Home আজমিরীগঞ্জআজমিরিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ,দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

আজমিরিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ,দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

০ comments

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মধ্যরাতে গুদামজাত করে ট্রাকে পাচার কালে ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এসময় অবৈধভাবে সয়াবিন মজুদকারী ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আজমিরীগঞ্জ পৌরসভার লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিন তেল গুদামজাত করার খবর পায় পুলিশ৷ রাত ১২ টার দিকে মজুদকৃত সয়াবিন তেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাকে ( ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে। গোপনসূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে সয়াবিন তেল ভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম। পর গুদামের তালা খুলে বিপুল পরিমাণ সয়াবিন তেল ভর্তি কার্টুন দেখতে পায়। খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে ছুঁটে আসেন। এসময় অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়৷ অভিযানকালে আজমিরিগঞ্জ পৌরসভার সমীপুর গ্রামের বাসিন্দা মৃত- নিধু রায়ের পুত্র ব্যবসায়ী সুমন রায় (৩৪) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যের পুত্র নেপাল শুক্লবৈদ্য (৩২) কে আটক করে পুলিশ। আটককৃত ওই দুই মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মানবকন্ঠকে জানান, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, লাল মিয়া বাজার থেকে মজুদকৃত সয়াবিন তেল পাচার করা হচ্ছে। খবর পেয়ে রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাজারের একটি গুদাম থেকে সয়াবিন তেল ট্রাকে লোড করার সময় হাতে-নাতে ধরা হয়।
পরে গোডাউন থেকে ৫ লিটারের ৬৬৫টি বোতল এবং ১ লিটারের ১২৪৮টি বোতল জব্দ করা হয়। পরে সেগুলো ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

তিনি বলেন, ‘ব্যবসায়ী সুমন রায় ও
নেপাল শুক্লবৈদ্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷

You may also like