Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে দুর্বৃত্তরা ৬ জন পাহারাদারকে হাত-পা বেঁধে ফেলে বাগানের ৩টি বড় ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।
জানা যায়, চোরচক্র ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান কয়েল, তামার তার ও তেল নিয়ে যায় এবং বাকি অংশ ফেলে রেখে যায়। বাগান ব্যবস্থাপক সোহাগ আহমেদ জানান, এর আগেও রমজান মাসে একই ধরনের চুরির চেষ্টা হয়েছিল, তবে পাহারাদারদের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান থেকে ৬টি এবং লাল চান্দ চা বাগান থেকে আরও ২টি ট্রান্সফরমার একই কায়দায় চুরি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার থানায় জানানো হলেও পুলিশ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সূত্র জানায়, ২-৩ বছর আগেও এ ধরনের চক্রের সদস্যরা ধরা পড়েছিল। সম্প্রতি জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ৩ জন চোর নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে এবং পরে তারা চোরাই মালামাল স্থানীয় ভাঙ্গারী দোকানে বিক্রি করে।
স্থানীয়দের দাবি, ভাঙ্গারী দোকানগুলোতে নিয়মিত অভিযান চালালে এসব চোরচক্র ধরা সম্ভব। তবে অভিযোগ রয়েছে, লাইসেন্সবিহীন এসব দোকান দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছে।