Home আলোচিত সংবাদসরকারি ফি ৫০ টাকা, কিন্তু নেয়া হয় ২০০ টাকা

সরকারি ফি ৫০ টাকা, কিন্তু নেয়া হয় ২০০ টাকা

by Habiganj News 24
০ comments

সরকারি নিয়মানুযায়ী শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফ্রি। ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম থাকলেও উল্টো নিয়মে চলছে বড়গুনার সোনাকাটা ইউনিয়ন পরিষদ সচিব আক্তারুজ্জামানের আইন।

প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে জন্মসনদের অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন সচিবের বিরুদ্ধে। শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবার গুলো।

ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের মো. আব্বাস উদ্দিন ও মো. আফজাল হোসাইন বলেন, ২ বছরের শিশুর ২০০ টাকা কমে জন্ম সনদ দেওয়া যাবে না বলে জানান ইউপি সচিব। তাই বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে জন্মসনদ নিয়েছি।

তবে ইউনিয়নে এ অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ইউপি সচিব আক্তারুজ্জামান জন্মনিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা।

এ বিষয় অভিযুক্ত ইউপি সচিব এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে তিনি অতিরিক্ত জন্মনিবন্ধন ফি আদায় করছেন বলে স্বীকার করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. সুলতান ফারাজী বলেন, এ বিষয়টি দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, ‘অবৈধভাবে টাকা আদায়ের অনুমতি দেয়ার প্রশ্নই ওঠে না। এমন কিছু সে করে থাকলে তাকেই এর দায়ভার বহন করতে হবে। এ নিয়ে খোঁজখবর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

You may also like