Close
Optional callout text
Hello World!

হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দুর্বৃত্তদের হামলায় আহত

জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী (৪০) কে প্রকাশ্যে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় অন্তরদ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ১ জন আটক করেছে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
আহতসহ বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি নিয়ে একটি পক্ষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। বঞ্চিতদের ধারণা এ কমিটি গঠনে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর ভূমিকা রয়েছে। বিপ্লব রায় জানান, গতকাল বুধবার বেলা ২টার দিকে তিনি শহরের চিড়াাকন্দি এলাকায় পৌছুলে দিলোয়ার খানসহ কয়েকজন তার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। তার আত্ম চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তারা এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিকাল ৪ টায় থানার মুখ থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঘটনার খবর পেয়ে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দেলোয়ারসহ হামলাকারীদের গ্রেফতারে শহরে ও তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ারের ভাই আলী ইমন খান (২৫) কে আটক করা হয়।
ওসি মাসুক আলী জানান, ঘটনার খবর শুনেই আমরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করি। ইতিমধ্যে ১ জনকে আটক করা হয়েছে।

scroll to top