Home আলোচিত সংবাদআজ থেকে শুরু হল বি.জি.এম.ই.এ ভবন ভাঙার কার্যক্রম

আজ থেকে শুরু হল বি.জি.এম.ই.এ ভবন ভাঙার কার্যক্রম

by Habiganj News 24
০ comments

অবশেষে ভাঙা হচ্ছে হাতিরঝিলে গড়ে উঠা তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বি.জি.এম.ই.এ এর পরিত্যক্ত ভবনটি। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন।

তিনি জানান, বি.জি.এম.ই এ ভবন ভাঙার কার্যক্রম বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।

বহুল আলোচিত-সমালোচিত এ বহুতল ভবন ভাঙার কাজ পেয়েছে ‘ফোর স্টার’ গ্রুপ। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।

প্রথমে ভাবা হয়েছিল এক্সপ্লোরেশনের মাধ্যমে ভবনটি গুঁড়িয়ে দেয়ার। কিন্তু পরে সিদ্ধান্ত হয় সনাতন পদ্ধতিতে ভাঙার। এতে ভবনে ব্যবহৃত কয়েক কোটি টাকার রডসহ বিভিন্ন দামি সরঞ্জাম রক্ষা পাবে বলে জানায় রাজউক।

পানিপ্রবাহ রোধ করে গড়ে ওঠা এ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করে হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে এটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।

সর্বোচ্চ আদালত রায় দেয়ার পর ভবন ভাঙতে কয়েক দফা সময় নিয়ে প্রায় সাত বছর পার করে বিজিএমইএ। সবশেষ আদালতের দেয়া সাত মাস সময়সীমা গত বছর ১২ এপ্রিল শেষ হয়। এরপর ১৫ এপ্রিল বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে এক দিন সময় বেঁধে দেয় রাজউক। পরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিলে বিজিএমএইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজউক।

You may also like