Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Share your love

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরের বিভিন্ন হাটবাজার, সড়ক ও ফুটপাতে জমজমাট হয়ে উঠেছে ইফতার সামগ্রীর বেচাকেনা। তবে এসব ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে চরম অস্বাস্থ্যকর ও ধুলাবালিময় পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, দাউদনগর বাজার রেলগেইট সংলগ্ন এলাকা, স্টেশন রোড, ড্রাইভার বাজার, পুরান বাজার ও হাসপাতাল সড়কসহ অধিকাংশ স্থানে খোলা অবস্থায় রাখা হয়েছে পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মিষ্টি, ছোলা, খেজুর, পোলাওসহ বিভিন্ন ইফতার সামগ্রী। খাবার ঢেকে রাখার কোনো কার্যকর ব্যবস্থা নেই। কোথাও কোথাও নামমাত্র পলিথিন ব্যবহার করা হলেও তা স্বাস্থ্য সুরক্ষার জন্য যথেষ্ট নয়।

এসব দোকানের পাশে অবিরাম চলাচল করছে রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাক্টর, মোটরসাইকেল, প্রাইভেটকার, নোহা, হাইএক্সসহ বিভিন্ন যানবাহন এবং একইসঙ্গে চলাচল করছে ট্রেন। ফলে যানবাহনের ধোঁয়া, বিষাক্ত বাতাস ও ধুলাবালি সরাসরি খাবারের ওপর জমছে। এতে এসব খাবার গ্রহণকারীরা বিভিন্ন সংক্রামক রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া কিছু অসাধু হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে। খোলা আকাশের নিচে ত্রিপল বা পলিথিন টাঙিয়ে রাখা হচ্ছে বিভিন্ন খাবার। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী মিষ্টি জাতীয় খাবারে কৃত্রিম রং ব্যবহার করছেন। এমনকি বিক্রি না হওয়া খাবার ফ্রিজে সংরক্ষণ করে পরদিন গরম করে আবার বিক্রি করার ঘটনাও ঘটছে।

স্থানীয় সচেতন মহলের মতে, ভ্রাম্যমাণ আদালত মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে জরিমানা করলেও অনেক ব্যবসায়ী নির্দেশনা মানছেন না। তারা নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!