Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে পৃথক দুই অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। একই সঙ্গে একজন শিশুসহ দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সদর দপ্তর সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলার দুটি স্থানে অভিযান চালায়।
প্রথম অভিযানে রাত ৭টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ সদর থানার লস্করপুর ইউপির রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান আসামি মো. রুমান মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত রুমান মিয়া নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মো. ছুপু মিয়ার ছেলে।
এছাড়া দ্বিতীয় অভিযানে রাত ১১টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উত্তর পশ্চিম ইউপির তকবাজখানি এলাকায় অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানায় দায়ের করা ৭ম শ্রেণির ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জয় মিয়া (২০) কে গ্রেফতার করা হয়।
তিনি চুনারুঘাট উপজেলার জলিলপুর গ্রামের তৌফিক মিয়ার ছেলে। এসময় উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকেও।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।