Enter your email address below and subscribe to our newsletter

ভোটের দিন ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান তারেক রহমানের

Share your love

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোরেই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভোটের দিন ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে আদায় করতে হবে এবং ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য যারা রাজপথে জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি সম্মান জানাতে হলে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, ভোটকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র চলছে। প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট দখলের চেষ্টা, ভোট কেনাবেচা এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করে টাকা পাঠাচ্ছে-এমন তথ্য পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। যারা নির্বাচনের আগেই অসৎ কাজে লিপ্ত, তারা কখনো সৎ শাসন কায়েম করতে পারে না।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় তারেক রহমান হবিগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব জিকে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সংশ্লিষ্ট আসনের প্রার্থীরাও বক্তব্য দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সভাস্থলে পৌঁছে তারেক রহমান মঞ্চেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!