Enter your email address below and subscribe to our newsletter

পানিউমদা ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় জামিল আহমদ

Share your love

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি, বড়চর গ্রামের বাসিন্দা জামিল আহমদের নাম স্থানীয়ভাবে আলোচনায় উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয় জনগণের মধ্যে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।

ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় খোঁজ নিয়ে জানা যায়, সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন সামাজিক আড্ডায় স্থানীয় উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ নেতৃত্বের প্রসঙ্গ উঠলে অনেকেই জামিল আহমদের নাম উল্লেখ করছেন।

এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি ও তরুণ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামিল আহমদকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। তাদের মতে, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, পানিউমদা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা ততই বাড়ছে।

Share your love
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 65

Stay informed and not overwhelmed, subscribe now!