Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের লাখাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জিকে গউছ।
সভায় লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জিকে গউছ বলেন, লাখাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুষম উন্নয়ন এবং সকল প্রকার বৈষম্য দূরীকরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এছাড়া শিক্ষার উন্নয়ন, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন এবং উপজেলার নদী-নালা, খাল-বিল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, সভায় যোগ দিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং উপজেলা কর্মচারী ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জিকে গউছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।