Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বিএনপির প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থক আকবর মিয়ার পক্ষের লোকজন ও একই দলের আরেক সমর্থক মোর্শেদ মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় আজ উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীরা জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে, যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোন ও সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।