Close
Optional callout text
Hello World!

পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে শনিবার (৩১ আগস্ট) ১৪৪১ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ থেকে শুরু হয়েছে পবিত্র মহররম মাস, হিজরি নতুন বর্ষ।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সভায় তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১০ সেপ্টেম্বর আশুরা পালিত হবে।

হিজরি সনের প্রথম মাস মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া মুসলিমরা বিশেষভাবে আশুরা পালন করে।

হিজরি ৬১ সালের পবিত্র আশুরার দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। কারবালার ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

scroll to top