Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে রাতের আধারে একটি পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ দরবার শরীফের ভেতরে অবস্থিত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর পূর্ব-পশ্চিম রওজা মাজারের পশ্চিম পাশে থাকা একটি পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুড়ারবন্দ গ্রামের মৃত রুশন আলীর ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল (৬৮), মো. আব্দুল রাজ্জাক (৫০), শাহীন মিয়া (৪০), মর্তুজ আলী (৪৫), পরশ আলী (৩৮), আল-আমিন (২৮), রুহুল আমিন (৩০), কুরুল আমিন (২৫), নুর আলী (২৩), আবুল খায়ের (২২) সহ আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি।
অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, পিকল, লোহার সাবুল ও লাঠিসোঁটা নিয়ে দরবার শরীফে প্রবেশ করে ঐতিহ্যবাহী পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে জোরপূর্বক মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু করে।
পরে মাজারে জিয়ারত করতে আসা আশেকান ভক্তরা বিষয়টি দেখতে পেয়ে দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমদের অবগত করেন। এ সময় তারা বাধা দিলে অভিযুক্তরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর বুধবার ভোরে আবারও রাস্তায় মাটি ফেলার চেষ্টা করা হয়।
অভিযোগকারী জানান, প্রায় সাত শতাধিক বছরের ঐতিহাসিক এই দরবার শরীফে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-সহ বহু ওলি-আউলিয়া ও পীর-দরবেশের মাজার রয়েছে। মাজারের ভেতর দিয়ে রাস্তা তৈরি হলে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।