Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাকের মধ্যে পাথরের নিচে লুকানো ভারতীয় পণ্য পাচারের সময় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও যানবাহন জব্দ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাতব্যাপী সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে সেনাবাহিনীর সহযোগীতায় এসব মালামাল জব্দ করেছে ৫৫ বিজিবি।
রবিবার ( ৭ সেপ্টেম্বর) বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালায় যৌথ বাহিনী৷
এ সময় শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের আগাম খবর পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক অভিযানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার টাকা।
একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় আরও ৪টি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামী শাড়ি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর মোট ৯টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের মূল্য প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন- সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জনগণের আস্থার প্রতীক, তাই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”