Enter your email address below and subscribe to our newsletter

ঢাকা-সিলেট মহাসড়কে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Share your love

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাগরদিঘির পশ্চিমপাড় মহল্লার বাসিন্দা শামিমা আক্তার (৪৫) ও তার চার বছরের ছেলে তকি।

পরিবার সূত্রে জানা যায়, নিহত শামিমা আক্তার তার স্বামী সৈয়দ আলী মিয়ার সঙ্গে নবীগঞ্জ উপজেলার দিনারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে দিনারপুর কলেজের সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, দিনারপুর কলেজের সামনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দীর্ঘদিন ধরে এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!