে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!